প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় মেধার লড়াই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জমকালো উদ্বোধন হয়েছে গত রোববার বিকেলে। নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের রাই থিয়েটারে এর উদ্বোধন করা হয়।গতকাল সোমবার ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়। শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে। নিয়মানুযায়ী পরীক্ষায় সাড়ে চার ঘণ্টায় তিনটি সমস্যার সমাধান করতে হয়।আমস্টারডামের মেয়র এবং চলতি বছরের আইএমও সাংগঠনিক কমিটির সভাপতি নেদারল্যান্ড কলা ও বিজ্ঞান একাডেমির সভাপতি যৌথভাবে একটি ঘণ্টা বাজিয়ে আইএমওর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে নেদারল্যান্ডের শিক্ষামন্ত্রী জে এম ভ্যান বিস্টারভেল্ডট-ভ্লিজেনথার্ট ভিডিও বক্তৃতায় সবাইকে স্বাগত জানান। আইএমওর উপদেষ্টা পরিষদের সভাপতি নজর আগা খানও বক্তব্য দেন।উদ্বোধনী অনুষ্ঠানের প্যারেডকে এবার ভিন্নভাবে সাজানো হয়। অন্যান্যবারের মতো ইংরেজি বর্ণনাক্রমিকভাবে না সাজিয়ে মহাদেশ অনুযায়ী ক্রম সাজানো হয়। ইউরোপ, এশিয়া, ওশেনিয়া, আফ্রিকা ও আমেরিকার দেশগুলো পর্যায়ক্রমে মঞ্চে এসেছে। এ ছাড়া মঞ্চে ছিল একদল জিমন্যাস্ট ও ব্রেকড্যান্সার। তারা প্রতিটি দলকে মঞ্চে এগিয়ে নিয়ে আসে। এবার দলের সঙ্গে উপদলনেতারাও মঞ্চে গেছেন নিজ দেশের জাতীয় পতাকা নিয়ে।এশিয়ার দেশগুলোর কাতারে বাংলাদেশের ছয় প্রতিযোগী—ধনঞ্জয় বিশ্বাস, কাজী হাসান জুবায়ের, নাফিজা আনজুম, সৌরভ দাস, ফাহিম ফেরদৌস ও নূর মোহাম্মদ শফিউল্লাহ লাল-সবুজ পতাকা নিয়ে মঞ্চে ওঠে।এক সদস্যের পানামা দল মঞ্চে বেশি তালি পেয়েছে। একই রকম সংবর্ধনা পেয়েছে চার মেয়ে প্রতিযোগীর দল গুয়েতেমালা। সংযুক্ত আরব আমিরাত দলের তিন মেয়ে সদস্যও সবার দৃষ্টি আকর্ষণ করে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাও এতে অংশ নিচ্ছে।অনুষ্ঠানে দলনেতারা তাঁদের ‘অজ্ঞাতবাস’ থেকে থিয়েটারে আসেন। তবে তাঁরা দোতলার ব্যালকনিতে থাকায় কেবল ‘চোখের দেখায়’ খুশি থাকতে হয়েছে শিক্ষার্থীদের। বাংলাদেশ দলের দলনেতা মাহবুব মজুমদার হাত নেড়ে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।এবার ১০২টি দেশের ৫৪৩ জন প্রতিযোগী অংশ নিচ্ছে।গতকাল প্রথম দিনের পরীক্ষায় জ্যামিতির কোনো সমস্যা দেওয়া হয়নি। এতে বাংলাদেশ দলের সদস্যরা প্রথমে কিছু হতাশ হলেও পরে সামলে নেয়। দলের এক নম্বর প্রতিযোগী ধনঞ্জয় জানায়, তার পরীক্ষা আশানুরূপ হয়েছে। জুবায়ের, নাফিজা ও সৌরভের পরীক্ষাও ভালো হয়েছে। দলের কনিষ্ঠ সদস্য নূর মোহাম্মদ শফিউল্লাহ পূর্ণ সময় নিয়ে একটি সমস্যা সমাধানের চেষ্টা করে।আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের পরীক্ষা শেষে শিক্ষার্থীরা নানা আয়োজনে যুক্ত হবে। তাদের জন্য আমস্টারডামের বিভিন্ন স্থানে ভ্রমণ ও খেলাধুলার সুযোগ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য আজ থেকে প্রতিদিন রাতে একটি করে গণিতবিষয়ক বক্তৃতারও ব্যবস্থা করা হয়েছে।বাংলাদেশ সপ্তমবারের মতো আইএমওতে অংশ নিচ্ছে। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় ৫২তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।