গণমাধ্যমের স্বাধীনতা মানে জনগণের স্বাধীনতা: গওহর রিজভী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা খুব জরুরি। মত প্রকাশের স্বাধীনতা না থাকলে কোনো সভ্যতার বিকাশ হতে পারে না। গণমাধ্যমের স্বাধীনতা মানে কেবল মালিকের স্বাধীনতা নয়, জনগণের স্বাধীনতা। আজ রোববার রাজধানীর ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আলোচনা ও অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে গওহর রিজভী এ কথা বলেন।গওহর রিজভীর অভিযোগ, ‘আজকাল অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তাদের মুখপাত্র হিসেবে সংবাদপত্র বের করছে। কিন্তু মালিকের স্বাধীনতার বদলে সাংবাদিক ও সাংবাদিকতার স্বাধীনতা দরকার। দায়িত্বশীল গণমাধ্যম দরকার। বেশির ভাগ সংবাদপত্রই গুজব-কাহিনি দিয়ে ভরা থাকে, তথ্য থাকে না। এটা মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না।’অনুষ্ঠানের প্রধান আলোচক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘বাংলাদেশের পাঠকেরা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদপত্র পড়তে চায়। নিরপেক্ষ গণমাধ্যম না হলে দর্শক-পাঠক তা দেখবে বা পড়বে না।’ তিনি বলেন, ‘বাংলাদেশ সম্ভাবনাময় দেশ। দেশের ভাষা, সংস্কৃতি ও সর্বশেষ মুক্তিযুদ্ধের সময় সংবাদপত্রগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দেশের রাজনীতি-অর্থনীতিতে সমস্যা আছে। সংবাদপত্র সেগুলো তুলে ধরবে। ভালো কাজ করলে সরকারকে ভালো, আর খারাপ কাজ করলে খারাপ বলা হবে। আমাদের দায়িত্ব পাঠক ও বিবেকের কাছে দায়বদ্ধ থাকা।’ তিনি সাংবাদিক হত্যার বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সভাপতি এম হাফিজউদ্দিন। ২০১০ সালে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য তিনজনকে পুরস্কার দেওয়া হয়। এবার জাতীয় পর্যায়ে দ্য ডেইলি স্টারের ইমরান হোসেন, আঞ্চলিক পর্যায়ে দৈনিক অনির্বাণের মোহাম্মদ নুরুজ্জামান এবং টেলিভিশন সাংবাদিকতায় এনটিভির সুলতানা রহমান পুরস্কার পেয়েছেন।