গণমাধ্যমের বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগ মন্ত্রীর
গণমাধ্যমের বিরুদ্ধে অ্যানথ্রাক্স রোগ নিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। গতকাল বুধবার জাতীয় সংসদে দেওয়া বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, সরকার যখন অক্লান্ত চেষ্টা করে এ রোগ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, তখনো এটিএন বাংলাসহ কয়েকটি গণমাধ্যম এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।মন্ত্রী বলেন, সারা দেশে ছয় কোটি গরু-মোষ-ছাগল রয়েছে। এর মধ্যে আটটি জেলায় ৪৬টি গরু মারা গেছে অ্যানথ্রাক্সে। সংখ্যার তুলনায় এ সংখ্যা মোটেই বেশি নয়। আক্রান্ত ব্যক্তিদের সেবা দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অথচ গণমাধ্যম অসত্য ও ভুল তথ্য দিয়ে আতঙ্ক তৈরি করেছে। তথ্য-বিভ্রাট করা হচ্ছে। বলা হচ্ছে, গরু খেলে অ্যানথ্রাক্স হবে। গরুর দুধ খেয়ে মানুষ থেকে পশু-পাখি, সব আক্রান্ত হচ্ছে। মরা গরু খেয়ে শকুন মরে গেছে। দেশে তো শকুনই নেই, মরবে কী করে?আবদুল লতিফ বিশ্বাস বলেন, একটি পত্রিকায় খবর দিয়েছে, অ্যানথ্রাক্স-আতঙ্কে দুধের লিটার ২০ টাকা হয়ে গেছে। এসব ঠিক নয়। বিশ্বের যেসব দেশে গরু আছে, সেসব দেশেই অ্যানথ্রাক্স আছে। তিনি বলেন, ১৪ সেপ্টেম্বর এটিএন খবর দিল, চাঁদপুরে তিন শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়েছে। মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে খবর নিয়ে জানল, এটি সত্য নয়। পরে ওই টেলিভিশনের প্রধান প্রতিবেদকের সঙ্গে কথা বলে ওই অসত্য খবর প্রচার বন্ধ করা হয়। এভাবেই গণমাধ্যম অ্যানথ্রাক্স নিয়ে সারা দেশে আতঙ্ক ছড়িয়েছে, যা দুর্ভাগ্যজনক।মন্ত্রী বলেন, ‘আমার জেলা সিরাজগঞ্জে অ্যানথ্রাক্সের উৎপত্তি। তারপর তা পর্যায়ক্রমে আট জেলায় সংক্রমিত হয়েছে। অ্যানথ্রাক্স প্রতিরোধ করার জন্য নদীর এপারে যাতে কোনো গরু আসতে না পারে, সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই এসব গরু ঢাকায় এনে জবাই করার কোনো সুযোগ নেই। কারণ এ রোগ হওয়ার পর অল্প সময়ের মধ্যেই গরু মারা যায়। তিনি বলেন, ১৮ সেপ্টেম্বর থেকে কোনো গরু মারা যায়নি। নতুন করে আক্রান্ত হওয়ার খবরও পাওয়া যায়নি।দেশবাসীকে আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘এই মুহূর্ত থেকে সবাই গরু খাবেন। ভয়ের কিছু নেই। সব আমাদের নিয়ন্ত্রণে আছে।’ সাংসদদের কোরবানির ঈদে গরু কোরবানি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে দেশের সব গরু-ছাগলকে টিকা দিয়ে অ্যানথ্রাক্সমুক্ত করা হবে। তাই নিশ্চিন্তে গরু খেতে পারেন।’