গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠক করবে বিশেষ কমিটি
সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি আগামী ৩ মে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও ওই পদমর্যাদার ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবে। সংবিধান সংশোধনের চলমান প্রক্রিয়ায় কমিটি তাঁদের মতামত চাইবে। পরের দিন ৪ মে কমিটি বুদ্ধিজীবীদের সঙ্গে আরেকটি বৈঠক করবে।আজ বৃহস্পতিবার বিশেষ কমিটির মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত সংসদ ভবন মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।কমিটির কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সম্পাদক ও বুদ্ধিজীবীরা লিখিত আকারে তাঁদের বক্তব্য দিতে পারবেন। দুই-এক দিনের মধ্যেই তাঁদের আমন্ত্রণপত্র পাঠানো হবে।এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মতামত দিতে আগ্রহ প্রকাশ করায় বিশেষ কমিটি তাদের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে সুরঞ্জিত বলেন, এটি দেশের অন্যতম প্রাচীন দল। সংসদে প্রতিনিধিত্ব না থাকলেও তাদের আগ্রহের কারণে কমিটি তাদের মতামত শুনবে।