গণমাধ্যমের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার ঘোষণা সুরঞ্জিতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যরাতের অর্থ কেলেঙ্কারির ঘটনায় গাড়িচালক আজমের বক্তব্য প্রচার করার কারণে গণমাধ্যমের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার ঘোষণা দিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।গতকাল বুধবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমার পরিবার ও আমার সুনাম রক্ষার জন্য আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। রাজনীতি-বিদদের যেমন আমলনামা রয়েছে, তেমনি মিডিয়ার মালিকদেরও আমলনামা রয়েছে। আমার ও আমার নিরপরাধ পরিবারকে রক্ষার জন্য কতিপয় গণমাধ্যমের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে আমি বাধ্য হচ্ছি।’ তবে কখন এবং কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন, সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি। সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খানের সাক্ষাৎকার প্রচার করা হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে। সেই সূত্রে বিভিন্ন পত্রিকায়ও তা প্রকাশ করা হয়। আজম দাবি করেছেন, ওই রাতে ধরা পড়া অর্থ তখনকার রেলমন্ত্রী সুরঞ্জিতের বাসায় যাচ্ছিল। অনেক দিন নিরুদ্দেশ থাকা আজমের এই দাবির পরিপ্রেক্ষিতে সুরঞ্জিত সেনগুপ্ত গতকালের সংবাদ সম্মেলন ডাকেন। সংবাদ সম্মেলনে তিনি আবারও দাবি করেন, গত ৯ এপ্রিল মধ্যরাতের অর্থ কেলেঙ্কারির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। আরটিভিতে আজম খানের সাক্ষাৎকার প্রচারের মধ্যে চক্রান্ত, ষড়যন্ত্র ও রাজনীতিকদের চরিত্র হননের বিষয় আছে বলে মনে করেন তিনি। সুরঞ্জিত সেনগুপ্ত চালক আজমের দেওয়া বক্তব্য তাঁর নিজের কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, চালক আজমকে রেলের এবং দুদকের তদন্তে এসে সাক্ষ্য দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু তিনি আসেননি। সুরঞ্জিত প্রশ্ন করেন, ‘এত দিন কার হেফাজতে ছিলেন? কীভাবে ছিলেন? কীভাবে জীবিকা নির্বাহ করেছেন? একবারও কি আপনাদের মনে এসব প্রশ্ন আসেনি?’ আজম সম্পর্কে সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘একটা সহজ-সরল ড্রাইভার। হঠাৎ তাঁর সোরত বদলাইয়া ফালাইছে। ভাষা বদলাইয়া ফালাইছে। রাজনীতির ভাষায় কথা বলছে। এর পেছনে কারা আছে? এটার উন্মোচন আপনারা করেন।’৯ এপ্রিলের অর্থ কেলেঙ্কারির পর সুরঞ্জিত সেনগুপ্ত একাধিকবার বলেছিলেন, চালক আজমকে তিনি চেনেন না। কখনোই তিনি তাঁকে দেখেননি। আজম খানের সাক্ষাৎকারের বিষয়ে সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘রাজনীতিবিদদের চরিত্র হনন, কোণঠাসা করা এবং জনমনে হেয় করার জন্যই এই কাজ করা হয়েছে। আমি এর প্রথম শিকার নই। তবে এটা ঠিক, আমি সর্বশেষ শিকারও নই। এর পরও রাজনীতিবিদদের চরিত্র হনন হবে।’ তিনি দাবি করেন, রামুর সাম্প্রদায়িক ঘটনা, তাঁর দপ্তরবিহীন মন্ত্রিত্বের বিরুদ্ধে হাইকোর্টে রিট, পদ্মা সেতু প্রকল্প নিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে চালক আজমের বক্তব্যের সংযোগ রয়েছে।আপনি একজন মন্ত্রী, আপনার সরকারকে এর রহস্য উন্মোচন করতে না বলে গণমাধ্যমকে কেন বলছেন? এমন প্রশ্নের জবাব সুরঞ্জিত সেনগুপ্ত এড়িয়ে যান। এর আগে আপনি আজমের বক্তব্যের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা আছে বলে অভিযোগ করেছিলেন। এই বিষয়ে সরকার বা পাকিস্তান হাইকমিশনে প্রতিকার চাইবেন কি না, জানতে চাইলে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমি তো বলেছি, জাতীয়-আন্তর্জাতিকভাবে চক্রান্ত হচ্ছে। বঙ্গবন্ধু হত্যা, জাতীয় চার নেতার হত্যা এবং ১/১১ কি বন্ধ করতে পেরেছি?’আজমের এই ভিডিও ফুটেজ ধারণের সময়কাল নিয়ে প্রশ্ন তুলে এই রাজনীতিক বলেন, ‘বসন্তের ফুল দেখানো হয় বর্ষায়। আর বর্ষার কদম ফুল বসন্তে। আজমের সাক্ষাৎকার নেওয়ার জায়গায় কৃষ্ণচূড়া ফুল দেখা গেছে।’ সুরঞ্জিত বলেন, ক্রিকেট খেলায় বোলার ব্যাটসম্যানকে আউট করলে বা আউটের সন্দেহ হলে ‘বেনিফিট অব ডাউট’ ব্যাটসম্যানের পক্ষে যায়। তিনি এটা পেতে পারতেন বলে মনে করেন। তাঁর প্রতি সুবিচার করা হয়েছে কি না, সেই প্রশ্ন করেন সাংবাদিকদের কাছে।সংবাদ সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত নিজেই উল্লেখ করেন, আজমের বক্তব্যের পর অনেকে তাঁকে পদত্যাগ করতে বলেছেন। এই বিষয়ে তিনি বলেন, ‘তদন্তের স্বার্থে আমি তো রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। আপনারা বলেন আবারও পদত্যাগ করতে। পদ থাকলে তো পদত্যাগ করব। আপনারা কি দেখেছেন, আমি মন্ত্রিসভার বৈঠকে যাই? দপ্তরবিহীন মন্ত্রী, এটাকে সবাই বলে উজিরে খামোখা। এমনি কিছু নাই। তার পরও তদন্ত হলে সব রকম প্রশাসনিক দায়িত্ব থেকে সরে যাব। তদন্তে সব ধরনের সহযোগিতা করব।’ সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘তদন্তে আমি যদি দোষী হই, তা হলে আই উইল ডাই আনসাং, আনল্যামেন্টেড (আমি নীরবে চলে যাব, কেউ গুণগানও করবে না, শোকও করবে না)। বাট আই উইল নেভার বাউ ডাউন মাই হেড (কিন্তু আমি কখনো মাথানত করব না)। তবে এই তদন্তের শেষ কোথায়? কোন ফলাফলে বোঝা যাবে আমি নির্দোষ? সেটাও বলা উচিত।’ তিনি আরও বলেন, চালকের বক্তব্য একবারের জন্য, এমনকি এক সেকেন্ডের জন্য প্রমাণিত হলেও শাস্তি মেনে নেবেন।ইতিমধ্যে তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন দাবি করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আজ ড্রাইভার বক্তব্য দিয়েছে। কয়েক দিন পর বিজিপির গেটকিপার বলবে আমার কাছে আরও বড় স্টোরি আছে, সংসদ পদ ছাড়ো। আরেক গেটকিপার এসে বলবে, আমার কাছে বড় স্টোরি। এবার নাগরিকত্ব ত্যাগ করো। গেটকিপারদেরও তো অফিসার আছে। তিনি এসে দুই বছর পর বলবে, আমার কাছে আসল স্টোরি। তখন বলবে, দেশত্যাগ করেন।’ ৯ এপ্রিলের ঘটনা দ্রুত গণমাধ্যমে চলে আসার বিষয়ে সুরঞ্জিত বলেন, মৃত্যু এলে কিংবা আগুনে পুড়ে ছাই হয়ে গেলে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স আসতে এক ঘণ্টা সময় লাগে। ওই দিন গুটিকয়েক গণমাধ্যম পাঁচ মিনিটের মধ্যে উপস্থিত হয়ে ১৫ মিনিটের মধ্যে সম্প্রচার শুরু করে দেয়। এরপর ছয় মাস পর চালক এসে বক্তব্য দেওয়ার পর ৪৮ ঘণ্টা টানা প্রচার করা হয়েছে। তিনি বলেন, অর্থ কেলেঙ্কারির ঘটনায় তিনি এবং তাঁর ছেলে নির্দোষ প্রমাণিত হয়েছেন। কিন্তু যাঁরা দুর্নীতির অভিযোগ করে আপত্তিকর কথা বলেছিলেন, নির্দোষ প্রমাণিত হওয়ার পর তাঁরা দুঃখ প্রকাশ না করায় হতাশ হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।গত ৯ এপ্রিল মধ্যরাতে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তর পিলখানার মূল ফটকের ভেতরে বিপুল অঙ্কের টাকাসহ ওমর ফারুক, সাবেক রেল কর্মকর্তা ইউসুফ আলী মৃধা ও এনামুল হক আটক হন। চালক আজম তখন এবং সর্বশেষ আরটিভিতে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, এই টাকা ঘুষ হিসেবে সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাচ্ছিল।