গণহত্যার জন্য গুয়াতেমালার প্রেসিডেন্টের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুয়াতেমালায় ১৯৮২ সালে সংঘটিত গণহত্যার জন্য দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট এলভারো কোলোম। এলভারো গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, ‘প্রেসিডেন্ট ও সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে আমি রাষ্ট্রের পক্ষ থেকে ওই ঘটনায় নিহত ও তাঁদের স্বজনদের প্রতি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করছি।’ তিনি ১৯৮২ সালের ওই গণহত্যাকে গুয়াতেমালার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় বলে উল্লেখ করেন।সাবেক সামরিক শাসক জেনারেল ইফরেইন রিওস মনতের শাসনামলে গুয়াতেমালার দোস ইরেস গ্রামে সরকারি সেনারা দুই শতাধিক ব্যক্তিকে হত্যা করে। গ্রামটির বাসিন্দারা বামপন্থী গেরিলাদের সমর্থন ও আশ্রয় দিয়েছিল—এমন ধারণা থেকে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী।গত আগস্টে দোস ইরেস গ্রামের গণহত্যার ঘটনায় দেশটির একটি আদালত চার সেনাকে মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্ত করেন। পরে ওই সেনাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। তাঁরা গুয়াতেমালার সামরিক বাহিনীর বিশেষ একটি ইউনিটের সদস্য ছিলেন। ওই গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের বিচারের আওতায় না আনায় তিনি হতাশ। তিনি বলেন, ওই নির্দেশদাতারাই বেশি অপরাধী।