গণমিছিল থেকে আবারও দাবি আদায়ের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো উত্তপ্ত শাহবাগ। মাঝেমধ্যে অগ্নস্ফুিলিঙ্গের মতো জ্বলে উঠছে। গতকাল রোববার আন্দোলনের ২০তম দিন সকালে গণজাগরণ মঞ্চে হঠাৎ ব্যাপক মানুষের সমাগম দেখে এমনটাই মনে হয়েছে। আগের রাতটা যথেষ্টই নিষ্প্রাণ ছিল। রাতভর জেগে থাকার প্রতিযোগিতায় শেষ পর্যন্ত মাত্র কয়েক শ মানুষ থেকে গিয়েছিলেন শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে। কিন্তু সকাল হতে না হতেই লোকজন আসতে শুরু করেন। সকালে সমবেত হওয়া এই মানুষদের সঙ্গে কথা বলে জানা গেল, ফেসবুকে প্রচারিত একটি উড়োখবরে উদ্ভ্রান্ত হয়ে ছুটে এসেছেন অনেকে। আন্দোলনকারীদের একজন শরাফত হোসেন জানালেন, ছবির মতো দেশ নামে একটি ফেসবুক পেজে প্রচার করা হয়, জামায়াত-শিবির সকালবেলা শাহবাগ আক্রমণ করে দখল নিতে আসবে। এ প্রচারণায় মানুষ বিভ্রান্ত হয়েছেন, এর ফলেই খুব সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছেলেমেয়েরা ছুটে আসেন শাহবাগে। ঢাকার বিভিন্ন এলাকা থেকেও মানুষ আসতে শুরু করেন। সকাল নয়টার পর থেকে ব্যাপক সমাগম শুরু হয়। এ সময় গণজাগরণ মঞ্চের স্লোগানও নতুন মাত্রা পেতে শুরু করে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে এত দিন ধরে যেসব স্লোগান দেওয়া হচ্ছিল সেগুলোর সঙ্গে যোগ হয় হরতাল প্রত্যাখ্যানের আহ্বানও। ‘গাড়ির চাকা ঘুরবে’, ‘স্কুল-কলেজ চলবে’, ‘অফিস-আদালত খোলা থাকবে’ এসব স্লোগানের সঙ্গে প্রজন্ম চত্বরের তরুণেরা তাঁদের ধর্মবিরোধী বলে যে প্রচারণা চালানো হচ্ছে তারও বিরোধিতা করে স্লোগান দিয়ে বলেন, ‘রাজাকারের ধর্ম নাই, ঘাতকের বিচার চাই’।আগের দিন শনিবার রায়েরবাজার বধ্যভূমির সমাবেশ ছিল শাহবাগের বাইরে তরুণ প্রজন্মের প্রথম কর্মসূচি এবং সেখানে দাঁড়িয়ে তাঁরা হরতালের সময় রাজপথ না ছাড়ার অঙ্গীকার করেন। পরে রায়েরবাজার থেকে ফিরে ওই কর্মসূচি শেষে শাহবাগে ফিরে শনিবার রাত ১০টার দিকে গণজাগরণ মঞ্চ থেকে হরতাল প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছিল। আগের দিনের ঘোষণা অনুযায়ী গতকাল সকাল আটটার দিকে রাজপথে গণমিছিল বের করার কথা থাকলেও মিছিল শুরু হতে দেরি হয়ে যায়। সকাল ১০টার কয়েক মিনিট আগে প্রথমবারের মতো মিছিল যায় শাহবাগ চত্বর ছেড়ে। তার আগে মঞ্চ থেকে পরিবেশিত হয় জাতীয় সংগীত। হাজারো মানুষের মিছিলের অগ্রভাগে ছিলেন মেয়েরা। প্রগতিশীল ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতাদেরও দেখা গেল সামনের সারিতে। তাঁদের অনেকের কপালে ফাঁসির দাবি লেখা এক চিলতে কাপড় বাঁধা ছিল। এ সময় মিছিলের সব হাত, পা, কণ্ঠ যেন মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি ও হরতালবিরোধী ছন্দোবদ্ধ স্লোগানের তালে তালে এক হয়ে যায়। গণজাগরণ মঞ্চের এ মিছিলটি মৎস্য ভবন, প্রেসক্লাব হয়ে পুরানা পল্টন পেরিয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে সকাল ১১টা বাজার কয়েক মিনিট আগে আবারও ফিরে আসে শাহবাগ মোড়ে, ৫ ফেব্রুয়ারি থেকে যে মোড়টি সারা দেশের আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি এখান থেকেই কাদের মোল্লার ফাঁসির দাবিকে কেন্দ্র করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম আন্দোলনের সূত্রপাত করেছিল।ওই মিছিলে অংশগ্রহণকারীদের একজন রওশন খান বলেন, গত শুক্রবার জুমার নামাজের পর পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত ধর্মপ্রাণ মুসলমানদের ছদ্মবেশে জামায়াত-শিবির যে তাণ্ডব চালিয়েছিল ওই এলাকা ঘুরে আসার মধ্য দিয়ে তারই প্রতিবাদ জানানো হয়েছে। ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি হাসান তারিক চৌধুরী বলেন, শাহবাগের আন্দোলনের প্রধান দাবিগুলোর সর্বাগ্রে রয়েছে যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং বিষয়টি ফয়সালা করতে সরকার এরই মধ্যে আইন সংশোধন করেছে। ফলে এ দাবিটি এখন পুরোপুরি আদালতের এখতিয়ারে চলে গেছে। গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে মৌলবাদী জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এবং তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রায়ত্ত করা বাকি রয়ে গেছে। সরকারের হাতে এ দুটি দাবি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। এখন দেখার বিষয়, শেখ হাসিনার সরকার ধর্মীয় মৌলবাদী জামায়াত-শিবির সম্পর্কে কতটা বিচক্ষণ নিদ্ধান্ত নেয়।শাহবাগে সংহতি জানাতে এসে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া স্বাক্ষর দিয়ে অংশগ্রহণ করেন মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান গণস্বাক্ষর কর্মসূচিতে। গণ-আন্দোলনের অংশ হিসেবে সকাল ১০টা থেকে স্বাক্ষর গ্রহণ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল নয়টা থেকেই সর্বস্তরের নারী-পুরুষ মিডিয়া সেন্টারে ভিড় করে স্বাক্ষর দেওয়া শুরু করেন। দুপুরের দিকে ভিড় একটু কমে গেলেও বিকেলে আবার বাড়তে শুরু করে লোকসমাগম। সন্ধ্যায় আন্দোলনকারীদের পক্ষে হরতাল প্রত্যাখ্যান করায় সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানানো হয়। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অংশ হিসেবে আজ বিকেল তিনটায় মিরপুর ১০ নম্বরে জাগরণ মহাসমাবেশের পূর্বঘোষিত কর্মসূচির কথাও সবাইকে স্মরণ করিয়ে দেওয়া হয়। আজও সকাল ১০টা থেকে শাহবাগে গণস্বাক্ষর সংগ্রহ চালিয়ে যাওয়া হবে।