কমলা রঙের গেঞ্জি গায়ে গণিতের জাতীয় উৎসবে যোগ দিতে পারাটা ছিল তাদের কাছে স্বপ্নের মতো। সেই স্বপ্নকে ওরা বাস্তব রূপ দিতে পেরেছে। গতকাল শুক্রবার সকালে মোহাম্মদপুরে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে জাতীয় গণিত উৎসব ও নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের স্বপ্ন এখন আরও বড়। গণিতের অলিম্পিকে সোনার মেডেল আনতে চায় তারা। এ স্বপ্ন তাদের কাছে এখন আর মোটেই অলীক বলে মনে হচ্ছে না। এরই মধ্যে ব্রোঞ্জপদক অর্জনের কৃতিত্ব অর্জিত হয়েছে। এখন লক্ষ্য সোনার পদক। সেই স্বপ্ন নিয়েই শুরু হলো দুই দিনের গণিত উৎসব।সকালে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো নবম গণিত উৎসব উদ্বোধন করেন সেন্ট যোসেফ স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা। জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। অধ্যক্ষ উৎসবে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে তাদের নতুন রঙিন পোশাকের মতোই নতুন কিছু করার অনুপ্রেরণা দেন।গণিত অলিম্পিয়াড বাংলাদেশের পতাকা উত্তোলন করেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। অংশগ্রহণকারীদের তিনি বলেন, ‘এবার আমাদের স্বাধীনতার ৪০ বছর পূর্ণ হচ্ছে। এ বছর প্রত্যাশা থাকবে গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ের। স্বর্ণপদক জয় হবে জাতির জন্য অনেক বড় অর্জন।’আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ। তিনিও নবীন প্রজন্মের শিক্ষার্থীদের উৎসাহ যোগান। কে এস তাবরেজ বলেন, এ বছর নেদারল্যান্ডে যে গণিত অলিম্পিয়াড হচ্ছে, তাতে বাংলাদেশের প্রতিযোগীরা আরও ভালো করবে বলে তাঁর প্রত্যাশা। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান তাঁর বক্তৃতায় বলেন, ‘সামনেই ক্রিকেট বিশ্বকাপ। সেখানে আমরা ভালো করব। গণিত অলিম্পিয়াডেও ভালো করব। আর ভালোবাসব আমাদের দেশকে। এগিয়ে যেতে হবে সামনে, বদলে দিতে হবে দেশকে।’প্রধান ফটক থেকে শুরু করে পুরো মাঠ সাজানো হয়েছিল উৎসবের সাজে। ভেতরে ঢুকতেই বিশাল ডিজিটাল বোর্ডে এ বছরের উৎসবের আঞ্চলিক পর্যায়ের কার্যক্রমের ছবির প্রদর্শনী। তারপর ব্যানারে খচিত রয়েছে গণিত অলিম্পিয়াড বাংলাদেশের লক্ষ্য ও স্বপ্নগুলো। আর একটু এগিয়ে গেলে ২০০৯ সালে গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জপদকজয়ী নাজিয়া চৌধুরী ও সামিন রিয়াসাত এবং কোচ মাহবুব মজুমদারের প্রমাণ আকারের ছবি। মাঠের ভেতরেও বিগত অলিম্পিয়াডগুলোর কার্যক্রমের ছবির প্রদর্শনী। বিশাল মাঠের অর্ধেকটা জুড়ে সামিয়ানা টানানো সুদৃশ্য মঞ্চ। পশ্চিম ও উত্তর পাশ দিয়ে অলিম্পিয়াডের আঞ্চলিক কেন্দ্র এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর স্টল। ভোরেই সারা দেশ থেকে চূড়ান্ত প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা অভিভাবকদের নিয়ে উপস্থিত হয়েছিল মাঠে। প্রাতরাশের পর্ব শেষ করে তারা বসে পরীক্ষায়।গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান জানালেন, গত বছর ২০ ডিসেম্বর বগুড়া অঞ্চলের প্রতিযোগিতার মধ্য দিয়ে নবম উৎসবের কার্যক্রম শুরু হয়েছিল। ঢাকা, রাঙামাটি, বরিশাল, গোপালগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, যশোর, খুলনা, রাজশাহী, রংপুর ও বগুড়া—এই ১৩টি অঞ্চলে এবার আঞ্চলিক প্রতিযোগিতা হয়েছে। এতে প্রাথমিক, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই চারটি শ্রেণীতে ১৮ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। আঞ্চলিক প্রতিযোগিতায় বিজয়ী ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে এই জাতীয় প্রতিযোগিতায়। এতে বিজয়ী ৩২ জনকে নিয়ে করা হবে অলিম্পিয়াডের ক্যাম্প। সেখান থেকে চূড়ান্ত বিজয়ী ছয়জন অংশ নেবে আগামী জুলাই মাসে নেদারল্যান্ডে অনুষ্ঠেয় ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে। প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় ও ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ উৎসব এবার কমপিউটার জগত-এর সহযোগিতায় প্রথম আলোর ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হয়। গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান জানালেন, এবিসি রেডিও ও ইন্টারনেট রেডিও বিজয় স্কুলের মাঠ থেকে উৎসবের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে। বাংলালায়ন পুরো মাঠটি বিনা মূল্যে ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসে।গণিত এখন তাদের কাছে মোটেই ভয়ের বিষয় নয়, পরীক্ষা নিয়েও ভয় নেই। উৎসব করে পরীক্ষা দিতে বসে গেছে তারা স্কুলের শ্রেণীকক্ষগুলোতে। সঙ্গে আসা শিক্ষক আর অভিভাবকেরা বসে ছিলেন মঞ্চের সামনে পাতা চেয়ারে। ২০০৯ সালে আন্তর্জাতিক অলিম্পিয়াডে ব্রোঞ্জজয়ী সেই নাজিয়ার মা জেসমিন আক্তারও এসেছিলেন। তিনি বলেন, ‘মেয়েটা দেশে নেই। কিন্তু গণিত উৎসবের টান ছাড়তে পারি না, তাই চলে এসেছি।’ নাজিয়া এখন পড়ছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত এমআইটিতে। তিনি তাঁর মাকে বলেছেন, ‘তুমি উৎসবে চলে যাও। আমিও গণিত উৎসবের টি-শার্ট পরে ইন্টারনেট খুলে বসব।’ মা এসেছেন উৎসবে। তিনি বললেন, ‘নাজিয়া যখন অষ্টম শ্রেণীতে পড়ত, তখন থেকে গণিত অলিম্পিয়াডে অংশ নিতে শুরু করে। পরপর দুবার সে জাতীয় পর্যায়েই আসতে পারেনি। কিন্তু ধৈর্য হারায়নি।’ ক্যাম্প সম্পর্কে তাঁর অভিজ্ঞতা জানিয়ে জেসমিন আক্তার বললেন, ‘মেয়ের মা হিসেবে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল ক্যাম্প নিয়ে। কিন্তু পরে দেখেছি, অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশ। এবং যেভাবে ওদের গণিত শেখানো হয়, তার তুলনা হয় না।’সেন্ট যোসেফ স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা বললেন, ‘গণিতভীতি কাটিয়ে এখানে যে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে, এই আয়োজনের এটা একটা বিরাট অর্জন। আমরা নানা সীমাবদ্ধতার কারণে শিক্ষাকে ছাত্রছাত্রীদের কাছে আনন্দময় করে তুলতে পারিনি। এখানে তারা আনন্দের সঙ্গে অংশ নিচ্ছে। এ প্রতিযোগিতায় যারা অংশ নিচ্ছে, স্কুলেও তারা ভালো করছে। এবং এর একটি ইতিবাচক প্রভাব স্কুলের পড়ালেখায়ও পড়ছে। আমরাও নিজেদের মতো করে গণিত উৎসবের আয়োজন করছি।’ অভিভাবকদের মধ্যে আলাপ-পরিচয়ের মধ্য দিয়ে কেটে যায় পরীক্ষার সময়টুকু। তারপর মধ্যাহ্নভোজ। তারপর কী? তারপর মঞ্চ নবীন গণিতবিদদের দখলে! শুধু গণিতেই নয়, সুকুমার কলার চর্চায়ও যে তারা যথেষ্ট পারদর্শী, তার প্রমাণও মিলল তাদের পরিবেশিত গান, নাচ, আবৃত্তি, অভিনয় ও কৌতুক পরিবেশনে। রীতিমতো জমিয়ে দিয়েছিল তারা অনুষ্ঠান। একফাঁকে তাদের সঙ্গে কথাবার্তা বলতে মঞ্চে এলেন শিল্প উদ্যোক্তা এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ, উইমেন চেম্বারের সভানেত্রী সেলিনা আহমাদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ও প্রথম আলোর উপসম্পাদক কথাশিল্পী আনিসুল হক। এবারের গণিত উৎসবে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়েছে ভবিষ্যতে চাকরির বদলে নিজ উদ্যোগে কিছু করতে। শিল্প উদ্যোক্তারা তাঁদের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। নিজের জন্য, দেশের জন্য বড় করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা দেন। একসময় ঘনিয়ে আসে অন্ধকার। শুরু হয় টেলিস্কোপে আকাশ দেখার পালা।আজ দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে সকাল নয়টায়। ভাষা ও মুক্তিযুদ্ধের গান দিয়ে শুরু হবে অনুষ্ঠান। তারপর থাকবে গণিত নিয়ে পটগান। এরপর রুবিক্স কিউব মেলানোর প্রতিযোগিতা। আর তারপরই বহু প্রতীক্ষিত ফল প্রকাশ। এবার চার শ্রেণীর চারটি সেরা পুরস্কারের সঙ্গে অতিরিক্ত চারটি বিশেষ পুরস্কার, একটি সেমি-মেগা পুরস্কার ও দুটি মেগা পুরস্কার দেওয়া হবে। সব মিলিয়ে পুরস্কার দেওয়া হবে ৭১টি। আর আনন্দ তো সবার জন্যই।