গণমাধ্যমের স্বাধীনতা হরণের উদ্দেশ্যেই সম্প্রচার নীতিমালা: মঈন খান
বিএনপি নেতা ও সাবেক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল মঈন খান বলেছেন, সরকার বেসরকারি বেতার ও টেলিভিশনের জন্য যে খসড়া সম্প্রচার নীতিমালা তৈরি করেছে, তার উদ্দেশ্য হলো গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থার আয়োজনে ‘জাতীয় সম্প্রচার খসড়া নীতিমালা: সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, ‘সমালোচনা ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতা জনগণের সাংবিধানিক অধিকার। সরকার মূলত এই নীতিমালা করেছে কাউকে কিছু বলার সুযোগ না দেওয়ার জন্য। এই সরকার কথা বলার স্বাধীনতা হরণ করে দেশে পুনরায় বাকশাল কায়েম করতে চায়।’ আলোচনা সভায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এই নীতিমালা যদি পাস হয়, সে ক্ষেত্রে শুধু সাংবাদিক নয়, নাট্যকার ও নাট্যপরিচালকদের কাজের স্বাধীনতাও খর্ব হবে। সরকার বেতার ও টেলিভিশনকে দলীয় প্রচারযন্ত্র হিসেবে ব্যবহার করার জন্য এ নীতিমালা তৈরি করতে চাচ্ছে।’