গণমানুষের বাউল
সাত-আট বছর আগে, শাহ আবদুল করিম যখন জীবিত ছিলেন এবং তাঁর স্মৃতিতেই তাঁকে নিয়ে একটি প্রবন্ধ ও পাঠসংকলনের পরিকল্পনা করেন সিলেটের সুলেখক ও কবি শুভেন্দু ইমাম। আমাকে একটি প্রবন্ধ লেখার অনুরোধ জানালে ওপরের শিরোনামে একটি লেখা তাঁকে পাঠিয়ে দিই। শুভেন্দুর হাতে জমা পড়ে অনেক যশস্বী লেখকের প্রবন্ধও। কিন্তু নানা কারণে বইটির প্রকাশ বিলম্বিত হয়। শাহ আবদুল করিম প্রতিটি লেখাই পড়েছিলেন—এ রকমই জানিয়েছেন শুভেন্দু, হয়তো করিম জানতেন বইটি তিনি নাও দেখে যেতে পারেন। বাস্তবেও তা-ই হলো। তিনি দেহরক্ষা করলেন ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর, ৯৩ বছর বয়সে। আর শুভেন্দুর সম্পাদনায় শাহ আবদুল করিম: পাঠ ও পাঠকৃতি বেরোয় ২০১০ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু শাহ আবদুল করিম যে ‘গণমানুষের বাউল’ অভিধাটি মেনে নিয়েছিলেন, তাতে যে তাঁর আপত্তি ছিল না, সেটি তাঁর মুখ থেকেই শুনেছিলাম। প্রবন্ধটি লেখার বেশ আগে ২০০৩ সালের শেষ দিকে এক বিকেলে সিলেট শহরের জেলা পরিষদ মিলনায়তনে তিনি এসেছিলেন। সঙ্গে ছিলেন তাঁর একমাত্র সন্তান শাহ নূরজালাল। একটি সংগঠন তাঁকে সংবর্ধনা দিচ্ছিল আর আমাকে অনুরোধ করেছিল তাঁর সম্পর্কে দুটি কথা বলার জন্য। অনুষ্ঠানে একজন সরকারি কর্মকর্তার আসার কথা ছিল; তাঁর বিলম্ব হচ্ছিল। একটা ঘরে আমরা অপেক্ষা করছিলাম। শাহ আবদুল করিমের পাশে বসে আধা ঘণ্টার মতো কথা বলার সুযোগ হয়েছিল আমার। মিতব্যয়ী কথক ছিলেন করিম, কথা বলতেন কম। কারও কথা পছন্দ না হলে নিজের ভেতরে ডুবে যেতেন। খুব যে সুস্থ ছিলেন সে সময় তা নয়; নূরজালাল মাঝে মাঝে উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করছিলেন কিছু লাগবে কিনা। তার পরও আমাদের কথা এগোচ্ছিল। শাহ আবদুল করিমকে যখন জানালাম তাঁকে আর ১০ জন বাউল থেকে আমি আলাদা করে দেখি, তিনি গণমানুষের বাউল, তিনি একটু হেসে বলেছিলেন, মানুষ ছাড়া কোনো বাউলের আর কোনো বিবেচনা কি থাকতে পারে, না মানুষকে না ভজলে সৃষ্টির রহস্য জানা যায়।আমার মনে পড়ল তাঁর একটি গানের কথা, যেখানে মানুষ ছাড়া মানুষ যে বাঁচে না, তার কথা আছে। তাঁকে কথাটা বলতে তিনি চোখ বন্ধ করলেন এবং গুনগুন করে গানের মতো করে বললেনসব দেশে সব জায়গায় মানুষপ্রেম মেলাতে নারী পুরুষমানুষেতে আছে মানুষরয় না মানুষ মানুষ বিনা।জীবনে ওই একবারই তাঁর কাছে বসার ও একান্তে তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। সে জন্য ওই সংগঠনকে এবং দেরিতে আসা সেই সরকারি কর্মকর্তাকে ধন্যবাদ।ব্যক্তি শাহ আবদুল করিম নিয়ে আমার উৎসাহটা বাড়ে তাঁর কালনীর ঢেউ বইটি পড়ার পর। ১৯৮১ সালে বইটি বেরুলেও এর কয়েক বছর পর এটি আমার হাতে আসে। করিমের সুনামগঞ্জেরই এক তরুণ কবি মোহাম্মদ সাদিক বইটি আমাকে উপহার দেন। মনে আছে কালনীর ঢেউ-এর প্রতিটি গান মুগ্ধতা নিয়ে পড়েছিলাম। এ বইতেই আছে তাঁর বিখ্যাত ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গানটি, অথবা দেহতত্ত্বমূলক ‘আমি তোমার কলের গাড়ি তুমি হও ড্রাইভার/তোমার ইচ্ছায় চলে গাড়ি দোষ কেন পড়ে আমার’ গানটি। বইটি তিনি উৎসর্গ করেছিলেন তাঁর সহধর্মিণীকে, যাঁকে তিনি সরলা বলে ডাকতেন এবং তাঁর মুর্শিদ বলে বিবেচনা করতেন। বই প্রকাশের খরচ মেটাতে নিজের নয় বিঘা জমি তাঁকে বিক্রি করতে হয়েছিল। বইটির মুখবন্ধে কবি দিলওয়ার লিখেছিলেন, ‘শিল্পী আবদুল করিম আমাদের কর্মবিমুখ বন্ধ্যাত্বজনিত নৈরাজ্যের জগতে একটি গভীর নলকূপের সমান’ এবং ‘আমাদের আবদুল করিম এই অমাবস্যার পাহাড়ে উজ্জ্বলতম অন্তর্জ্বালা নিয়ে প্রতিবাদে বিস্ফোরিত হয়ে সক্রিয় থাকুন, এটাই কাম্য।’ অথচ বইয়ের ভেতরে ৬৫ বছরের করিম জানাচ্ছেন,কমিতেছি তিলে তিলে ছেলেরা মুরব্বি বলেভবের জনম গেল বিফলে, এখন সেই ভাবনায় রই।এবংযা হবার তো হয়ে গেছে আবদুল করিম ভাবিতেছেএমন একদিন সামনে আছে, একেবারে করবে সই\এ কেমন মানুষ, যিনি বিস্তীর্ণ ভাটি বাংলায় ঘুরে বেড়ান—একসময় যেমন দূরবীন শাহ, বারিক মিয়া ও কামালউদ্দিনের সঙ্গে গান গেয়ে বেড়াতেন গ্রামে গ্রামে—মানুষকে উদ্দীপনা দেন, জেগে ওঠার মন্ত্র শোনান, শোষকের এবং শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেন; দিলওয়ারের ভাষায়, একই সঙ্গে ‘ভক্তিমূলক, আধ্যাত্মিক ও দেহতাত্ত্বিক প্রভৃতি গানের সঙ্গে জাগরণীমূলক ও দেশাত্মবোধক গান’ গেয়ে শোনান এবং একজন বাউল হয়েও গণমানুষের প্রতিদিনের জীবনযাপনের কেন্দ্রে নিজেকে স্থাপন করেন? আমার সেই আধা ঘণ্টার বৈঠকে আমি চেষ্টা করেছি মানুষটিকে যত সম্ভব জানতে, বুঝতে; তাঁর মনোজগতে একটু উঁকি দিতে। কিন্তু তাঁর ব্যক্তিত্বের মহিমা এমনই ছিল যে একটি সৌজন্যের আড়ালের এ পার থেকেই আমার কথাবার্তা শেষ করতে হয়েছে, কৌতূহলে পর্দা টানতে হয়েছে। শুধু যখন নূরজালালের সঙ্গে পরিচয় হলো এবং স্নিগ্ধ হেসে নূরজালাল জানালেন, তাঁর গলায় বাবার গান তুলতে তাঁর ভালো লাগে, শাহ আবদুল করিম গলায় একটু বিষণ্নতা মেখে বলেছিলেন, ‘হিদিন তো আর নাই।’এ বছর বইমেলায় অন্বেষা সুমনকুমার দাশের বাংলা মায়ের ছেলে নামে শাহ আবদুল করিমের যে জীবনীগ্রন্থ প্রকাশ করেছে তাতে সিলেটের নাট্যকর্মী নিরঞ্জন দের নেওয়া তাঁর একটি সাক্ষাৎকার থেকে জানা গেল, করিম একবার ছেলেকে বলেছিলেন, ‘বাউল হয়ে তুমি তো আমার নাম ডুবিয়ে দিবে, যে পরিবেশ এসেছে এটার প্রতি আমার অশ্রদ্ধা এসে গেছে’ (৭৪)। আগে যে দিন তিনি কাটাতেন তা শেষ হয়ে গিয়েছিল। সেই সব ধর্ম-বর্ণের মানুষের মিলেমিশে থাকার দিন পাল্টে এসে গেছে দ্বন্দ্ব-সংঘাত আর অমিলের দিন। তার পরও মানুষের ওপর তাঁর বিশ্বাসে একটুও চিড় ধরেনি। তাঁর সহজ সাধনার কেন্দ্রে ছিল মানুষ এবং সে মানুষ যে শুধু অধ্যাত্মসন্ধানী তা নয়; সে মানুষ রাজনীতির, অর্থনীতির এবং পুঁজিবাজারের শাসন ও শোষণে বিপর্যন্ত। তবে সে মানুষ সমাজের নানা বিরোধ-অসংগতি সত্ত্বেও এসব থেকে অনেক ওপরে উঠে এক নতুন সমাজ নির্মাণের স্বপ্ন দেখে। করিমের ভাবনায় ছিল বিপন্ন কিন্তু স্বপ্নদ্রষ্টা এবং মুক্তিকামী এই মানুষ। যতীন সরকারের মতে, শাহ আবদুল করিম ‘ধোঁয়াশাপূর্ণ মরমি তত্ত্বের কল্পজগৎ ছেড়ে এসে ...সর্বহারার দুঃখজয়ের পথসন্ধানেও প্রবৃত্ত হয়েছেন’ (ইমাম, ৪৮)। বস্তুত তাঁর বাউল সত্তাকে শাহ আবদুল করিম কোনো আধ্যাত্মিকতার চাদরে কোনো মেটাফিজিক্সের আবরণে ঢেকে রাখেননি। বলেছেন, ‘মন্ত্র পড়া ধর্ম নয়, কর্মকেই ধর্ম মনে করি।’ (ইমাম, ৯৫)। আর অসংখ্য গানে ভাটিবাংলার এই বাউল ‘শোষণহীন সমাজব্যবস্থা’ গড়ে তোলার ডাক দেন।বাউল আবদুল করিম বলে সূক্ষ্ম রাস্তা ধরোশোষণমুক্ত সমাজ গড়ে বাঁচার উপায় করো\২. শাহ আবদুল করিম তাই একাধারে বাংলাদেশের বাউল ঐতিহ্যের একজন সাধক, আবার গণমানুষের গীতিকার ও গায়ক; তিনি একই সঙ্গে বিচরণ করেছেন মরমিবাদী, দেহতত্ত্বমূলক ও আধ্যাত্মিক গানের ভাবের জগতে এবং মানুষের সংগ্রামমুখর জীবনের নানা অঞ্চলে। তাঁর নিজস্ব যে সংগ্রাম ছিল অভাবের বিরুদ্ধে, শোষণহীন সমাজের বিরুদ্ধে তা তাঁর যুক্তিবাদী চেতনা ও কর্মীমনকে প্রেরণা জুগিয়েছে নিজের ও মানুষের জন্য পথ খুঁজে নিতে; আবার শুদ্ধ প্রেমের মহিমাও তিনি গেয়েছেন, অন্তরের স্বরূপ সাধনার কথাও বলেছেন। তিনি নিজেকে বাউল হিসেবেই দেখতেন কিন্তু ‘তত্ত্বগান’ গাওয়া কোনো মরমি কবি হিসেবে নয় বরং সেই বাউল হিসেবে যিনি তুলে ধরেন ‘দেশের দুঃখ-দুর্দশার ছবি’। অনুভবের, ভাবের ও সাধনার এবং নিরন্তর জীবনসংগ্রামের দুই ভিন্ন জগতে এত সহজে একই সঙ্গে আর কেউ বিচরণ করতে পেরেছিলেন কি না আমার জানা নেই। তাঁর এই শক্তি; মানবপ্রেম ও শ্রেয়বোধে প্রচণ্ড আস্থা, এই অনসন্ধিৎসু কিন্তু অস্থির ও প্রতিবাদী মন তাঁকে গণমানুষের হূদয়ে স্থান দিয়েছিল। ভাটির সংগ্রামী জীবন, বেঁচে থাকার পথে বিচিত্র সব প্রতিবন্ধকতা তাঁকে ভেতরে ভেতরে এক যোদ্ধায় পরিণত করেছিল; কিন্তু ভাটির প্রকৃতি, এর বর্ষার উদাত্ত রূপ এবং দিগন্তবিস্তারী অনাকীর্ণতা তাঁকে এক উদারদৃষ্টি এবং সব প্রাণী ও উদ্ভিদের জন্য সহমর্মিতা দিয়েছিল। ফলে তাঁর গানে বাউল গানের মেজাজটা আছে, ভাবটা আছে, কিন্তু গানের বাণীতে প্রতিফলিত হয় গণমানুষের প্রতিদিনের জিজ্ঞাসার সুর, অনেক অনিষ্পন্ন প্রশ্ন। কৃষকের কথা, শ্রমিকের কথা, সাধারণ মানুষের কথা তাঁর গানে এতবার উচ্চারিত হয় যে তিনি এক চলমান বিপ্লবের বার্তাবহ হিসেবেই যেন ভাটিবাংলায় ঘুরে বেরিয়েছেন, সেটিকে সম্পন্ন করার জন্য মানুষকে প্রেরণা জুগিয়েছেন, এ রকম মনে হওয়াটা খুব অমূলক নয়। বস্তুত সুমনকুমার দাশের জীবনীগ্রন্থ পড়লে এই ধারণার প্রতি একটি সমর্থনই পাওয়া যাবে, বিশেষ করে তাঁর দু-এক সাক্ষাৎকার ও নানা মন্তব্য বক্তব্য থেকে।৩. শাহ আবদুল করিমের বাউল সাধনার রূপটি সম্পর্কে কিছুটা ধারণা পেলে তিনি কীভাবে একই সঙ্গে বাউলের ভাবান্দোলন এবং সমাজ-রাজনীতি-ইতিহাস-সচেতন গণমানুষের মুক্তির আন্দোলনে নিজেকে স্থাপন করেছিলেন তা স্পষ্ট হবে। জ্ঞানেন্দ্রমোহন দাসের বাঙ্গলা ভাষার অভিধান (কলকাতা: সাহিত্য সংসদ, দ্বিতীয় খণ্ড) বাউল শব্দটিকে এভাবে সংজ্ঞায়িত করছে: ‘ভক্ত যখন বায়ুর মতো ভগবানে মিশিয়া যাইতে পারে তখনই তিনি প্রকৃত বায়ুর বা বাউল নামে অভিহিত হইবার উপযুক্ত। বায়ু যেমন নিজের অস্তিত্ব হারাইয়া, সকল স্থানে সর্বাবস্থায় যাবতীয় পদার্থের সহিত মিলিয়া মিশিয়া রহিয়াছে, লোকে যখন আপনার অস্তিত্ব ভুলিয়া আত্মহারা হইয়া তেমনই ভাবে ভগবানে বিলীন হইতে পারে, তখনই সে প্রকৃত বাউল পদবাচ্য হইবে।’ শাহ আবদুল করিমের ক্ষেত্রে এই সংজ্ঞাটি অনেকার্থেই প্রযোজ্য। তবে তাঁর ভগবান প্রাতিষ্ঠানিক ভগবান ছিলেন না, তাঁকে শুধু মসজিদে খুঁজতে যাননি তিনি। তিনি তাঁর সৃষ্টিকর্তাকে পেয়েছেন মানুষের মধ্যে। অসংখ্য গানে তিনি সৃষ্টিকর্তার অরূপ রূপের সন্ধান করেছেন কিন্তু তাঁর বিশ্বটি ঈশ্বরকেন্দ্রিক নয়, মনুষ্যকেন্দ্রিক। ফলে মানুষের মধ্য দিয়েই তিনি ঈশ্বর-ভজনা সমাপ্ত করেছেন। লিখেছেন:পূজবে কেন গাছপাথর আপন ঘরের খবর করআদম খোদার রঙমহল ঘর গড়ল পাঞ্জাতন শানে।অথবামসজিদকে খোদার ঘর বলিমন্দির ভগবানের ঘরআসলে খোদার আরশহয় মমিনের অন্তর...একটি গানে তিনি দীনবন্ধুকে ডেকেছেন, বলেছেন, ‘ওরে বন্ধু দয়াল নামটি ধরো/কাঙাল জানিয়া তুমি আমায় দয়া করো, দীনবন্ধু রে\’ দীনবন্ধুর কাছে তিনি নিজেকে সমর্পণ করেছেন, তাঁর দয়ার জন্য লালায়িত হয়ে আছেন। রবীন্দ্রনাথের সেই গানের মতো, তিনিও যেন বলছেন ‘তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে’। শাহ আবদুল করিম কাঙাল দ্বিবিধ অর্থে। তিনি কাঙাল অর্থাৎ দরিদ্র আবার তিনি ক্ষুধার্ত, ব্যগ্র। করিম কাঙাল হয়েছেন, দরিদ্র হয়েছেন, ক্ষুধার্ত হয়েছেন দীনবন্ধুর স্পর্শের জন্য ও গাইছেন ‘দয়া দেখাও আমারে গো, দয়া দেখাও।’ দয়া শুধু করুণা নয়, গভীর করুণায় নিকষিত ঈশ্বরের একটি রূপ, তার পুলকময়, দীপ্তিময় প্রকাশ; তার বিমূর্ত ও অন্তর্লীন উপস্থিতি। এই পূলক ও করুণায় বায়ুর মতো নিজ অস্তিত্ব ভুলে গিয়ে নিজেকে স্থাপন করতে পেরেছেন বলে শাহ আবদুল করিম বাউল। আবার বাউলের পক্ষে তাঁর ভগবানকে যদি অনুভব করতে হয় মানুষের মধ্য দিয়ে, তাহলে সেই মানুষের সাধনায় এবং সেই মানুষের মধ্যে যখন ‘আপনার অস্তিত্ব ভুলিয়া আত্মহারা হইয়া’ তিনি বিলীন হবেন, প্রকৃত বাউলের উপস্থিতি তখন তাঁর মধ্যে নিশ্চিত হবে। আবদুল করিমের মানব সাধনার ব্যাপ্তি সেই আদি মানব থেকে সমকালীন রাজনীতি-অর্থনীতির জাতাকলে পিষ্ট মানব। সেই মানুষের তালাশে নামতে পারে একজন মানুষই—অর্থাৎ যে মানুষ একটি শুদ্ধরূপে, সব মানুষের চেতনাকে নিজের মধ্যে ধারণ করে, তৈরি হবে। এই মানুষটি বাউল—বায়ুর মতো সর্বত্র যার উপস্থিতি। তিনি যখন বলেন, ‘মানুষ হয়ে তালাশ করলে মানুষ পায়/ নইলে মানুষ মিলে না রে বিফল জনম যায়’, তখন প্রথম মানুষটির একটি পরিচিতি সেই বাউলের এবং দ্বিতীয় মানুষটি শুধু ভাটিবাংলা বা বাংলাদেশের মানুষ রূপে, শাশ্বত রূপে সংহত বিশ্বমানুষ। একটি গানে তিনি লেখেন:‘আবদুল করিম হুঁশে থাকো মানুষ ভালবাসতে শিখোঅন্তরে অন্তরে মাখো রবে না ভবযন্ত্রণা’শাহ আবদুল করিম বাউল সাধনার আরেকটি পথ অতিক্রম করেছিলেন প্রেমের গাড়িতে চড়ে। মোটরগাড়ির উপমাটি তাঁর গানে ঘুরে-ফিরে আসে এবং রাস্তায় মাঝেমধ্যেই বন্ধ হয়ে যাওয়া বৃদ্ধবয়সী বাস বা ‘কনডেম’ গাড়িকে তিনি জীবনের একটি উৎপ্রেক্ষা হিসেবেও দেখেছেন। তাঁর প্রেমের গাড়ির যাত্রাও মসৃণ নয়। কখনো প্রেম তাঁকে কষ্ট দেয়, কখনো দেয় আনন্দ। ‘আসি বলে চলে গেল বন্ধু আইল না/ যাইবার কালে সোনা বন্ধে/ নয়ন তুলে চাইল না’ অথবা ‘বিচ্ছেদের আগুনে পুড়ে/ কলিজা অঙ্গার’-এর পাশে ‘সখি কুঞ্জ সাজাও গো/ আজ আমার প্রাণনাথ আসিতে পারে’। কিন্তু প্রেম এক অনিবার্য লীলা বাউলের জন্য এবং বাউলের অনুভব এ রকম ‘আমি ফুল, বন্ধু ফুলের ভ্রমরা/ কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া’। প্রেমের প্রকাশে শরীরের একটি অবস্থান আছে, কিন্তু তা প্রধান নয়; যেহেতু প্রেমের সঙ্গে আরাধনার একটি যোগসূত্র আছে। শাহ আবদুল করিমের সহজিয়া আরাধনায় শুদ্ধরূপের প্রাধান্য ছিল—সেই শুদ্ধরূপ ঈশ্বর এবং প্রেমের এবং পরস্পরের গূঢ় সম্পর্কের।৪. যতবার শাহ আবদুল করিমের গান শুনি, তাঁর কালনীর কূলে অথবা কালনীর ঢেউ অথবা ভাটির চিঠি উল্টেপাল্টে দেখি, পড়ি, মনে হয় এই মানুষটি তাঁর জীবনযাপনে, কর্মে, সাধনায় মানবদর্শনকেই প্রতিফলিত করে গেছেন। তাঁর হূদয় ছিল বর্ষায় ভাটির হাওরের মতোই বিশাল এবং আর্দ্র। মানুষ তাঁকে কাছে পেয়েছে তাদের কষ্টের সময়ে, সংগ্রামে, প্রতিরোধে এবং উদ্দীপ্ত হয়েছে তাঁর প্রাণস্পর্শী গানে, যার কেন্দ্রে আবার সেই মানুষ। নিরঞ্জন দেকে করিম জানাচ্ছেন, ১৯৭১ সালে ‘যখন মিলিটরি এসে গেছে তখন তারা (রাজাকার-আলবদর) গিয়ে সেখানে দোয়া করত, বলত আল্লা ইসলামটাকে টিকিয়ে রেখো। তো আমি মরে যাচ্ছি, আমার মা-বোনের ইজ্জত চলে যাচ্ছে আমরা লাখো লাখো মানুষ মরে যাচ্ছি আর এখানে ইসলাম কীভাবে থাকতে পারে, তারা এটাকে ইসলাম বলল (!)। হউক মুসলমান আর হিন্দু। “শতবর্ণের গাভী একই বর্ণের দুধ, ত্রিজগৎ বিচারী দেখি একই মায়ের পুত”।’ এই ছিল তাঁর সারা জীবনের বিশ্বাস।শাহ আবদুল করিম ছিলেন গণমানুষের বাউল, তাদের দুঃখের দিনের কান্ডারি, শ্রেষ্ঠ বাঙালিদের একজন। তিনি বেঁচে রইবেন অনেকগুলো পরিচয়ে; কিন্তু একই সঙ্গে তিনি যে একজন বাঙালি এবং বিশ্বমানব ছিলেন সে পরিচয়টি আমাদের অনন্ত অনুপ্রেরণা দেবে, যেমন দেবে তাঁর বাউল সাধনার গানগুলো।