গণমিছিলের জন্য পল্টন ব্যবহারের অনুমতি দিচ্ছে না সরকার: নজরুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি জনস্বার্থে সরকারকে সচেতন করতে গণতান্ত্রিক কর্মসূচি পালন করছে। অথচ বারবার অনুমতি চাওয়া সত্ত্বেও সরকার গণমিছিল কর্মসূচির জন্য পল্টন ময়দান ব্যবহারের অনুমতি দিচ্ছে না। গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়ে সরকার দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।আগামী ৯ আগস্ট বিএনপির গণমিছিল সফল করতে ঢাকায় গণসংযোগ কর্মসূচি শুরু করেছে বিএনপি। আজ শনিবার প্রেসক্লাব ও তোপখানা এলাকায় গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান। পরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।দলের কেন্দ্রীয় নেতারা আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাব, তোপখানা ও পল্টন এলাকায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করে গণমিছিল কর্মসূচি সফল করার আহ্বান জানান। লিফলেটে দলের পক্ষ থেকে ১৩ দফা দাবি তুলে ধরা হয়।নজরুল ইসলাম বলেন, গণমিছিলের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মিছিলের জন্য পল্টন ময়দানের প্রয়োজন নেই। কিন্তু মিছিলে যাঁরা অংশ নেবেন, তাঁদের এসে অবস্থান করার জন্য পল্টন ময়দান ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল।