গণিত অলিম্পিয়াডে প্রথম রুপা
২০১২ সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড থেকে প্রথমবারের মতো রুপার পদক পেয়েছে বাংলাদেশ। ২০১০ সাল থেকে প্রতিবার মাত্র ১ নম্বরের জন্য এই রুপালি পদক আমাদের অধরা থেকে যাচ্ছিল। কিন্তু ২০১২ সালে আর্জেন্টিনার মারদেল প্লাটাতে অবশেষে ধনঞ্জয় বিশ্বাস ২৫ নম্বর পেয়ে দেশের জন্য প্রথম এই পদক নিয়ে আসে। চট্টগ্রামের ছেলে ধনঞ্জয় ২০১১ সালে এনেছিল ব্রোঞ্জপদক। ধনঞ্জয় এবার এইচএসসি পাস করেছে।২০০১ সালে প্রথম আলোতে শুরু হওয়া ‘নিউরনে অনুরণন’ নামের অভিনব গণিত অলিম্পিয়াডের মাধ্যমে এ দেশে গণিত চর্চা নতুন মাত্রা পায়। শিক্ষার্থীদের মধ্যে গণিতের ভীতি কাটিয়ে তাদের আনন্দময় গণিতের প্রতি আহ্বান জানানো হয়। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজিত গণিত উৎসবেরও ১০ বছর পূর্তি হয়েছে ২০১২ সালে। মাত্র এক দশকের মধ্যে বিশ্বের প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় মেধার লড়াইয়ে বাংলাদেশ তার অবস্থান ক্রমাগত ওপরে তুলতে সক্ষম হচ্ছে। আর এর কারণ হলো আমাদের শিক্ষার্থীদের মেধা, তাদের জন্য চ্যালেঞ্জের সুযোগ সৃষ্টি এবং সর্বোপরি তাদের পথ দেখানোর ব্যবস্থা করা। ধনঞ্জয়ের রুপার পদকপ্রাপ্তির পেছনে রয়েছে নিরলস চেষ্টা, অধ্যবসায় এবং অনুশীলনীর প্রকাশ। গণিত উৎসবের সেরাদের নিয়ে গণিত ক্যাম্পের আয়োজন করা হচ্ছে ২০০৫ সাল থেকে। প্রচলিত শিক্ষাসহায়ক কার্যক্রম থেকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের এই ক্যাম্পই এখন আমাদের গণিতযোদ্ধাদের এগিয়ে যেতে সাহায্য করে। ক্যাম্পে শিক্ষার্থীদের পাঠদান, তাদের পাঠ অনুশীলন কিংবা আলোচনায় মেন্টর হিসেবে দায়িত্ব পালন করে পুরোনো ক্যাম্পাররা, যারা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাংলাদেশের একদল শিক্ষার্থী নাওয়া-খাওয়া ভুলে গণিতের সমস্যার সমাধানের চেষ্টা করছে, এমন দৃশ্য যাঁরা দেখেননি, তাঁদের পক্ষে বোঝা মুশকিল এই দৃশ্য কত সুন্দর। চালু করা হয়েছে ইন্টারনেটে গণিতের ফোরাম। যথারীতি এই ফোরামও পরিচালনা করেন বাংলাদেশ গণিত দলের সাবেক সদস্য ও ক্যাম্পাররা। রুপার পদক জয়ে ধনঞ্জয়ের সঙ্গে ছিল নিজের অনুশীলন। ওরা সবাই পাচ্ছে আমাদের দলের কোচ ড. মাহবুব মজুমদারের প্রত্যক্ষ তত্ত্বাবধান।২০১২ সালে কেবল একটি রুপা নয়, বাংলাদেশ পেয়েছে আরও দুটি ব্রোঞ্জপদক এবং দুটি সম্মানজনক স্বীকৃতি। এসবই সম্ভব হয়েছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে স্বপ্নপূরণে ব্রতী একদল শিক্ষাবিদ ও গণিতবিদের জন্য। যাদের সহায়তা দিয়ে যাচ্ছেন একদল নিবেদিত স্বেচ্ছাসেবী। আর পৃষ্ঠপোষকতা করছে ডাচ্-বাংলা ব্যাংক ও প্রথম আলো।তাই বিশ্ব আসরে গণিতের পদক একই সঙ্গে আমাদের শিক্ষার্থীদের মেধার মানের যেমন প্রকাশ, তেমনি সেটা আমাদের সম্মিলিত প্রচেষ্টারও একটি উদাহরণ।২০১৩ সালে সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক। মুনির হাসান