গণিত জয়ের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইনাসে মাইনাসে প্লাস হয় কেন? গণিত কি মানসিক উন্নতি ঘটাতে পারে? যদি উন্নতি ঘটায়, তাহলে দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েরা এত উত্ত্যক্তের (ইভ টিজিং) শিকার হয় কেন? গতকাল শুক্রবার ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলোর যশোর আঞ্চলিক গণিত উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা এসব প্রশ্ন ছুড়ে দেয়।যশোর জিলা স্কুলের মাঠে সকাল সাড়ে নয়টায় যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। জাতীয় সংগীত পরিবেশন করেন পুনশ্চ যশোরের বন্ধুরা। শহরের আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের বাদকদল ঢোল ও ড্রাম বাজিয়ে উৎসবকে প্রাণবন্ত রাখে। জেলা প্রশাসক বলেন, ‘প্রথম আলো গণিতকে ভালোবাসতে শেখাচ্ছে। যে কারণে শিক্ষার্থীরা আজ আর গণিতে ভয় পায় না। বরং তারা উৎসাহ-উদ্দীপনা নিয়ে গণিতকে জয় করেছে। এ জন্য এই একটি অনুষ্ঠানে এসে আমি খুব সম্মানিত বোধ করছি।’ জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির দুটি পতাকা উত্তোলন করা হয়। পতাকা দুটি উত্তোলন করেন যথাক্রমে যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম ও ডাচ্-বাংলা ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলাম। উদ্বোধনের এ পর্বের সঞ্চালনা করেন বন্ধুসভার উপদেষ্টা শুভঙ্কর গুপ্ত।উৎসবের এবারের স্লোগান, ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’। উদ্বোধনের পর এক ঘণ্টা ১৫ মিনিটের লিখিত পরীক্ষা হয়। এরপর একদিকে চলে খাতা মূল্যায়নের কাজ, অন্যদিকে চলতে থাকে বিভিন্ন পর্বের অনুষ্ঠান। বেলা সাড়ে ১১টায় শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এই পর্বে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন সরকারি হাসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরার অধ্যক্ষ গণিতবিদ এলিয়াস হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের প্রভাষক ইমরান খান ও আমজাদ হোসেন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সম্রাট কুমার দে এবং ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক জাবেদ মোর্শেদ। পর্বটি সঞ্চালনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাম্মাদ আলী।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম ও প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম।এর আগে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সংসদের বন্ধুরা পরিবেশন করেন ‘গণিত জয়ের গান’। এরপর যশোর পাপেট থিয়েটারের সদস্যরা পরিবেশন করেন অঙ্ক শেখাবিষয়ক ‘পুতুলনাচ’। এ ছাড়া গান গেয়ে শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন বন্ধুসভার বন্ধু স্মিতা সরকার ও খন্দকার ইমরান। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ঢাকার জাতীয় গণিত উৎসবে যোগ দেওয়ার জন্য ৫০ জনকে চিঠি ও সনদ দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের সবাইকে পদক ও টি-শার্ট পরিয়ে দেওয়া হয়। প্রথম আলোর ব্যবস্থাপনায় এ উৎসবে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও যশোরের ১২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। আজ উৎসব ফরিদপুরে: আজ শনিবার ফরিদপুরে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল নয়টার দিকে জিলা স্কুলের মাঠে এই উৎসবের উদ্বোধন করা হবে। এতে গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও ফরিদপুর জেলার ৮০০ শিক্ষার্থী অংশ নেবে।