গণমানববন্ধন থেকে সহিংস তৎপরতা বন্ধের দাবি (ভিডিও)
মানবতাবিরোধী যুদ্ধাপরাধী চক্রের সাম্প্রদায়িক হামলাসহ সব সহিংস তৎপরতা বন্ধের দাবি জানিয়েছে সাধারণ মানুষ। আজ বুধবার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সব শ্রেণী ও পেশার মানুষ জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় এক গণ মানববন্ধনে অংশ নিয়ে এ দাবি জানান। দেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা গত সোমবার এ গণমানববন্ধনে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন।মানববন্ধনে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আজ যে মানবন্ধন করছি, তার আরেক প্রান্ত শাহবাগের সমাবেশ পর্যন্ত পৌঁছেছে। এভাবে শাহবাগের যে মাসব্যাপী গণ জাগরণ শুরু হয়েছে, তার সঙ্গে আমরা নিজেদের যুক্ত করছি। আমাদের সম্মিলিত আন্দোলন আশা করি দেশ বিরোধী সব চক্রান্তকে পর্যুদস্ত করবে।’আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের দাবিতে অপতত্পরতা চালাচ্ছে এবং নিরীহ মানুষের ওপর হামলা করছে। তাই তাঁদের সুরক্ষা দেওয়ার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা আরও বলেন, ১৯৭২ সালের সংবিধানে স্পষ্টভাবে লেখা ছিল বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। ‘কিন্তু স্বাধীনতার এত বছর পরও ধর্মান্ধ, মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের জন্য নিরীহ মানুষের ওপর আক্রমণ করছে। তবে আমরা এখনো জেগে আছি। আমরা নিজেরাই নিজেদের সুরক্ষা করব।’ প্রজন্ম একাত্তরের সভাপতি শাহীন রেজা নূর বলেন, ‘আজকের তরুণ প্রজন্ম যেভাবে এগিয়ে আসছে তাদেরকে অভিনন্দন জানাই। পাশাপাশি আসুন আমরা হায়নাদের বিতাড়িত করি, সকল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই।’জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই মানববন্ধন শেষ হয়। মানববন্ধনে অংশ নেন কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সুজনের প্রধান বদিউল আলম মজুমদার, মানবাধিকার-কর্মী খুশি কবীর, চিত্রশিল্পী রফিকুন নবী, আদিবাসী আন্দোলনের নেতা সঞ্জীব দ্রং, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুর ইসলাম সেলিম, সংগীত শিল্পী মিতা হকসহ প্রমুখ।