গণশুনানির আয়োজন করা উচিত—ড. কামাল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ও আন্তর্জাতিকভাবে সুখ্যাতি ও মর্যাদা অর্জনকারী নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ভাবমূর্তি ক্ষুণ্নের পথ কেন বেছে নেওয়া হয়েছে, তা সরকারের কাছে জানতে চাওয়ার সময় এসেছে দেশের সব সচেতন নাগরিকের। গতকাল শনিবার এক বিবৃতিতে বিশিষ্ট সংবিধানবিশেষজ্ঞ ও আইনজ্ঞ ড. কামাল হোসেন এ কথা বলেছেন। বিবৃতিতে কামাল হোসেন বলেন, আমি আশা করি, নির্বাহী বিভাগের এ ধরনের স্বেচ্ছাচারী উদ্যোগে সাংসদেরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারেন না। তাঁরা এটা অনুমোদন দিতে পারেন না যে একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় একটি অধ্যাদেশের মাধ্যমে সংক্ষেপিতভাবে বিহিত হবে। জাতীয় সংসদকে এ ধরনের বিষয় নিয়ে একটি বিতর্কের সুযোগ দেওয়া উচিত। সংসদীয় কমিটির উচিত এ ধরনের প্রস্তাবিত সংশোধনের প্রয়োজনীয়তার ওপর একটি গণশুনানির আয়োজন করা। এটা দৃষ্টিগোচর হওয়া উচিত যে গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে বোর্ড সদস্যদের ক্ষমতা নিয়ন্ত্রণ করে ব্যাংকটির ওপর রাজনৈতিক ও আমলাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার মতো উদ্যোগ জনস্বার্থের বিপক্ষে। আমাদের প্রশ্ন করা প্রয়োজন, কেন গ্রামীণ ব্যাংকের ওপর প্রাতিষ্ঠানিক ও মুহাম্মদ ইউনূসের ওপর ব্যক্তিগত আক্রমণ করা হলো? মুহাম্মদ ইউনূসের মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি গ্রামীণ ব্যাংকের মালিকদের অধিকার ক্ষুণ্ন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে আঘাত করাকে কেন অগ্রাধিকার দেওয়া হলো? আমাদের কিছু বিষয়ের যথাযথ উত্তর জানা প্রয়োজন। কেননা, যখন শেয়ারবাজার কেলেঙ্কারি, রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পসহ বেশ কিছু তদন্ত সম্পর্কে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, তখন সরকার এককভাবে মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংককে অগ্রাধিকার দিয়ে টার্গেট করেছে।বিবৃতিতে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংক ও এর প্রতিষ্ঠাতার মর্যাদাহানি করার উদ্যোগ শুধু দেশের মর্যাদা ক্ষুণ্ন করবে। আমাদের দেশের ভাবমূর্তি সমুন্নত করার অধিকার থেকে বঞ্চিত করা হবে। এ জন্য আমাদের জাতীয় সম্পদকে সুরক্ষা দিতে হবে। এসব বিষয়ে নাগরিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বিবৃতিতে সবশেষে দেশের বিশিষ্ট এই আইনজ্ঞ বলেন, বহুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে মুহাম্মদ ইউনূস উদ্ভাবনী উপায়ে ভূমিহীন দরিদ্র নারীদের ক্ষমতায়ন করেছেন। অক্লান্ত পরিশ্রম করে তিনি তাঁর ধারণাকে কয়েকটি থানা থেকে শুরু করে জাতীয়ভাবে সাংগঠনিক রূপ দিয়েছেন।