গণিত উৎসবে যাব
দেখতে দেখতে গণিত অলিম্পিয়াড ১০ বছরে পা দিয়েছে। সবার জন্য সেটা কত আনন্দের ব্যাপার—যখন সবাই একত্র হয়, কখন কোথায় কোন অলিম্পিয়াডে কী হয়েছে সেটা নিয়ে গল্পগুজব করে, হাসি-তামাশা করে, তখন আমি অবাক হয়ে আবিষ্কার করি যে আমি হিংসাতুর চোখে তাদের দিকে তাকিয়ে থাকি! গত কয়েক বছর এত ঝামেলার মধ্যে ছিলাম যে বলতে গেলে কোনো গণিত অলিম্পিয়াডে যেতে পারিনি। যদি বা কোথাও গিয়েছি, পুরো সময়টুকু থাকতে পারিনি! মনে হচ্ছে, আমি যেন আস্তে আস্তে গণিত অলিম্পিয়াডের বাইরের একজন মানুষ—কী দুঃখের কথা! মনে আছে যখন শুরু হয়েছিল, সবাই মিলে সারা দেশ চষে বেড়িয়েছি। গভীর রাতে ফিরে আসতে আসতে মনে হতো, নাটোরের কাঁচাগোল্লা খাওয়া খুবই জরুরি এবং সেটা করতে করতে এত দেরি হতো যে ঢাকায় ফিরতে ফিরতে আকাশ ফর্সা হয়ে যেত। মাইক্রোবাসের পেছনের সিটে শুয়ে প্রফেসর গৌরাঙ্গ দেব আরামে ঘুমিয়ে যেতেন—এখন তিনি আমাদের সবাইকে ছেড়ে আকাশের তারা হয়ে গেছেন! কাজেই আমি ঠিক করেছি, আর বাইরে থাকা নয়। সামনের বার থেকে সব অলিম্পিয়াডে যাব। বসে বসে ছোট ছোট ছেলেমেয়ের ছোটাছুটি, হইচই দেখব। যারা এই দেশটা গড়বে—তাদের কাছাকাছি বসে থাকব—মনের ভেতরে একটা সান্ত্বনা থাকবে যে এই দেশের স্বপ্নসন্তানদের আমি খুব কাছে থেকে দেখেছি। সেটি কিন্তু কম কথা নয়।