গণমুক্তিফৌজের বিভাগীয় কমান্ডার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর গ্রাম থেকে খন্দকার জাহাঙ্গীর আলম ওরফে অরফেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, গত শুক্রবার রাতে গ্রেপ্তার হওয়া অরফেন চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের খুলনা বিভাগের কমান্ডার।কুষ্টিয়া পুলিশ সুপারের সম্মেলনকক্ষে গতকাল শনিবার দুপুরে অরফেনকে সাংবাদিকদের সামনে আনা হয়। পুলিশ সুপার (এসপি) শাহাবুদ্দিন খান জানান, শুক্রবার গভীর রাতে চরমপন্থী অরফেনকে আলামপুর গ্রামের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কুষ্টিয়ার বিভিন্ন থানায় অরফেনের বিরুদ্ধে দুটি হত্যা ও দুটি অস্ত্র মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।পরে অরফেন চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ার কাহিনী তুলে ধরেন। তিনি জানান, ১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি চরমপন্থী সংগঠন শ্রমজীবী মুক্তি আন্দোলনের সামরিক শাখা গণমুক্তিফৌজের কুষ্টিয়া জেলা কমিটির যুগ্ম সম্পাদক পদে ছিলেন। অরফেন আরও জানান, গত ২২ আগস্ট দলের শীর্ষ নেতা মুকুলের নির্দেশে বোরকা পরে আলামপুরের একটি পানের বরজে বসে তিনি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাত্কার দেন। এ ছাড়া ২৪ আগস্ট জালাল বিশ্বাসকে সঙ্গে নিয়ে কুমারখালী উপজেলার আলাউদ্দীন নগরের আলাউদ্দীন পার্কে বসে পৃথক একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাত্কার দেন। শ্রমিকের এ অধিকার আদায়ের জন্যই তাঁরা গোপন সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন বলে জানান অরফেন। তিনি জানান, তাঁরা গলাকাটা হত্যার রাজনীতির সঙ্গে জড়িত নন। তবে কেউ আঘাত করলে তাঁকে গুলি করে হত্যা করা হয়। সংগঠনের অস্ত্রগুলো বিভিন্ন সময় মিয়ানমার ও ভারত থেকে আনা হয়। অস্ত্রগুলো কৃষক ও মেহনতি মানুষের কাছে আছে।অরফেন জানান, পুলিশকে মোকাবিলা করার মতো ভারী অস্ত্রও সংগঠনের সংগ্রহে রয়েছে। সশস্ত্র আন্দোলনের সময় হলে এসব অস্ত্র ব্যবহার করা হবে। শেষে ওই সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ায় তিনি অনুশোচনা করেন। আইনি প্রক্রিয়ায় তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেন।