গণিত উৎসব চিরজীবী হোক
‘নয় দিন পর এসএসসি। তুই এবারও গণিত অলিম্পিয়াড দিবি?’ আমার এক বন্ধু এভাবেই জেরা করল আমাকে। এর উত্তর আমার আগে থেকে তৈরি করাই ছিল, ‘হ্যাঁ, দেব। তিন দিন পর এসএসসি থাকলেও দেব।’গণিত উৎসবকে আমি এতটাই ভালোবাসি। প্রতিবছর গণিত উৎসবের এই দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকি। এবার গণিত অলিম্পিয়াডের ১০ বছর উদ্যাপিত হচ্ছে। এর মধ্যে সাতবারই আমি অংশ নিয়েছি। তিনবার আঞ্চলিক পুরস্কার পেয়েছি, জাতীয় পুরস্কার পেয়েছি মাত্র দুবার, কিন্তু এতেই আমি নিজেকে নিয়ে গর্বিত। গর্বিত আমি গণিত উৎসবের সঙ্গে যুক্ত থাকতে পেরে।গণিত উৎসব আর প্রথম আলো আমাকে শিখিয়েছে স্বপ্ন দেখতে, শিখিয়েছে স্বপ্নকে আরও বিশাল করতে। আগে ভাবতাম, দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ব, ইঞ্জিনিয়ার হব। এখন স্বপ্ন দেখি বিশ্বসেরা এমআইটিতে পড়ার, ভালো কোনো ইউনিভার্সিটির শিক্ষক ও বিজ্ঞানী হওয়ার, নিজের চেষ্টায় কিছু করার।গণিত অলিম্পিয়াড আমার দূরদৃষ্টিকে করেছে প্রসারিত, মনে এনে দিয়েছে বিশ্বের ছয় বিলিয়ন মানুষ থেকে নিজেকে আলাদা প্রমাণ করার প্রেরণা।আমি জানি, এমন এক দিন আসবে, যেদিন গণিত উৎসব তার ৫০ বছর উদ্যাপন করবে, বাংলাদেশের ছেলেমেয়েরা আইএমওতে সোনা জিতবে, বাংলাদেশ হবে বিশ্বের উন্নত স্বনির্ভর দেশগুলোর একটি। আমরা সবাই আজ সেই স্বর্ণযুগের স্বপ্ন দেখি।গণিত উৎসব চিরজীবী হোক।শাব্বির করিম এসএসসি পরীক্ষার্থীগভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, রাজশাহী