গণিত উৎসব অনুশীলনে দক্ষতা বাড়ানোর শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অঙ্ক শেখো, স্বপ্ন দেখো। যদি সোনার বাংলা চাও, গণিতে দক্ষতা বাড়াও।’ গাজীর পটের আদলে ‘গণিতের পটে’ এভাবেই গান চলছিল মূল মঞ্চে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তুমুল করতালি দিয়ে গানের সঙ্গে একতা প্রকাশ করে। গণিত উৎসবে মুখস্থ নয়, অনুশীলনের মাধ্যমেই গণিতের সমাধান আর বিজ্ঞানের ভিত্তি গড়ার শপথ নিয়েছে তারা।গতকাল শনিবার ছিল দুই দিনব্যাপী জাতীয় গণিত উৎসব ২০১০ এবং অষ্টম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সমাপনী দিন। সমাপনী দিনে বিভিন্ন স্তরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গত শুক্রবার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হয় গণিত অলিম্পিয়াড। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উৎসবের আয়োজন করেছে। উৎসবে সহযোগিতা করছে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ও দৈনিক প্রথম আলো।৮৪০ জন শিক্ষার্থী এ উৎসবে অংশ নিয়েছে। ২০০৯ সালে জার্মানিতে অনুষ্ঠিত ৫০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া পাঁচ সদস্যও এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে গণিত ক্যাম্প। ওই ক্যাম্পের বাছাই করা ছয় সদস্য কাজাখস্তানে অনুষ্ঠেয় ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নেবে। বিজয়ী যারা: উৎসবে সেরাদের সেরা (চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস) হয়েছে প্রাথমিক শাখায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের মো. মাহমুদুন্নবী, নিম্নমাধ্যমিক শাখায় ঢাকার মণিপুর হাইস্কুলের নূর মোহাম্মদ মাহী, মাধ্যমিক শাখায় ময়মনসিংহ জিলা স্কুলের মির্জা মো. তানজিম শরিফ, উচ্চমাধ্যমিক শাখায় কুষ্টিয়া সরকারি কলেজের তারিক আদনান।উচ্চমাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে নটর ডেম কলেজের রাকিব হায়দার, খুলনা পাবলিক কলেজের কাজী হাসান জুবায়ের, সিলেট সরকারি মহিলা কলেজের নাফিজা আঞ্জুম, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের মাহদি জুলফিকার, খুলনা এম এম সিটি কলেজের জিষ্ণু ব্যানার্জি, সিলেট এম সি কলেজের প্রাণন রহমান খান, নটর ডেম কলেজের মীর ইমতিয়াজ মোস্তাফিজ ও দীপাঞ্জন রায়। এ পর্যায়ে প্রথম রানারআপ হয়েছে ছয়জন এবং দ্বিতীয় রানারআপ পাঁচজন। মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজের জুনায়েদ, ঢাকার উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের আবদুল্লাহ আল জিসান, সরকারি ল্যাবরেটরি হাইস্কুলের মীম আরাফাত, প্যারামাউন্ট স্কুল ও কলেজের তিরাথ কুমার মজুমদার, ময়মনসিংহ জিলা স্কুলের ফাহিম ফেরদৌস, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের মৃণ্ময় বিশ্বাস। এ পর্যায়ে প্রথম রানারআপ হয়েছে ছয়জন এবং দ্বিতীয় রানারআপ পাঁচজন।নিম্নমাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জিলা স্কুলের নাফিস তিহামি, শাহজীবাজার উচ্চবিদ্যালয়ের ধ্রুবজ্যোতি সেন, রংপুর দি মিলেনিয়াম স্টারস স্কুল ও কলেজের শাহরিয়ার সিফাত, সবুজ কানন উচ্চবিদ্যালয়ের সাজিদ আখতার, ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ের মো. আশরাফুল আল শাকুর। এ পর্যায়ে প্রথম রানারআপ হয়েছে ছয়জন আর দ্বিতীয় রানারআপ সাতজন।প্রাথমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জিলা স্কুলের কৌশিক রায় চৌধুরী, আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের এহতেশামুল হক, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মো. তৌসিফ তানজিম, ময়মনসিংহ জিলা স্কুলের মুফরাত করিম, সিলেট ব্লু বার্ড উচ্চবিদ্যালয় ও কলেজের নিশাত সালসাবিল, আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের শাফিন বিন খলিল। এ পর্যায়ে প্রথম রানারআপ হয়েছে পাঁচজন। দ্বিতীয় রানারআপ ছয়জন।বিজয়ীদের হাতে সনদ, মেডেল, প্রথম আলোর ‘বদলে দাও, বদলে যাও’ স্লোগান সংবলিত টি-শার্ট ও বই তুলে দেন অতিথিরা। আর সেরাদের সেরা চারজনকে ১০ হাজার টাকা করে অর্থ পুরস্কারও দেওয়া হয়। উৎসবে সজল-কাজল স্মৃতি পুরস্কার পেয়েছে ময়মনসিংহ জিলা স্কুলের কৌশিক রায় চৌধুরী। তাজিমা এইচ মজুমদার পুরস্কার পেয়েছে সিলেট সরকারি মহিলা কলেজের নাফিজা আঞ্জুম। এরা দুজনই ১০ হাজার টাকা করে অর্থ পুরস্কার পায়। সবচেয়ে বেশিবার অংশগ্রহণের জন্যও পুরস্কার পেয়েছে নাফিজা। সনদ ও মেডেলের পাশাপাশি সে আরও পাঁচ হাজার টাকা অর্থ পুরস্কার পায়।এ ছাড়া আঞ্চলিক পর্যায়ে সেরা ভেন্যু নির্বাচিত হয়েছে খাগড়াছড়ি। সেরা উদ্ভাবনী ব্যবস্থার জন্য পুরস্কার পেয়েছে খুলনা। সেরা পরীক্ষা ব্যবস্থাপনা পুরস্কার পেয়েছে বরিশাল। সেরা গণিত ক্লাব পুরস্কার পেয়েছে দিনাজপুর সায়েন্স একাডেমি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘অবসরেও আমি সংখ্যা নিয়ে চিন্তাভাবনা করি। গাড়িতে বসে থাকার সময় সামনের গাড়ির নম্বরের উত্পাদক বের করার চেষ্টা করি। খুব আনন্দ নিয়েই করি।’ তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে আমরা অনেক ভালো করব। এই প্রত্যাশা আছে আমাদের।’ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইয়াছিন আলী বলেন, ‘আশা করছি, বর্তমান প্রজন্ম এ দেশকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করবে। দেশকে আধুনিক করতে বিজ্ঞানের চর্চা বাড়াতে হবে। আর গণিতের মাধ্যমেই সে পথে যাওয়া সম্ভব। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড থেকে আমাদের শিক্ষার্থীরা স্বর্ণপদক আনবে—এটাই আমাদের প্রত্যাশা।’বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমার সামনে দেশের মেধাবী ছেলেমেয়েরা আছে। তারা একদিন দেশের হাল ধরবে। যারা বিজয়ী হওনি তারা মন খারাপ করো না। এটা উত্সব। এখানে যারা এসেছে, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন।’প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, এখানে যারা এসেছে, সবাই বিজয়ী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণিতবিদ খোদাদাদ খান, অধ্যাপক লুত্ফুজ্জামান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল হাকিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক আলমগীর হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন হক, আনোয়ারুল ইসলাম, মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল, বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ।কুষ্টিয়া সরকারি কলেজের তারিক আদনান গত তিনটি আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়েছে। এবার সে সেরাদের সেরা হয়েছে। তারিক প্রথম আলোকে বলে, ‘গণিত আমার শখের বিষয়। আমি আরও ভালো করতে চাই। ২০০৯ সালে জার্মানিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিয়াডে আমি এক নম্বরের জন্য ব্রোঞ্জ পাইনি। ভবিষ্যতে শতভাগ সফল হওয়ার চেষ্টা করব।’আটবারের মধ্যে সাতবার গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে সিলেট সরকারি মহিলা কলেজের নাফিজা আঞ্জুম। নাফিজা প্রথম আলোকে বলে, ‘প্রতিবারই অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকি। ভবিষ্যতে আমি পদার্থবিজ্ঞান নিয়ে কাজ করতে চাই।’চারটি স্তরে সর্বোচ্চ নম্বর পেয়েছে প্রাথমিক পর্যায়ের সেরাদের সেরা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের মো. মাহমুদুন্নবী। মাহমুদুন্নবী প্রথম আলোকে বলে, ‘প্রশ্নগুলো খুব সহজ লেগেছিল। কিন্তু বিজয়ী তালিকায় নাম না আসায় ভয় পেয়েছিলাম। দেখলাম, সবার শেষে নামটি এসেছে। খুব ভালো লাগছে এখন।’অন্য আনন্দ: সমাপনী দিনে সকাল থেকেই শিক্ষার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। মূল মঞ্চে বসে শিক্ষার্থীরা অপেক্ষা করতে থাকে ফলাফলের। এর আগে গণিতের পট শুনিয়ে শিক্ষার্থীদের মুগ্ধ করে খুলনার সংগঠন ‘রূপান্তর’। গাজীর পটের মতো করেই নেচে-গেয়ে শিক্ষার্থীদের সামনে গণিত অলিম্পিয়াডের ইতিহাস ও বর্তমান তুলে ধরা হয়। বিশাল ক্যানভাসে আঁকা ছিল গণিতের কাহিনি। কেবল গণিত নয়, সুন্দরবনকে নিয়ে তৈরি পটও শিক্ষার্থীদের আনন্দ দিয়েছে।এ বছর গণিত উৎসবের স্লোগান ছিল ‘সুন্দরবনকে চিনবে বিশ্ব’। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে তুলে ধরার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর ফিচার বিভাগের উপসম্পাদক পল্লব মোহাইমেন সুন্দরবনের বিভিন্ন তথ্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। এ সময় সুন্দরবন নিয়ে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। প্রশ্নোত্তরে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিনা মূল্যে খাবার ও পানীয় বিতরণ করেছে নেসলে, প্রাণ গ্রুপ, সজীব গ্রুপ ও আকিজ গ্রুপ। এ ছাড়া আপডেট ডেন্টাল ক্লিনিক শিক্ষার্থীদের বিনা মূল্যে দাঁত পরীক্ষা করেছে।