গণহত্যার চেয়ে কম ভয়াবহ নয় ভাষাহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই জেনোসাইড বা গণহত্যা শব্দটি চালু হয়। গণহত্যার বিচার নিয়ে কাজ করার জন্য খ্যাত পোলিশ আইনজীবী রাফায়েল লেমকিন শব্দটি প্রথম ব্যবহার করেন। জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক বিশ্বাস কিংবা অন্য কিছুর ভিত্তিতে সংগঠিত কোনো গোষ্ঠীকে পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে সম্পূর্ণ বিনাশ করার লক্ষ্যে পরিচালিত হত্যাকাণ্ডই গণহত্যা। দুটি জ্বলজ্বলে উদাহরণ: দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বন্দিশিবিরে ইহুদি-নিধন এবং ১৯৯০ দশকে রুয়ান্ডায় হুতুদের হাতে তুতসি হত্যা। গণহত্যার ঘটনা চাপা দেওয়া যায় না। আর গণমাধ্যমের প্রসারের ফলে তা নজরে চলে আসে। তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করা অনেক ক্ষেত্রে সম্ভব না হলেও বিশ্ববাসীর জানার সুযোগ হয়, দ্রুত জনমতও গঠিত হয়। কিন্তু ‘লিঙ্গুইসাইড’ বা ভাষাহত্যার বিষয়টি ঘটে ধীরগতিতে, কখনো কখনো মানবিকতার প্রলেপে, উন্নয়নের দোহাই দিয়ে। বিষয়টি প্রকাশিত হয় বড্ড দেরিতে, অধিকাংশ ক্ষেত্রেই চরম ক্ষতিটি হয়ে যাওয়ার পর।‘লিঙ্গুইসাইড’ বা ভাষাহত্যা শব্দটির প্রথম ব্যবহারকারী জে আর রাসেল। পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে ভাষার মূলোৎপাটনই লিঙ্গুইসাইড। প্রথমে ইচ্ছাকৃত কথাটা বলা হলেও পরবর্তী সময়ে ভাষাহত্যার অনিচ্ছাকৃত প্রচেষ্টাকেও লিঙ্গুইসাইড হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ক্ষেত্রে উদ্দেশ্যের সুদূরপ্রসারী প্রতিক্রিয়া বিবেচনায় আনা হয়েছে। শত যুক্তি উপস্থাপন করে ভাষার বিনাশকে বৈধতা দানের চেষ্টা করা হয়ে থাকে। আর এটা সবচেয়ে বেশি ঘটানো হয় শিক্ষার ক্ষেত্রে। টোভ স্কাটনার-কাঙ্গাস লিঙ্গুইস্টিক জেনোসাইড ইন এডুকেশনে এ ধরনের অনেক উদাহরণ দিয়েছেন।ভাষাহত্যাযজ্ঞ কেমন করে ঘটেছেএর জন্য ওয়্যার ক্যাবিনেট বা যুদ্ধ ঘোষণার প্রয়োজন হয় না। ভাষাহত্যায় গত শত বছরে যেসব পদ্ধতি অবলম্বন করা হয়েছে, তার একটি বিবরণ:নিখোঁজ প্রজন্ম সৃষ্টি: একসময় অস্ট্রেলিয়ার আদিবাসী শিশুদের অপহরণ করে বোর্ডিং স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল। আদিবাসীরা রাষ্ট্রীয় অপহরণকারীদের সঙ্গে পেরে ওঠেনি। স্কুলের ও বোর্ডিংয়ের সম্পূর্ণ ভিন্ন পরিবেশে অপহূত শিশুরা মূলোৎপাটিত অবস্থায় আরোপিত ভাষাটিকে শিখতে থাকে। ক্রমশ হয়ে ওঠে নতুন সংস্কৃতির সন্তান। যেকোনো ভাষাভাষী সব শিশুকে যদি বিচ্ছিন্ন করে ফেলে নতুন ভাষায় সবক দেওয়া যায়, শিশুটির মূল ভাষার মৃত্যু অনিবার্য। বৃদ্ধরা ভাষা বাঁচিয়ে রাখতে পারে না। অস্ট্রেলিয়ার আদিবাসীদের সন্তানদের এভাবেই অপহরণ করে নিজস্ব সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করে তার মাতৃভাষাটি হত্যা করা হয়েছে।শক্তিশালী ভাষা আরোপ: সরকারি কিংবা রাষ্ট্রভাষার ঘোষণা দিয়ে একটি ভাষাকে প্রতিষ্ঠিত করলে জীবন ও জীবিকার তাগিদে সে ভাষাটির দিকে ঝুঁকতেই হয়। ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, জার্মান, পর্তুগিজ, হিন্দির প্রবক্তারা সেই সুযোগটির পূর্ণ ব্যবহার করেছেন।ভাষা নিষিদ্ধকরণ: হাওয়াই যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হওয়ার পর হাওয়াইয়ান ভাষাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। প্রায় মৃত অবস্থা থেকে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে এখন ভাষাটিকে বাঁচিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।ভিন্ন সংস্কৃতির প্রভাব: শাসনের মাধ্যমে চাপানো ছাড়াও শক্তিশালী গণমাধ্যমের প্রচারণার ফলে ভিন্ন সংস্কৃতির চটুল দিকগুলো খুব দ্রুত প্রভাব বিস্তার করে, আতিথ্য প্রদানকারী দেশের মূল্যবোধকে বিনষ্ট করে দেয়, একসময় ভাষারও আধিপত্য শুরু হয়ে যায়।বিদেশি ভাষা লালন: রাষ্ট্রীয়ভাবে যখন একটি বিদেশি ভাষাকে লালন করা হয়, সে ভাষার আর্থিক গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়, তখন মূল ভাষা সংকুচিত হতে শুরু করে।গণহত্যা: ইহুদি বিনাশের নামে দ্বিতীয় মহাযুদ্ধকালীন পরিকল্পিত হত্যাযজ্ঞ ইডিশ ভাষাকে ধ্বংস করে দিয়েছে, ইন্ডিয়ান যুদ্ধের কারণে বিলীন হয়েছে অনেক আমেরিকান আদিবাসীর ভাষা।মাতৃভাষা শেখায় অনাগ্রহ: এই ব্যাধিটি এখন একুশে ফেব্রুয়ারির দেশ বাংলাদেশেও এসে পৌঁছেছে। নিম্নবিত্ত পরিবারপ্রধানও তাঁর সন্তানকে ব্যয়বহুল ইংরেজি মাধ্যমে পড়ানোর স্বপ্ন দেখেন। যুক্তরাজ্যে স্কটিশ গেইলিক কিংবা ওয়েলস ভাষার প্রতি আগ্রহ হারিয়েছেন সেই ভাষাভাষী অভিভাবকেরা, শিশুরাও ইংরেজি পরিবেশে বেশি অভ্যস্ত। চুপিসারে গ্লোটোপলিটিক্স বা ভাষার রাজনীতি ও ভাষাযুদ্ধ চালিয়ে যাচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো, বাজার সম্প্রসারণের জন্য ভাষাই তো সবচেয়ে বড় হাতিয়ার। সুতরাং বহুজাতিক কোম্পানিগুলোর পণ্যের প্রচারণা তাদেরই সুবিধাজনক ভাষায়। তারা জানে, গরিব ও বিপন্ন দেশের মানুষ তাড়াতাড়ি বদলায়, তাদের বদলানোর প্রয়োজন নেই।জন কোবারাবিয়াস দেখিয়েছেন: ক. পদ্ধতিগতভাবে ভাষাহত্যার চেষ্টা চালানো হচ্ছে।খ. ভাষাকে মরে যেতে দেওয়া হচ্ছে। গ. কোনো কোনো ভাষার বিকাশে রাষ্ট্রীয় ব্যয় শূন্য। ঘ. কোনো কোনো ভাষার ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যয় অত্যধিক। ঙ. রাষ্ট্র দ্রুত ভিনদেশি ভাষাকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করছে।