গণরায়কে অসম্মান করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার, নির্বাচন ও ভোটার তালিকাকে অবৈধ বলে জনগণের রায়কে অসম্মান না করার জন্য বিরোধীদলীয় নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘উনি (খালেদা জিয়া) ইদানীং সবকিছুতেই অবৈধ দেখছেন। সরকার, নির্বাচন কমিশন আর ভোটার তালিকাকে অবৈধ বলছেন। ওনারা বৈধ জিনিসকে অবৈধ দেখবেন, এটাই স্বাভাবিক। কারণ, পঁচাত্তরে জাতির জনককে হত্যার পর ওনার স্বামী অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন।’গতকাল বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকের শুরুতে শেখ হাসিনা এসব কথা বলেন।আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু করার বিষয়ে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম চালু করতে চাই। যাতে নির্বাচনে কোনোভাবেই কারচুপি না হয়।’শেখ হাসিনা বলেন, ‘আমি বিরোধীদলীয় নেতাকে বলব, সরকার, নির্বাচন ও ভোটার তালিকাকে অবৈধ বলে জনগণের রায়কে অসম্মান করবেন না। দেশের প্রতিটি নাগরিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাই দেখেছে এবং জানে, ২০০৮ সালের নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও অবাধ হয়েছে।’ তিনি বলেন, ভোটার তালিকা ওনার (খালেদা জিয়া) অবৈধ মনে হওয়ার কারণ, ওনার তৈরি ভোটার তালিকা থেকে এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার বের হয়েছিল। ৩০০ আসনে এই ভুয়া ভোটার ভাগ করে দিলে নির্বাচনে এমনিতেই কারচুপি হয়ে যেত।’চলতি অধিবেশনে বিরোধী দল সংসদে যোগ দেবে বলে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, সংসদ সদস্যপদ টিকিয়ে রাখতে হলেও তাঁরা সংসদে যোগ দেবেন। কারণ, তাঁদের ৯০ দিনের মেয়াদ শেষ হয়ে এসেছে। নিজ নিজ এলাকায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্যও দলীয় সাংসদদের পরামর্শ দেন শেখ হাসিনা। সাংসদেরা যেন আরও বেশি করে সংসদ অধিবেশনে কথা বলতে পারেন, সে জন্য প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপনের জন্য স্পিকারকে অনুরোধ করা হবে বলে সংসদ নেতা উল্লেখ করেন। গণতন্ত্র আরও সুসংহত করতে দলীয় সাংসদদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের আপ্রাণ চেষ্টার বিষয়টিও বৈঠকে উল্লেখ করেন।