গণহত্যায় অংশ নিয়েছিলেন কাদের মোল্লা
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। এ সময় কাদের মোল্লা আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী অভিযোগ করেন, একাত্তরের ২৫ নভেম্বর কেরানীগঞ্জের ঘাটারচরে যে গণহত্যা সংঘটিত হয়েছিল সেখানে কাদের মোল্লা অংশ নিয়েছিলেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কাদের মোল্লার বিরুদ্ধে চারটি অভিযোগ প্রমাণের সপক্ষে যুক্তি উপস্থাপন শেষে পাঁচ নম্বর অভিযোগ প্রমাণের জন্য যুক্তি উপস্থাপন শুরু করেছেন। ১৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়।কাদের মোল্লার বিরুদ্ধে তিন নম্বর অভিযোগের কথা বলতে গিয়ে কৌঁসুলি বলেন, একাত্তরের ২৯ মার্চ সাংবাদিক খন্দকার আবু তালেব হত্যাকাণ্ডে কাদের মোল্লা জড়িত ছিলেন। এটা রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী আবু তালেবের ছেলে খন্দকার আবুল আহসান ও দশম সাক্ষী সৈয়দ আবদুল কাইয়ুমের সাক্ষ্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে।এরপর মোহাম্মদ আলী চতুর্থ অভিযোগের বিষয়ে বলেন, একাত্তরের ২৫ নভেম্বর কেরানীগঞ্জের ঘাটারচরে যে গণহত্যা সংঘটিত হয়েছিল, সেখানে কাদের মোল্লা অংশ নিয়েছিলেন। এটি রাষ্ট্রপক্ষের প্রথম, সপ্তম ও অষ্টম সাক্ষীর সাক্ষ্য থেকে প্রমাণিত হয়। বেলা দুইটার পর আসামিপক্ষের আইনজীবী ফরিদ উদ্দিন খান ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে পুনরায় চার নম্বর অভিযোগের যুক্তি উপস্থাপন শুরুর আবেদন জানালে ট্রাইব্যুনাল তা খারিজ করে দেন। এরপর কৌঁসুলি পাঁচ নম্বর অভিযোগ পল্লবী থানার ঘাটারচরে সংঘটিত গণহত্যার অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থান শুরু করলে যুক্তি অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম ২৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।