গণিত ও বিজ্ঞান আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় হয়ে গেল ২২তম এপিএমওপ্রতিবছরের মতো এবারও ৯ মার্চ বিশ্বের ২৬টি দেশের সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীরাও অংশ নিল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক গণিত অলিম্পিয়াড এশিয়া প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের (এপিএমও) ২২তম আয়োজনে। এবারের আয়োজনে বাংলাদেশের শিক্ষার্থীদের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ আয়োজনে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। এপিএমওর এ পরীক্ষা নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের নিজ নিজ দেশে অনুষ্ঠিত হয়েছে। এ অলিম্পিয়াডের অন্যতম একটি বিষয় হচ্ছে, এপিএমওর অন্তর্গত ২৬টি দেশের শিক্ষার্থীরা একযোগে এতে অংশগ্রহণ করে। আঞ্চলিক ভেদে পৃথিবীর অন্যতম বৃহৎ এ গণিত অলিম্পিয়াডে অংশ নেয় গণিতে আগ্রহী একদল শিক্ষার্থী। বিভিন্ন দেশে সময়ের ব্যবধান ও ভৌগোলিক অবস্থানের জন্য দেশভেদে বিভিন্ন দেশে প্রতিযোগিতার সময়ের পার্থক্য রয়েছে। বাংলাদেশে সময় অনুযায়ী এবারের এপিএমও অনুষ্ঠিত হয়েছে ৯ মার্চ সকাল নয়টায়। এবারে অনুষ্ঠিত ২২তম এপিএমও অংশগ্রহণকারী ভাইয়ের সঙ্গে এসেছিলেন দিলরুবা আক্তার। এ আয়োজনে ভাইয়ের অংশগ্রহণের ব্যাপারে তিনি জানান, আন্তর্জাতিক পর্যায়ের এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিলে অভিজ্ঞতা বাড়ে আবার অনেক কিছু শেখাও হয়। শিক্ষার্থীদের সঙ্গে আসা অনেক অভিভাবকই এমনই অভিজ্ঞতার কথা জানান। মেয়ে মার্জিয়া ইসলামের আগ্রহ থেকেই এ আয়োজনে মেয়েকে নিয়ে এসেছিলেন শাহানাজ ইসলাম। তিনি জানান, অভিজ্ঞতা আর জানার বিষয়টি বাড়াতে এ ধরনের আয়োজন অনেক উপকারী।বিভিন্ন দেশে অনুষ্ঠিত হলেও এপিএমওর পরীক্ষা হয় আলাদা আলাদা প্রশ্নে। মূল প্রশ্নপত্রটি জাপান থেকে সমন্বয় হয়ে থাকে। বাংলাদেশে এ আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। অন্যবারের মতো এবারও এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড এবং সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলো পৃষ্ঠপোষকতা করেছে। ঢাকায় অনুষ্ঠিত এপিএমওতে সারা দেশ থেকে আসা নবম থেকে দ্বাদশ শ্রেণী এবং এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ১০৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। আঞ্চলিক পর্যায়ের অন্যতম এ অলিম্পিয়াডে গণিতের পাঁচটি সমস্যা সমাধানের জন্য চার ঘণ্টা সময় দেওয়া হয়। প্রশ্নের সর্বোচ্চ মান ছিল ৭। পরে শিক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন করে মেধাক্রম নির্ধারণ করা হবে। একই সঙ্গে প্রথম ১০ জনের ফলাফল এবং নমুনা হিসেবে প্রথম, তৃতীয় ও সপ্তম স্থান অধিকারীর উত্তরপত্র জাপানে পাঠানো হবে। ঢাকায় অনুষ্ঠিত এপিএমওতে উপস্থিত ছিলেন টিচার্স ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আবু সাঈদ ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। ২০০৭ সালে স্লোভেনিয়ায় ৪৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) চলাকালে বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার এপিএমওতে বাংলাদেশের সদস্যপদের জন্য আবেদন করেন। এর পরই বাংলাদেশ ২০০৮ সাল থেকে এপিএমওতে পর্যবেক্ষক হিসেবে অংশ নেয়। এপিএমওর নিয়ম অনুযায়ী বর্তমানে বাংলাদেশ পূর্ণ সদস্যপদ লাভ করেছে। সেন্ট যোসেফে বিজ্ঞান মেলা ‘সকালে ঘুম থেকে উঠেই স্কুলে যেতে হবে। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই তৈরি হতে হবে। গোসল করা, নাশতা খাওয়া, ক্লাসের সব বই ঠিকমতো নেওয়াসহ হাজারো কাজ। অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। আর সবচেয়ে বড় চিন্তা, রাস্তায় নামলেই যানজটের জন্য বসে থাকতে হবে ঘণ্টার পর ঘণ্টা। তাই সময় নিয়ে একটু আগে যেতে হবে স্কুলে। না হলে নিশ্চয়ই সময়মতো স্কুলে পৌঁছানো যাবে না। স্কুলে সময়মতো পৌঁছানো তাই ভাগ্যের ওপর ছেড়ে দিতে হয়। রাস্তায় নেমে দেখল, অন্য এক ঢাকা শহরকে। রাস্তায় কোনো যানজট নেই। নিয়মমতো গাড়ি চলছে।’ ওপরে কথাগুলো কোনো স্বপ্নের কথা বলছি না। এ রকম ঢাকা শহর আমাদের সবার স্বপ্ন থাকলেও ওই স্বপ্নকে তুলে ধরেছেন তৃতীয় শ্রেণীর আসিফ বিন রাইয়ান ও ওয়াসেফ তাহমিদ। ঢাকা শহরে স্বপ্নের মতো করে গড়ে তোলার একটি প্রকল্প তৈরি করেছে তারা। তাদের প্রকল্পটিতে ঢাকা শহরে গাড়ির যানজট যেন না-হয় সে জন্য ট্যাফিক-ব্যবস্থার বিভিন্ন পদ্ধতি রাখা হয়েছে। এ রকম ৪৩৪টি প্রকল্প নিয়ে আয়োজন করা হয়েছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে বার্ষিক বিজ্ঞান মেলা। ১০ মার্চ বুধবার সকালে মেলার উদ্বোধন করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও কলেজের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা। অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা বলেন, ‘আমরা সব সময় শিক্ষার্থীদের পাঠ্যসূচির বাইরে নিয়ে যেতে চাই। পাঠ্যবইয়ের বিষয়ভিত্তিক পড়ার বাইরেও আলাদা কার্যক্রম করে থাকি। বিজ্ঞান মেলা এরই অংশ। বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলবে।’ তিনি বলেন, পৃথিবী দিন দিন বেশি পরিবেশ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তাই এবারের মেলার সবচেয়ে বড় দিক হলো শিক্ষার্থীরা তাদের প্রকল্পগুলো পরিবেশের ওপর ভিত্তি করে তৈরি করেছে। অষ্টম শ্রেণীর ছাত্র আহনাফ আকিফ হোসেন ভূইয়া ও নাভিদ হাসানের ‘লিফ্ট হাউজ’ নামের প্রকল্পটি অনেকের প্রশংসা কুড়িয়েছে।এবারের মেলায় সবচেয়ে বেশি লক্ষ করা গেছে জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের কী ক্ষতি হচ্ছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, বিশ্বের তাপমাত্রা কীভাবে বৃদ্ধি পাচ্ছে, ধ্বংস করা হচ্ছে বনজঙ্গল, পরিবেশ বিপর্যয়ের ফলে পশুপাখির খাদ্য কমে যাচ্ছে, সূর্যের তাপ বৃদ্ধির ফলে বরফ গলে সৃষ্টি হচ্ছে বন্যা, জনসংখ্যা বৃদ্ধির ফলে বসবাসের জায়গা কমে যাওয়া, নদীতে ভাসমান বাড়িতে বাস করছে মানুষ, পরিবেশ দূষণ হওয়ার ফলে মানুষের অসুখ বৃদ্ধি পাচ্ছে অনেক বেশি, তাপমাত্রা বৃদ্ধির ফলে কৃষি জমিতে দেখা দিচ্ছে পানির অভাব, কৃষি জমিতে রাসায়নিক সার বেশি ব্যবহার করা হচ্ছে ফলে কয়েক বছরের মধ্যে ফসলের জমির উত্পাদন অনেকাংশে কমে যাবে, জলবায়ু পরিবতর্নের ফলে কী কী সমস্যা দেখা দিচ্ছেসহ বিভিন্ন বিষয়। মেলার আয়োজনে সহযোগিতা করেছেন সেন্ট যোসেফ স্কুলের সিন্টিল বিজ্ঞান ক্লাব। সিন্টিল ক্লাবের সভাপতি রাফসান জামী বলেন, ‘এটা ঢাকা শহরের স্কুলগুলোর মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞান মেলা। এখানে শুধু আমাদের স্কুলের শিক্ষার্থীরা তাদের তৈরি করা প্রকল্প প্রদর্শন করেছে। এই মেলা স্কুলের পক্ষ থেকে অনেক বেশি সাড়া পায়।’ তিনি বলেন, স্কুলের মোট দুই হাজার শিক্ষার্থীর মধ্যে এক হাজার ২০০ শিক্ষার্থী এই মেলায় অংশ নেয়। বাদল খাননটর ডেম কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি উৎসবনানা ধরনের আয়োজন আর শিক্ষার্থীদের উৎসাহের মধ্য দিয়ে সম্প্রতি হয়ে গেল নটর ডেম কলেজের বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব ২০১০। অনেকের মতো এ উৎসবে অংশ নিতে এসেছিল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফরহাদ খন্দকার। কেমন লাগছে জিজ্ঞেস করতেই মাথা নেড়ে ভালো লাগার কথা জানায় সে। বাবার হাত ধরে বোনের সঙ্গে এসেছিল দ্বিতীয় শ্রেণীর মাহজাবীন। কেন এসেছে জানতে চাইলে সে হেসে জানায়, আপু মজা করবে, তাই দেখতে এসেছে সে। তার বাবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাহফুজ আহমেদ মেয়ের আগ্রহ আর উৎসাহ দেখেই নিয়ে এসেছেন। শিক্ষার্থীদের এমন উৎসাহ আর বিজ্ঞানের প্রতি ভালোবাসায় নটর ডেম বিজ্ঞান ক্লাবের আয়োজনে ৫ ও ৬ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল নটর ডেম বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব। এ উৎসবে শুধু বিজ্ঞানই নয়, ছিল আরও নানা আয়োজন। উৎসবে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেয়। নানা আয়োজনের মধ্যে ছিল গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, রসায়ন অলিম্পিয়াড, জীববিজ্ঞান অলিম্পিয়াড, মহাকাশ বিজ্ঞান অলিম্পিয়াড, সুডোকু প্রতিযোগিতাসহ আরও অনেক কিছু। শুধু তাই নয়, উৎসবে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ডিজিটাল পোস্টার ও দেয়াল পত্রিকা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে। বর্তমান প্রযুক্তির নানা বিষয় মাথায় রেখে শিক্ষার্থীরা অংশ নেয় ওয়েবসাইট তৈরি প্রতিযোগিতায়ও। সবকিছুই ছিল আধুনিক প্রযুক্তি আর নানা ধরনের চমকের ছোঁয়া। ছেলের সঙ্গে উৎসবে এসেছিলেন অভিভাবক খালেদা মোশারফ। এ ধরনের অলিম্পিয়াড আর প্রতিযোগিতার বিষয়গুলো সম্পর্কে তিনি বলেন, শুধু পড়াশোনার মধ্যেই সবকিছু নয়, বরং শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তি প্রকাশের ক্ষেত্রে এমন আয়োজন বেশ ভালো। নিজের সন্তানকে নিয়মিত এ ধরনের আয়োজনে অংশ নেওয়ার জন্য উৎসাহ দেন তিনি। বিজ্ঞান ক্লাবের মডারেটর সুশান্ত কুমার সরকার জানান, ঐহিত্যবাহী এ কলেজে অনেক দিন ধরেই এ ধরনের বিজ্ঞান উৎসব হচ্ছে। শিক্ষার্থীদের বিজ্ঞানভীতি দূর আর বিজ্ঞানের বিষয়গুলোকে সহজে তুলে ধরতে এ ধরনের আয়োজন নিয়মিত থাকবে বলে জানান তিনি। ক্লাবের সাধারণ সম্পাদক রিদওয়ান আহমেদ জানান, শিক্ষার্থীদের আগ্রহ আর ভালো লাগার ফলে এমন আয়োজন উৎসবমুখর পরিবেশে করা সম্ভব হয়। তিনি উৎসবের সফল আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ সবাইকে ধন্যবাদ জানান। বিজ্ঞান উৎসবের এমন আয়োজনের পাশাপাশি আগামী জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হবে জাতীয় বিজ্ঞান উৎসব। সে প্রস্তুতির কথা জানা গেল আয়োজকদের পক্ষ থেকে। উৎসব শেষে ঘরে ফেরা শিক্ষার্থীদের চোখেমুখে বিজ্ঞানভীতি দূর করার প্রত্যয়। এক শিক্ষার্থী যেতে যেতে জানাল, বাসার সবার মতের বিরুদ্ধে বিজ্ঞান বিষয়ে পড়ছে সে। বড় হয়ে বিজ্ঞানী হয়ে দেশের জন্য কিছু করার স্বপ্নের কথা জানায় সে। এমনই সব স্বপ্ন শিক্ষার্থীদের চোখেমুখে, যা একদিন সত্যি হয়ে বিজ্ঞানের আলোয় গড়ে উঠবে দেশ। সে স্বপ্নেই এগিয়ে চলা নতুন শিক্ষার্থীদের দৃঢ়পদক্ষেপ দেখেই বোঝা যায়। নুরুন্নবী চৌধুরীহাতের মুঠোয় সূর্যএবার সূর্যকে সত্যি সত্যি হাতের মুঠোয় নিয়ে এসেছে নাসা। এখন হাতের মুঠোয় রেখে ঘুরিয়ে-ফিরিয়ে, নাড়িয়েচাড়িয়ে, ছোট-বড় করে দেখা যাবে সূর্যকে। সূর্যে কখন কী হচ্ছে তাও লক্ষ রাখা যাবে। সূর্যের ছবি ও অবস্থা সরাসরি দেখতে অ্যাপলের আইফোনের একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছেন নাসার বিজ্ঞানীরা। এর মাধ্যমে যে কেউ যখন-তখন নজরদারি করতে পারবে সূর্যে। এই অ্যাপসের নাম থ্রিডি সান। আর এই নজরদারি করবে মূলত সোলার টেরিস্ট্রিয়াল রিলেশনস অবজারভেটরির (স্টেরিও) এক জোড়া মহাকাশযান। এগুলো একসঙ্গে সূর্যের ৮৭ শতাংশ পৃষ্ঠকে দেখতে পারে। শুধু সরাসরি দেখানোই নয়, অ্যাপসটি ব্যবহারকারীকে সূর্যে চমকপ্রদ কিছু ঘটলে তার অ্যালার্টও দেবে। ধরুন, কোনো ধূমকেতু চলে এল সূর্যের কাছাকাছি, তখন ওই অ্যালার্ট-ব্যবস্থা সক্রিয় হয়ে যাবে। একইভাবে এমন গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর ধারণকৃত অংশও দেখা যাবে। জাবেদ সুলতাননাসার ওয়েবসাইট অবলম্বনে