গণিত ও বিজ্ঞানের ভিত্তি মজবুত হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ জুলাই নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে শুরু হবে সারা বিশ্বের প্রাকিবশ্ববিদ্যালয়পড়ুয়াদের সবচেয়ে বড় মেধার লড়াই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। ধনঞ্জয়, জুবায়ের, প্রমি, সৌরভ, ফাহিম ও মাহি সেখানে বাংলাদেশের পতাকা নিয়ে যাবে। এটি হবে আইএমওতে বাংলাদেশের সপ্তমবারের মতো অংশগ্রহণ। ২০০১ সালে প্রথম আলোর বিজ্ঞান প্রজন্ম পাতায় নিউরনে অনুরণন নামে যে অভিনব গণিত অলিম্পিয়াডের সূচনা হয়েছিল, আজ তা পল্লবিত ও বিকশিত হয়ে দেশের শিক্ষার্থীদের প্রাণের গণিত উৎসবে পরিণত হয়েছে। সেই উৎসব ঘিরে এ কার্যক্রমের সামনের দিনগুলোর কথা তুলে ধরেছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানবাংলাদেশ গণিত অলিম্পিয়াড তার শৈশব কাটিয়ে কৈশোরে উন্নীত হয়েছে। প্রথম আলোর পাতা থেকে এখন তা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের আনাচে-কানাচে। ২০০৪ সালে ডাচ্-বাংলা ব্যাংক এ কার্যক্রমে যুক্ত হওয়ার পর এটি পরিণত হয়েছে গণিত উৎসবে। সারা বছর শিক্ষার্থীরা অপেক্ষা করে এই উৎসবের জন্য। তোমার পতাকা যারে দাওআইএমওতে বাংলাদেশের পতাকাবাহীদের খুঁজে বের করার প্রচেষ্টা শুরু হয় প্রতিবছর ডিসেম্বর মাসে। এবারও তার ব্যতিক্রম ছিল না। ১৩টি আঞ্চলিক উৎসব ও জাতীয় উৎসব হয়ে গণিত ক্যাম্প। এবারের ব্যতিক্রম ক্যাম্পে। এ বছর ক্যাম্প হয়েছে অনেকগুলো। জাতীয় ক্যাম্প ছাড়া হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের বিশেষ ক্যাম্প, হয়েছে জাতীয় ক্যাম্পের বাছাইদের নিয়ে বর্ধিত ক্যাম্প। সবকিছু মিলিয়ে নির্বাচিত হয়েছে জাতীয় দল। ২০১৬-১৭ সালের আইএমও মাথায় রেখে এ বছর থেকে আমরা শুরু করেছি প্রাইমারি ক্যাম্প। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর একদল খুদে গণিতবিদ হাজির হয়েছিল সে ক্যাম্পে। এ বছরের শেষে আবার তারা ফিরে আসবে ক্যাম্পে। রাজধানী শহরের বাইরে এই ক্যাম্পকে ছড়িয়ে দেওয়ার অভিপ্রায়ে আমরা শুরু করেছি আঞ্চলিক গণিত ক্যাম্প। বরিশাল দিয়ে তার যাত্রা শুরু হয়েছে। আমরা লক্ষ করেছি, গণিত উৎসবে মেয়েদের অংশগ্রহণ আশাব্যঞ্জক হলেও তাদের সাফল্য ছেলেদের তুলনায় কম। এ কারণে আমরা শুরু করেছি কেবল মেয়েদের জন্য ক্যাম্প। প্রথম লীলাবতী ক্যাম্প শেষ হয়েছে মাত্র কদিন আগে। আমাদের ক্যাম্পাররা এখন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের আগমনী বার্তা জানিয়ে দিয়েছে। ক্যালটেক, এমআইটি, স্ট্যানফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড কিংবা টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা এখন জানেন, বাংলাদেশের গ্রামেগঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবীরা শান দিচ্ছে তাদের মেধায়। তৈরি হচ্ছে নতুন দিনের জন্য। নিজেদের তারা কেবল গবেষণার জন্য তৈরি করছে না, নিজের মনের গভীরে যত্ন করে লালন করছে দেশের জন্য ভালোবাসা। ছুটিতে দেশে আসার পর তাই সামিন, নাজিয়া বা সৌমেনকে দেখা যায় গণিত ক্যাম্পে রাত কাটাতে। মুন আর ইশফাক তো পুরো বছর ক্যাম্পগুলো পরিচালনা করেছে।গণিত আর তাকে ঘিরে দেশপ্রেমের এক নতুন সংস্কৃতিতে অনুপ্রাণিত হচ্ছে এ প্রজন্ম। গণিত বিজ্ঞানেরই রানি২০০১ সালে এ কার্যক্রম শুরুর সময় অনেকে আমাদের প্রশ্ন করেছেন, আমরা কেন বিজ্ঞান নিয়ে এমন আন্দোলন করছি না। আমরা বলেছি, গণিত হলো বিজ্ঞানের রানি। আগে গণিতের ভয় দূর হোক, বাকিগুলো আপনাআপনি হতে থাকবে। এখন দেশে নিয়মিত হচ্ছে রসায়ন আর বিজ্ঞানের অলিম্পিয়াড। এ বছর থেকে যুক্ত হয়েছে পদার্থবিজ্ঞানের অলিম্পিয়াড। বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা এবার অংশ নেবে আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে।এই অঞ্চলের লোকদের মধ্যে আমাদের শিক্ষার্থীদের মেধা ও মননের কোনো কমতি নেই। বরং এ অঞ্চলের ১৭টি দেশের মধ্যে দাবার প্রথম গ্র্যান্ডমাস্টার বাংলাদেশের। বিশ্বের মাত্র ১৭টি দেশ জীবের জিন নকশা উন্মোচন করতে পেরেছে। আমরা তার একটি। এত কিছুর পরও আমাদের দেশে শিক্ষার্থীদের সাধারণভাবে বিজ্ঞানের প্রতি আগ্রহ কমে যাচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে এ বছর থেকে আমরা শুরু করতে যাচ্ছি কয়েকটি নতুন আয়োজন। বিজ্ঞান ক্যাম্প ও বিজ্ঞান কংগ্রেসগণিত ক্যাম্পের আদলে এ বছর সেপ্টেম্বর মাসে আয়োজন করা হবে প্রথম জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ক্যাম্প। এই ক্যাম্পের সবকিছু হবে বিজ্ঞানকে কেন্দ্র করে। থাকবে পরীক্ষাগারে বিজ্ঞানকে হাতে-কলমে জানার চেষ্টা, থাকবে বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো আত্মস্থ করার প্রচেষ্টা। কেবল গণিত ক্যাম্প নয়, এ বছর থেকে শুরু হবে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস। বিজ্ঞানের কংগ্রেস যেমনটি হয় তেমনি হবে এই কংগ্রেস। পার্থক্য কেবল এই যে এ কংগ্রেসের সব প্রবন্ধ, নিবন্ধ, পোস্টার উপস্থাপনা—সবই করবে খুদে বিজ্ঞানীরা। দুই দিনব্যাপী এই কংগ্রেসে অংশ নেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাব সারা দেশের প্রাকিবশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের সঙ্গে থাকার জন্য সেখানে যোগ দেবেন আমাদের বিজ্ঞানীরাও। যোজন যোজন দূর গণিত ও বিজ্ঞানকে কেন্দ্র করে দিনবদলের এক লড়াই আমরা শুরু করেছিলাম ২০০১ সালে। সে লড়াই চালিয়ে যেতে হবে যতক্ষণ না আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। জ্ঞানভিত্তিক পণ্য তৈরিতে নিজেদের সম্পৃক্ত করতে পারলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যেতে পারব।আর এই লড়াইয়ে নেতৃত্ব দেবে নতুন প্রজন্ম, বিজ্ঞানমনস্ক গণিত অনুরাগী এবং দেশকে যারা ভালোবাসে অন্তর দিয়ে।আমরা বসে আছি সেই সুন্দর দিনগুলোর প্রত্যাশায়।আইএমওতে বাংলাদেশ দলের জয় হোক।