গণমুক্তি ফৌজের ‘প্রধান উপদেষ্টা’ গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল বন্দর থেকে গত শুক্রবার শহিদুল ইসলাম ওরফে মহন হুজুর (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শীর্ষস্থানীয় চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের ‘প্রধান উপদেষ্টা’। শহিদুল ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল ও চারটি গুলি। অস্ত্র উদ্ধারের ঘটনায় কুষ্টিয়া সদর থানায় গতকাল শনিবার মামলা হয়েছে।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম জানান, শহিদুল ইসলাম গণমুক্তি ফৌজের সামরিক শাখার প্রধান আমিনুল ইসলাম ওরফে মুকুলের বড় ভাই। পুলিশ জানায়, চলতি বছর কুষ্টিয়ায় চরমপন্থীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হলে মুকুল দেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকায় আশ্রয় নেন। কয়েক মাস আগে সেখানকার পুলিশ তাঁকে আটক করে জেলহাজতে পাঠায়।সি এ হালিম জানান, ভাইকে ছাড়ানোর জন্য বড় অঙ্কের অর্থ নিয়ে কয়েক দিন আগে শহিদুল বনগাঁয় যান। শুক্রবার তিনি বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরে এলে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শহিদুলকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সেখানে এক সংবাদ ব্রিফিংয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদে শহিদুল পুলিশের কাছে কয়েকজন চরমপন্থীর নাম বলেছেন। তাঁদের গ্রেপ্তারের জন্য শুক্রবার রাত থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। গতকাল সদর উপজেলার আলামপুরে শহিদুলের বাড়ি থেকে একটি দেশীয় পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়।সুভাষ চন্দ্র সাহা জানান, ১৯৯৩ সালে ভারত থেকে হেরোইন আনার সময় পুলিশের হাতে গ্রেপ্তার হন শহিদুল। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে মামলা হয় ও পরে আদালত শহিদুলকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। ১৯ মাস কারাগারে থাকার পর উচ্চ আদালত থেকে তিনি জামিন পান। তিনি জানান, চট্টগ্রাম ও রাঙামাটিতে অবৈধ অস্ত্রের ব্যবসা ছিল শহিদুলের। তিনি চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মুক্তিপণের টাকা গ্রহণ করতেন। এভাবে সংগৃহীত টাকা দলের ক্যাডারদের মধ্যে বিতরণ ও ভারতে পালিয়ে থাকা মুকুলের কাছে পাঠাতেন।অতিরিক্ত পুলিশ সুপারের ভাষ্যমতে, সম্প্রতি শহিদুল সদর উপজেলার বালিয়াপাড়া গরুরহাটের ইজারাদারদের কাছ থেকে আরামপুর মাদ্রাসার মেরামত ও সংস্কারের নামে সাড়ে আট লাখ টাকা নেন। কিন্তু তা মাদ্রাসায় না দিয়ে ওই টাকা দিয়ে ভারতের কারাগারে আটক তাঁর ভাই মুকুলকে ছাড়ানোর জন্য সেখানে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। বিভিন্ন মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ মহকুমার সাব ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) সৌমেন্দ্র দাসকে ৩০ লাখ টাকা ঘুষের প্রস্তাব দেন শহিদুল। যাতে জামিনে মুক্তি পেলে মুকুলকে আর গ্রেপ্তার করা না হয়। কিন্তু সৌমেন্দ্র দাস ওই প্রস্তাব গ্রহণ করেননি।ব্রিফিংয়ে সুভাষ চন্দ্র সাহা সাংবাদিকদের জানান, টেন্ডারবাজি ও চাঁদাবাজির টাকায় মুকুল কলকাতায় একটি বাড়ি কিনেছেন। এ ছাড়া পুলিশের কাছে তথ্য আছে টেন্ডারবাজি ও চাঁদাবাজির টাকায় ২০০৩ সালে ৩৩ লাখ টাকা দিয়ে ঢাকার দক্ষিণখানে একটি বাড়ি কেনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করেন। উদ্ধারকৃত অস্ত্র সম্পর্কে তিনি বলেন, বেশ কিছুদিন আগে মুকুল তাঁকে অস্ত্রটি রাখতে দিয়েছিলেন। মাদ্রাসার নামে টাকা নেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, টাকা নেওয়া হলেও পরে তা ফেরত দেওয়া হয়েছে। তাঁর দাবি, ‘মুকুল পুরোপুরি ভালো হয়ে গেছে। সে নামাজ-কালাম পড়ে। আর অবৈধ কর্মকাণ্ড করবে না বলে জানিয়েছে।’পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শহিদুল ইসলামকে গতকাল সদর থানা হাজতে রাখা হয়। আজ রোববার তাঁকে কুষ্টিয়া মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হবে।