গণিত জয়ের গানের মধ্য দিয়ে দেশকে ভালোবাসার প্রত্যয় ব্যক্ত করেছে খুদে গণিতবিদেরা। গতকাল শুক্রবার ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১১ বরিশাল অঞ্চলের প্রতিযোগিতায় এই প্রত্যয় ব্যক্ত করে তারা। উৎসব উপলক্ষে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ হয়ে ওঠে গণিতপ্রেমীদের মিলনমেলা।সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও উৎসব উদ্বোধন করেন বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নূরুল আমীন। এ সময় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন যথাক্রমে ডাচ্-বাংলা ব্যাংক বরিশাল শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুমায়ুন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, উৎসবের বরিশাল অঞ্চলের পতাকা উত্তোলন করেন স্টেট ইউনিভার্সিটির ডিন লুৎফুজ্জামান। অনুষ্ঠানে ছিলেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক হুমায়ুন কবির, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আলমগীর, গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর তামিম শাহরিয়ার।বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের আয়োজনে এবারও পৃষ্ঠপোষক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো। সহযোগিতা করেছেন বন্ধুসভা বরিশালের সদস্যরা।সকাল পৌনে ১০টায় শুরু হয় মূল প্রতিযোগিতা। সোয়া এক ঘণ্টার প্রতিযোগিতামূলক পরীক্ষা শেষে বেলা সাড়ে ১১টায় শুরু হয় খুদে গণিতবিদদের গণিতবিষয়ক নানা প্রশ্ন। এ পর্বে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আফ্রিদা জিন্নুরাইন উর্বীর প্রশ্ন ছিল: মৌলিক সংখ্যা ভাঙা যায় না, কিন্তু সবুজ রংকে যৌগিক রং বলা হলেও তা বিশ্লেষণ করা যায় কীভাবে? বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থী দেবপ্রিয় সাহার প্রশ্ন: সংখ্যার জগতে শূন্য না হলে সমস্যা হতো? আদ্রিতার প্রশ্ন: সূর্যঘড়ি কীভাবে তৈরি করা যায়? এমন অসংখ্য প্রশ্নের উত্তর দেন অতিথিরা। একই সঙ্গে বুদ্ধিদীপ্ত প্রশ্ন করার জন্য গণিতের বিভিন্ন বই তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে।এ সময় শিক্ষার্থীদের উৎসাহিত করতে আয়োজন করা হয় উপস্থিত বিতর্ক, রবিকস কিউব প্রতিযোগিতা। খুদে গণিতবিদ শামরী রহমান শুচির নৃত্য ও বন্ধুসভার সদস্যদের সংগীত উপভোগ করে সবাই। হয় গণিত জয়ের গান, ‘আয় আয় আয় গণিতের আঙিনায়, আয় আয় আয় এই দেশটা গড়বি আয়’ এবং ‘গণিতে নেই কোনো ভয়; আজ আর এই বুকের গভীরে, আমরা জেনেছি গণিত করব জয় নিশ্চয়ই।’ এসব গানে কণ্ঠ মেলায় উৎসবে অংশ নেওয়া সব শিক্ষার্থী। এর ফাঁকে ফাঁকে মুনির হাসান শিক্ষার্থীদের দেশকে ভালোবাসতে, মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলতে অঙ্গীকার করান।সমাপনী অনুষ্ঠানের অতিথি বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের দিকে দেশ তাকিয়ে রয়েছে। এ দেশ আমাদের সবার। বাংলাদেশকে ভালোবাসলে নিজেকে উন্নত করা সম্ভব হবে। দেশকে নতুনভাবে গড়তে হলে তরুণ ও মেধাবীদের এগিয়ে আসতে হবে।’আঞ্চলিক উৎসবের আহ্বায়ক বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক বিমল কৃষ্ণ মজুমদার বলেন, ‘গণিত উৎসবের মধ্য দিয়ে খুদে গণিতবিদেরা আরও উৎসাহিত হবে। আগামী দিনে নিজেদের সমৃদ্ধ করতে গণিতের ভীতি দূর করে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে এই শিক্ষার্থীরা।’উৎসবে বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠির ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৪৩ জন গণিতপ্রেমী শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে চারটি বিভাগে ১৫ জন করে মোট ৬০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।গোপালগঞ্জ অঞ্চলের গণিত উৎসব আজ গোপালগঞ্জ প্রতিনিধি জানান, আজ শনিবার সকাল নয়টা থেকে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী এসএস মডেল হাইস্কুলে গোপালগঞ্জ অঞ্চলের গণিত উৎসব শুরু হবে। গোপালগঞ্জে প্রথমবারের মতো এই গণিত উৎসব হতে যাচ্ছে। উৎসবে অংশ নিতে ইতিমধ্যে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছে। উৎসব শুরুর আগে সকাল সাড়ে আটটা পর্যন্ত সীমিতসংখ্যক শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ রয়েছে। ফেনীতে বাছাই পরীক্ষা সম্পন্ননিজস্ব প্রতিবেদক, ফেনী জানান, কুমিল্লা আঞ্চলিক গণিত উৎসবে অংশ নিতে ফেনী গণিত অলিম্পিয়াড পর্ষদের ব্যবস্থাপনায় ও মাস্টার আবদুস ছাত্তার ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল সকালে ফেনীতে স্থানীয়ভাবে গণিত প্রতিযোগিতা ও বাছাই পরীক্ষা হয়। ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ১০০ জনকে ৩১ ডিসেম্বর কুমিল্লায় আঞ্চলিক গণিত উৎসবে অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়। অনুষ্ঠানে ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য, জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ, ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।