মানবতাবিরোধী অপরাধের বিচার রাউজানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল
গণহত্যায় সাকার জড়িত থাকার প্রমাণ মিলছে
চট্টগ্রামের রাউজানে নূতন চন্দ্র সিংহ হত্যাকাণ্ডসহ গণহত্যায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর জড়িত থাকার অভিযোগ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। গতকাল শুক্রবার একাত্তরের মানবতাবিরোধী অপরাধ তদন্ত করতে দলের সদস্যরা রাউজানে আসেন। তদন্ত দল রাউজানের কুণ্ডেশ্বরী ঔষধালয়ে নূতন চন্দ্র সিংহ হত্যাকাণ্ড, সুলতানপুরের জগৎমল্লপাড়া ও ঊনসত্তরপাড়ার গণহত্যার স্থান ঘুরে দেখে এবং সাক্ষ্য নেয়। একাত্তরে জগৎমল্লপাড়ায় ৩৭ ও ঊনসত্তরপাড়ায় ৬৯ জন সংখ্যালঘু ব্যক্তিকে হত্যা করা হয়েছিল। শহীদ পরিবারের সদস্যরা তদন্ত দলকে তাঁদের স্বজন হত্যার বিচারের পাশাপাশি শহীদ পরিবারকে অবহেলার কথাও তুলে ধরেন। তাঁরা সাকা চৌধুরী ও তাঁর পরিবার হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ করেন। সাত সদস্যের তদন্ত দলের নেতৃত্ব দেন ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী গোলাম আরিফ টিপু। তদন্ত দলের অন্য সদস্যরা হলেন জেয়াদ-আল্ মালুম, মোখলেসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান, সহকারী পুলিশ সুপার মো. নুরুল ইসলাম, পরিদর্শক আবদুর রাজ্জাক ও এস এম এদ্রিস আলী। এ ছাড়া আইনজীবী রানা দাশগুপ্ত তদন্ত দলের সঙ্গে ছিলেন।গতকাল দুপুর পর্যন্ত সাক্ষ্য গ্রহণের পর ট্রাইব্যুনালের আইনজীবী জেয়াদ-আল্ মালুম বলেন, ‘গণমাধ্যমে একাত্তরের চিহ্নিত যুদ্ধাপরাধী হিসেবে সাকা চৌধুরীর নাম অনেকবার এসেছে। এখন তাঁর পাশাপাশি ফজলুল কাদের চৌধুরীর নামও আসছে।’ সাকা চৌধুরী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে প্রথম আলোকে বলেন, ‘তদন্তকারী দল মাত্র ছয় ঘণ্টায় ৩৯ বছর আগের ঘটনা তদন্ত করে ফেলেছে। তাদের তো সাংসদ শাওনের গাড়িতে ইব্রাহিম হত্যাকাণ্ড, একুশে আগস্ট গ্রেনেড হামলা, বিডিআরের ঘটনা তদন্ত করতে দেওয়া উচিত। আর প্রফুল্ল তখন তো দেশেই ছিলেন না। তিনি তদন্ত দলকে সব শোনা কথা বলেছেন।’তদন্তকারী দল সকাল ১০টায় রাউজানের গহিরার কুণ্ডেশ্বরী ঔষধালয় এলাকায় শহীদ অধ্যক্ষ নূতন চন্দ্রের বাড়ি পরিদর্শন করে। এ সময় সাংবাদিকদের সামনে নূতন চন্দ্রের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ তদন্ত দলকে তাঁর বাবাকে হত্যার স্থান ঘুরে দেখান এবং তখন কারা সেখানে ছিলেন, তার বর্ণনা দেন।প্রফুল্ল সিংহ সাংবাদিকদের বলেন, ‘১৩ এপ্রিল সকাল ১০টার দিকে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সাকা চৌধুরী আমাদের বাড়িতে এসে বাবাকে মন্দির থেকে বের করেন। পরে তাঁকে ব্রাশফায়ারে হত্যা করা হয় বলে শুনেছি।’ তিনি বলেন, পাকিস্তানি বাহিনী এর আগে দুবার এসে বাবার সঙ্গে কথা বলে চলে যায়। পরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সাকা চৌধুরী এসে বলেন, তাঁর বাবা (ফজলুল কাদের চৌধুরী) নূতন সিংহকে হত্যার নির্দেশ দিয়েছেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২৯ জানুয়ারি এ ঘটনায় রাউজান থানায় একটি হত্যা মামলা করেন প্রফুল্লের বড় ভাই সত্য রঞ্জন সিংহ। এতে সাকা চৌধুরী ও তাঁর বাবা ফজলুল কাদের চৌধুরীকে আসামি করা হয়। নূতন চন্দ্রের স্বজনেরা জানান, হত্যাকাণ্ডের সময় বাড়িতে নূতন চন্দ্রসহ তাঁর দু-তিনজন আত্মীয় ছিলেন। পাকিস্তানি সেনারা এলে তাঁরা পালিয়ে যান। ১৯৭১ সালের ১১ এপ্রিল বর্তমান বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমানের অনুরোধে প্রফুল্ল ও অন্য সদস্যরা পরে ভারতে চলে যান। প্রফুল্ল বলেন, ‘বাবাকে সবাই চলে যেতে অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি জন্মস্থান ছেড়ে যেতে রাজি হননি। পরে নোমান আমাকে জোর করে পাঠিয়ে দেন।’নূতন সিংহের বাড়ির সামনে সাকার লোকজন: তদন্ত দল সাক্ষ্য নেওয়ার সময় নূতন সিংহের বাড়ির সামনে ৫০-৬০ জন লোক জড়ো হয়ে সাকার পক্ষে সাফাই গাইতে থাকেন। তাঁদের অনেকের বয়স ৩০ বছরের নিচে। তাঁদের মধ্যে বাবুল মেম্বার, আবুল হাসেম অন্যতম। আবার কয়েকজন প্রবীণ ব্যক্তি থাকলেও তাঁরা একাত্তর সালে মুসলিম লীগের সদস্য ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন আহমদ হোসেন ওরফে বাচ্চু ড্রাইভার, বজল আহমদ।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সাকার পক্ষের লোকজন একপর্যায়ে নূতন চন্দ্রের বাড়ির বাইরে হইচই শুরু করেন। তাঁরা দাবি করেন, গণহত্যার সময় সাকা চৌধুরী লন্ডনে ছিলেন। পরে পুলিশ এসে তাঁদের ধাওয়া দিলে তাঁরা চলে যান। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিখিল চন্দ্র মণ্ডল বলেন, এসব লোক পরিকল্পিতভাবে তদন্তকাজ ব্যাহত করতে এসেছিলেন। পরে পুলিশ তাঁদের তাড়িয়ে দিয়েছে। ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন সাকার: গতকাল রাতে গুডস হিলের বাসভবনে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন সাকা চৌধুরী। তিনি বলেন, এটা কিসের আদালত? এর এখতিয়ার কী? তিনি আবার তদন্ত দলকে সঠিক তদন্ত করার আহ্বান জানিয়ে বলেন, ট্রাইব্যুনাল এমন কোনো সার্কাস যেন না করেন, যাতে মানুষের মনে বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দেবে। একাত্তরের এপ্রিলে তিনি দেশে ছিলেন না দাবি করে সাকা আরও বলেন, ‘৮ এপ্রিল রাউজান থেকে চট্টগ্রাম শহরে আসি। পরে পাকিস্তানে চলে যাই। আমি ১৩ এপ্রিল দেশেই ছিলাম না।’এক প্রশ্নের জবাবে সাকা বলেন, সরকার এমন কোনো পথে চলবে না, যাতে চট্টগ্রামের মানুষ নিজেদের সত্তা থেকে বিচ্ছিন্ন করার প্রয়াস পায়। তিনি বলেন, দেশে সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখার অনুকূল পরিবেশ নেই। তাই সাংবিধানিক ধারাবাহিকতা যেন নষ্ট না হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ন থাকে, সরকারকে সেই পদক্ষেপ নিতে হবে।জগৎমল্লপাড়ার ৩৭ হত্যাকাণ্ড: কুণ্ডেশ্বরীর পাশের জগৎমল্লপাড়ার বৃদ্ধ জ্যোৎস্না প্রভা চৌধুরী এখন ভালোভাবে চোখে দেখেন না। শ্রবণশক্তিও কমে গেছে। একাত্তরের ১৩ এপ্রিল তিনি হারান স্বামীসহ সাত স্বজনকে। গতকাল ট্রাইব্যুনালের তদন্ত দল যায় তাঁর বাড়িতে। জ্যোৎস্নাসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী তদন্ত দলকে সেদিনের ঘটনার বর্ণনা দেন। তাঁরা বলেন, নূতন চন্দ্রকে মারার পর এখানে এসে পাকিস্তানি বাহিনী ৩৭ জনকে লাইনে দাঁড় করিয়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সেদিন ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান জ্যোৎস্নাসহ দু-তিনজন। জ্যোৎস্নার বাড়ির উঠানে সেদিন প্রায় ৪০ জনকে লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করা হয়। গুলির শব্দে লাশের স্তূপের ওপর পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন জ্যোৎস্না প্রভা চৌধুরী। ঊনসত্তরপাড়ার গণহত্যা: একাত্তরের ১৩ এপ্রিল পাঁচটার দিকে ঊনসত্তরপাড়ার মহাজন বাড়ির পুকুরপাড়ে মিনতি মহাজন, তাঁর শাশুড়ি হরিলতা মহাজনসহ ১০ নারীকে বসিয়ে রাখা হয়। পাশে পাকিস্তানি বাহিনী তাঁদের স্বামী ও ছেলেদেরসহ ৬৯ জনকে লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে। মিনতি, সুজিত, বাসন্তী ঘোষসহ কয়েকজন গতকাল তদন্ত দলের কাছে সাক্ষ্য দেন। ঊনসত্তরপাড়ার হত্যাকাণ্ড সম্পর্কে স্থানীয় সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী বলেন, পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুসলিম লীগের নেতা-কর্মীরা এখানে হিন্দুদের হত্যা করেছে।