গণমাধ্যমের দায়বদ্ধতা জনগণের কাছে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, ‘তথ্যনির্ভর সমাজ গড়তে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারও তাই গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আমরা মনে করি, গণমাধ্যমের দায়বদ্ধতা জনগণের কাছে। জনগণের কথা চিন্তা করেই আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করা উচিত। এর মাধ্যমে দেশ ও জনগণ এগিয়ে যাবে।’আজ সোমবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বেসরকারি এফএম রেডিও এবিসির তৃতীয় বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি এবিসি রেডিওর নতুন লোগোও উন্মোচন করেন।তথ্যমন্ত্রী সাংবাদিকদের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা মুক্তিযুদ্ধ এবং দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কথা চিন্তা করে সংবাদ পরিবেশন করুন। গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা চাই, গণমাধ্যম সরকারের যৌক্তিক সমালোচনা করুক, যা সরকার, দেশ ও জাতির উপকারে আসে।’অনুষ্ঠানে এবিসির পরিচালনা পরিষদের চেয়ারম্যান লতিফুর রহমান বলেন, ‘সঠিক তথ্যনির্ভর সংবাদ সকলের কাছে পৌঁছাবে, এটাই আমাদের চাওয়া।’পরিচালনা পরিষদের পরিচালক ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ, স্বাধীন ও দলনিরপেক্ষ। এবিসি রেডিও এই নীতিতে বিশ্বাস করে।’ তিনি বলেন, ‘এফএম রেডিওগুলোর মধ্যে এবিসি সবচেয়ে নবীন। কিন্তু সবচেয়ে জনপ্রিয়। ভাষার কোনো রকম বিকৃতি ছাড়াই এবিসি চলে। এভাবে আমরা আমাদের মাতৃভাষা রক্ষা করতে চাই।’এবিসির বার্তা ও অনুষ্ঠান প্রধান মো. সানাউল্লাহ বলেন, ‘এবিসি শুরু থেকেই তার চলনে-বলনে একটি কথাই বলে, তা হলো বাংলার আওয়াজ। আমরা ভবিষ্যতেও এ চেতনায় চলব।’