গণমিছিলে রাজধানীতে যানজট চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৭ জানুয়ারি বিকেল চারটায় সারা দেশে মানববন্ধন করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। আজ রাজধানীতে গণমিছিল কর্মসূচি শুরুর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এ ঘোষণা দেন। এদিকে গণমিছিলের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে আজ তীব্র যানজট হয়। এতে রাজধানীবাসী পড়ে চরম ভোগান্তিতে।যুদ্ধাপরাধীদের বিচারের দাবি, বিরোধী দলের আন্দোলন মোকাবিলা ও জামায়াতে ইসলামীর সহিংস তত্পরতার প্রতিবাদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের গণমিছিল বিকেল তিনটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও বিকেল চারটার কিছুক্ষণ পর তা শুরু হয়। মিছিলটি বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব-হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের বিজয়মঞ্চের সামনে গিয়ে শেষ হয়েছে। গণমিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু বলেন, আগামী ৭ জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ঢাকায় মানববন্ধন হবে। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে গণমিছিলের কারণে পল্টন থেকে গুলিস্তান, গুলিস্তান-যাত্রাবাড়ী ও গুলিস্তান-সদরঘাট সড়কে ছিল তীব্র যানজট। রাস্তায় জনগণকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে মতিঝিল এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল। গণমিছিল শেষে বিকেলে ফার্মগেট থেকে শাহবাগ মোড়, জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক, কাকরাইল ও আশপাশের এলাকা এবং শাহবাগ থেকে নিউমার্কেটে যাওয়ার সড়কে যানজট ছড়িয়ে পড়ে। গণমিছিলের কারণে পুলিশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পল্টন, দৈনিক বাংলার মোড়, শাহবাগসহ কয়েকটি এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করায় যানজট বেড়ে যায়। মতিঝিলের সিটি সেন্টারের সামনে কর্মরত পুলিশ সার্জেন্ট অমলেশ প্রথম আলো ডটকমকে বলেন, মতিঝিল থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে ভারী যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে রিকশাসহ ছোট ধরনের যানগুলোকে চলতে দেওয়া হয়েছে।