গণমানুষের জীবনের ক্ষত
মানুষের সহজাত একটি সচেতন প্রয়াস থাকে, শরীরে কোনো ক্ষত হলে তা নিরাময় করার। নানা প্রযত্নে অনেক ক্ষেত্রে তা নিরাময় হয়ও। কখনো তা না সেরে জীবনকে যন্ত্রণাক্লিষ্ট করে রাখে। তবে শরীরের ক্ষতের চেয়ে অদেখা-অন্তর্গত ক্ষতের যন্ত্রণা বরং প্রলম্বিত এবং তীব্রতর হতে পারে। সেসব ক্ষত নিরাময়ও দুঃসাধ্য। উভয়বিধ ক্ষতকেই উন্মোচিত করেছেন সোমনাথ হোর তাঁর সারা জীবনের শিল্পসাধনায়।এই ক্ষত আমজনতা বলে যাঁরা পরিচিত, সেই অধিকারবঞ্চিত, নির্যাতিত-নিপীড়িত বিপুল জনগোষ্ঠীর জীবনের ক্ষত। যে ক্ষত তাদের জীবনীশক্তি নিঃশেষ করে তিলে তিলে ঠেলে দিচ্ছে অন্তিম পরিণতির দিকে। জীবনকে করে তুলেছে কেবলই নিদারুণ কষ্ট-ক্লেশ সহ্য করে যাওয়ার অন্তঃসারশূন্য-প্রক্রিয়া। সোমনাথ হোর সেই ক্ষতে তথাকথিত নিরাময়ের মলম মালিশ করতে চাননি; বরং জগদ্দল পাথরের মতো চেপে বসা সেই অনিরাময় ক্ষতের বীভৎস মুখটি উন্মোচিত করেছেন। তুলে ধরেছেন ক্ষতের যন্ত্রণাক্লিষ্ট মানুষের ব্যথাতুর মুখচ্ছবি। যে ক্ষত মানুষটি নিজে সৃষ্টি করেনি; অন্যের সৃষ্ট ক্ষত বহন করে চলেছে যুগের পর যুগ, বংশপরম্পরায়। তাই আলাদা কোনো শিরোনাম তেমন নেই। দু-একটি ব্যতিক্রম ছাড়া তাঁর সব কাজের বিষয়বস্তুই জনজীবনের যন্ত্রণাময় ‘ক্ষত’।আজ শুক্রবার বেঙ্গল গ্যালারিতে ৭৬টি কাজ নিয়ে ‘ক্ষত’ নামে পশ্চিমবঙ্গের শিল্পী সোমনাথ হোরের একক প্রদর্শনী শুরু হচ্ছে। বিকাল সাড়ে পাঁচটায় এর উদ্বোধন করবেন শিল্পী মুর্তজা বশির। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য। বিশেষ অতিথি থাকবেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ভারতের শিল্পসমালোচক প্রণবরঞ্জন রায়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেঙ্গল গ্যালারিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আলোচনা করেন ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অংকন ব্যানার্জি, প্রণবরঞ্জন রায়, শিল্পীকন্যা চন্দনা হোর, কলকাতার আকার প্রকার গ্যালারির রীনা লাথ ও বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। এ সময় জানানো হয়, ভারতীয় দূতাবাস ও আকার প্রকার গ্যালারির সহযোগিতায় বেঙ্গল গ্যালারি এ প্রদর্শনীর আয়োজন করেছে। এটি চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর প্রদর্শনীটি চট্টগ্রামেও অনুষ্ঠিত হবে।চট্টগ্রামের সন্তান সোমনাথ হোর তাঁর শিল্পসাধনায় ভারত জয় করে বিশ্বপরিমণ্ডলে খ্যাত হয়েছিলেন। ভারতের প্রধান শিল্পীদের অন্যতম সোমনাথ হোর ‘পদ্মশ্রী পুরস্কার’ পেয়েছেন। আরও পেয়েছেন ‘অবন-গগন পুরস্কার’, ‘ললিতকলা রত্ন পুরস্কার’সহ বিভিন্ন সম্মান। চট্টগ্রামের পটিয়ার বরমা গ্রামে ১৯২১ সালে সোমনাথ হোরের জন্ম। শৈশব, কৈশোর ও তারুণ্যের একটি পর্যায় কেটেছে চট্টগ্রামেই। শিল্পী হওয়ার তাঁর কোনো সচেতন লক্ষ্য ছিল না। চট্টগ্রাম কলেজ থেকে আইএ পাস করে কলকাতার রিপন কলেজে ভর্তি হয়েছিলেন স্নাতকে। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বিমান যখন পটিয়ায় তাঁর পাশের গ্রামে বোমাবর্ষণ করে, তখন তিনি গ্রামের বাড়িতে। গিয়ে দেখলেন, বোমার আঘাতে ছিন্নভিন্ন মানুষের মৃতদেহ। সেই ক্ষত যেন চিরকালের জন্য মুদ্রিত হয়ে গেল তাঁর মানসপটে। চট্টগ্রাম কলেজে পড়ার সময় থেকেই জড়িয়ে গিয়েছিলেন বাম রাজনীতির সঙ্গে। আঁকার সহজাত প্রতিভা ছিল। পার্টির পোস্টার আঁকতেন। সেই পোস্টারের রং দিয়েই তিনি আঁকলেন ক্ষতবিক্ষত মৃতদেহ, যন্ত্রণাক্লিষ্ট মুখ। পরের বছর একটি ঘটনা তাঁর যন্ত্রণা আরও গভীর করে তোলে এবং তাঁর গন্তব্য চূড়ান্তভাবে নির্ধারণ করে দেয়। সেটি ১৯৪৩-এর মন্বন্তর বলে ইতিহাসের কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। চট্টগ্রামেও ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। পথে পথে অনাহারী মানুষের সারি। সন্তান কোলে কঙ্কালসার মা। এই মা ও সন্তানের ছবি, এসব অনাহারী মানুষই পরে তাঁর প্রধান বিষয় হিসেবে চিত্রকলা ও ভাস্কর্যে উঠে এসেছে।সোমনাথ হোর শিল্পশিক্ষা গ্রহণের আগেই এসব লাঞ্ছিত-বঞ্চিত মানুষের ছবি আঁকতে শুরু করেছিলেন। তা ছাপা হচ্ছিল কমিউনিস্ট পার্টির পত্রিকায়। তখন তিনি পার্টির সার্বক্ষণিক কর্মী। ১৯৪৫ সালে তিনি কলকাতা গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফটসে ভর্তি হন। শিক্ষক হিসেবে পান দুর্ভিক্ষের ছবি এঁকে খ্যাত জয়নুল আবেদিনকে। ছাপচিত্রকলায় তাঁর আগ্রহ জন্মেছিল। প্রধানত এ কারণে যে এই মাধ্যমের কাজ অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। ছাপচিত্রের করণকৌশল শিখেছেন আর্ট কলেজের শিক্ষক সফিউদ্দীন আহমদ ও রমেন চক্রবর্তীর কাছে। ১৯৫৭ সালে সোমনাথ হোর চারুকলায় ডিপ্লোমা লাভ করেন।জন্মভূমি ছেড়ে গেলেও সারা জীবনই শিকড়ের টান অনুভব করেছেন এ শিল্পী। চল্লিশের দশকের তেভাগা আন্দোলনের সময় তিনি রংপুরে এসে কৃষক আন্দোলনের গতিপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন। আন্দোলনরত কৃষকদের স্কেচ করেছিলেন এবং ঘটনাবলিও লিখে রেখেছিলেন ডায়েরিতে। পরে তা কমিউনিস্ট পার্টির মুখপত্র জনযুদ্ধ-এ প্রকাশিত হয়। এই স্কেচ ও বিবরণ তেভাগা আন্দোলনের একটি মূল্যবান ঐতিহাসিক দলিল হিসেবে চিহ্নিত হয়ে আছে। পরে এটি বাংলা ও ইংরেজিতে গ্রন্থাকারে প্রকাশিত হয়। একইভাবে চা-শ্রমিকদের আন্দোলন নিয়েও তিনি ‘চা-বাগানের ডায়েরি’ নামের বিবরণী রচনা ও স্কেচ করেন। এটিও গ্রন্থাকারে প্রকাশিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়েও কাজ করেছেন সোমনাথ হোর। ঢাকায় এখন যে প্রদর্শনী হচ্ছে, তাতেও দুটি কাজ আছে ‘মুক্তিযুদ্ধ-১ ও ২’ নামে।এ প্রদর্শনীর সব কাজই ছাপচিত্রের বিভিন্ন মাধ্যমে করা। সেখানে আছে বুলেট, বোমা, বেয়নেট ও ছুরির আঘাতে সৃষ্ট ক্ষত। যুদ্ধের ক্ষতের, আঘাতের ক্ষত ছাড়াও আছে অনাহার, অপুষ্টি, লাঞ্ছনা-বঞ্চনা, নিপীড়ন-নিষ্পেশনে কাতর মানুষের মুখচ্ছবি, জীর্ণশীর্ণ অবয়ব। হাড়জিরজিরে মায়ের কোলে ততোধিক দুর্বল শিশু, মৃত পোষা প্রাণীর সঙ্গে অভাবী গেরস্ত। শূন্য থালা হাতে পথের ধারের ভিক্ষুক, ফুটপাতে কুকুরের সঙ্গে শুয়ে থাকা মানুষ। আর এসব মানুষের বুকে-পিঠে বীভৎস ক্ষতচিহ্ন। এই ক্ষত যেন নিঃশব্দে ধিক্কার দিয়ে বলে যায়—এই যে ক্ষতকে দেখছ, তা এই সমাজ, এই সভ্যতারই সৃষ্টি; সোমনাথ তার উন্মোচনকারী মাত্র। একেই সঙ্গী করে চলছে গণমানুষের নিরুপায় জীবনযাত্রা। ২০০৬ সালে পরলোকগমন করেছেন সোমনাথ হোর। আজীবন আপসহীন ছিলেন; প্রচারের পাদপ্রদীপের আলোর আড়ালে থাকতে চেয়েছেন। ছিলেন সহজ-সরল নিরাভরণ জীবনাচরণে অভ্যস্ত। কেবল বুকের গভীরে আগলে রেখেছেন সমাজের নিচুতলার মানুষের প্রতি গভীর মমত্ববোধ। চেয়েছিলেন তাদের যন্ত্রণা, তাদের বেদনা তুলে ধরতে, যাতে গণজীবনকে অসুস্থ করে রাখা এই ক্ষত নিরাময়ে সমূহ শক্তি-সামর্থ্য নিয়ে এগিয়ে আসে মানবতা নামের মানুষের সবচেয়ে ঐশ্বর্যময় বোধ।