আগামী ২ জুলাই পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি। এরপর ৩ জুলাই কঠোর কর্মসূচি ঘোষণা করবে দলটি। কর্মসূচির মধ্যে হরতালও থাকবে।গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এসব কর্মসূচির কথা বলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুৎ-পানি ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিএনপি সারা দেশে এই কর্মসূচি করে।এর আগে গত শনিবার দলীয় কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল চেষ্টার প্রতিবাদে গতকালের সমাবেশ থেকে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। হরতাল না দেওয়ার কারণ সম্পর্কে তিনি গতকালের সমাবেশে বলেন, ভবিষ্যতে টানা হরতাল দেওয়া হবে। কিন্তু এর জন্য একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কেন্দ্রীয় নেতারা ঢাকার বাইরে গণসংযোগ করছেন। সাংগঠনিক কর্মসূচিও পালন করছেন। এগুলো শেষ হলে আগামী ৩ জুলাই কঠোর কর্মসূচি দেওয়া হবে।মির্জা ফখরুল বলেন, এই সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা জিনিসপত্রের দাম কমাতে পারছে না। জনগণ এখন দুঃসহ জীবন যাপন করছে। ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারবে না জেনে আওয়ামী লীগ এখন সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার পাঁয়তারা করছে। কিন্তু গণতন্ত্র রক্ষার জন্য যত দিন প্রয়োজন হয় হরতাল দেওয়া হবে, লাগাতার কর্মসূচি দেওয়া হবে। তিনি বলেন, শেখ হাসিনা ভুলে গেছেন, শেখ মুজিব বাকশাল গঠনের পর কত দিন ক্ষমতায় থাকতে পেরেছিলেন।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের মতো সময় এখনো আসেনি। তিনি দেশে অহেতুক রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান। গতকালের সমাবেশে ঢাকা মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দুপুরের পর থেকেই বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। তাঁরা ব্যানার ও প্লাকার্ড বহন করেন। দলীয় নেতারা সরকারের পদত্যাগ দাবি করে স্লোগান দেন। সড়ক আটকে নেতা-কর্মীরা অবস্থান নেওয়ায় নয়াপল্টন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমাবেশের শুরুতে নেতা-কর্মীরা হরতাল দেওয়ার জন্য বারবার স্লোগান দেন। কেন্দ্রীয় নেতারা মঞ্চে বসে তাঁদের উদ্দেশে বলেন, আপনাদের এই চাওয়া পূরণ হবে। কিন্তু শেষ পর্যন্ত হরতাল না দেওয়ায় আশাভঙ্গ হয় কর্মীদের।একই কর্মসূচি গতকাল সারা দেশে পালিত হয়েছে বলে বিএনপি জানিয়েছে। ঢাকায় কেন্দ্রীেয়ভাবে সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার ও আবদুল মইন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও আলতাফ হোসেন চৌধুরী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান ও শামসুজ্জামান প্রমুখ।