সকালের শীত শীত ভাবটা তখনো কাটেনি। এরই মধ্যে ঘুম ঘুম চোখে একে একে হাজির হচ্ছে তারা। সকালের মিষ্টি রোদ তাপ ছড়ানোর আগেই তাদের কলকাকলি যেন আলো ছড়িয়ে দিচ্ছিল। তারা সবাই এসেছিল গণিত জয়ের স্বপ্ন নিয়ে।‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ শীর্ষক এ স্বপ্নযাত্রায় অংশ নিতে আজ শুক্রবার সকালে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে হাজির হয়েছিল এই খুদে ও তরুণ শিক্ষার্থীদের দল।দশম ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো ঢাকা-২ আঞ্চলিক গণিত উত্সবে অংশ নেয় এক হাজার ২২০ জন শিক্ষার্থী। উত্সবে গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ ও ঢাকা মহানগরের ১৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। উত্সবে যোগ দিয়ে শিক্ষার্থীরা গণিত শিখে সবাই মিলে দেশ গড়ার এবং মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলার অঙ্গীকার নিয়েছে।রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম হোসেন সরকার জাতীয় পতাকা উত্তোলন করে উত্সবের উদ্বোধন করেন। উত্তোলন করা হয় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকাও। ওড়ানো হয় বেলুন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।ডাচ-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান বলেন, গণিত অলিম্পিয়াড এখন সারা দেশের শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে এক অনন্য উদ্যোগে পরিণত হয়েছে।সোয়া এক ঘণ্টার গণিত পরীক্ষার পর চমকপ্রদ প্রশ্ন, গান, নৃত্য, আবৃত্তি ও শপথে প্রাণবন্ত হয় উত্সব। চার ক্যাটাগরিতে সমাপনী পর্বে সেরা ৬০ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।প্রশ্নোত্তর পর্ব: উত্সবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল খুদে গণিতবিদদের প্রশ্ন। এ পর্বে চমকপ্রদ প্রশ্ন ছুড়ে দেয় শিক্ষার্থীরা। খুদে গণিতবিদদের প্রশ্ন: শূন্য দেখতে গোল কেন, ডলফিন পানিতে লাফ দেয় কিন্তু সার্ক দেয় না কেন, জ্যামিতিকে কেন গণিতের অংশ বলা হয়, ছোট বাচ্চাদের অলিম্পিয়াড হয় না কেন, স্বপ্ন দেখি কেন এবং বেশি পড়লে মাথা ব্যথা করে কেন ইত্যাদি।শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক আবদুল হাকিম খান, হুমায়ুন কবীর ও মনোরোগ চিকিত্সক মোহিত কামাল। জবাব পেয়ে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করে। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান।বিরতির পর রুবিক কিউব প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। এতে বিজয়ী তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।গণিত শিখে দেশ গড়ার প্রত্যয়: অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, গণিত দক্ষতা বড়ায়। গণিত শিখে দেশের আর্থসামাজিক উন্নতি করে দেশকে এগিয়ে নিতে আহ্বান জানান তিনি।জাফর ইকবাল বলেন, ‘জ্ঞান হচ্ছে সম্পদ। তিন কোটি শিক্ষার্থী স্কুলে পড়ে। আমাদের দরকার জ্ঞান। তাহলে দেশ সম্পদশালী হয়ে যাবে। গণিত শিখে তোমরা দেশটা তৈরি করবে এবং এগিয়ে নিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘তোমরা কথা দিচ্ছ তো, এভাবে জ্ঞান আহরণ করে দেশটাকে সম্পদশালী করবে।’ জবাবে শিক্ষার্থীরা একযোগে বলে ‘হ্যাঁ’। তিনি জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের কল্পনাশক্তি বাড়ানোর আহ্বান জানান।প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বলেন, ‘যাকিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। প্রথম আলো তোমাদের সঙ্গে আছে। তাহলে কারা ভালো?’ জবাবে শিক্ষার্থীরা বলে, ‘আমরা ভালো।’ তিনি আরও বলেন, ‘ভালোর শেষ নেই। আরও ভালো হতে হবে। যারা গণিত করতে এসেছে, সবাই আলোর মানুষ। আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলব।’ এর সঙ্গে হাত তুলে একসঙ্গে কণ্ঠ মেলায় শিক্ষার্থীরা।এ ছাড়া প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালকে কাছে পেয়ে তা অটোগ্রাফ নেওয়ার জন্য শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।প্রসঙ্গত, ১৭টি আঞ্চলিক উত্সবের সেরা গণিতবিদদের নিয়ে আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে জাতীয় গণিত উত্সব-২০১২ ও দশম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। তাদের মধ্যে সেরা কয়েকজন ২০১২ সালের জুলাইয়ে আর্জেন্টিনায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে পারবে।