গণিতকে আনন্দময় করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষে যুক্তি ও ভাবনা দিয়ে শেখানো হয় না বলেই বাংলাদেশের শিক্ষার্থীরা গণিতকে ভয় পায়। তাদের মন থেকে এই ভীতি দূর করতে হবে। গণিতকে আনন্দময় করে তুলতে হবে। দক্ষ ও আন্তরিক হলেই কেবল শিক্ষকেরা এই কাজটি করতে পারবেন।‘স্কুল পর্যায়ের গণিত শিক্ষার মান উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেছেন। গতকাল শনিবার প্রথম আলো কার্যালয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই বৈঠকের আয়োজন করে।অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এটি সত্যি, বাংলাদেশের শিক্ষার্থীরা ইংরেজি ও গণিতকে ভয় পায়। পরীক্ষায় এই দুটি বিষয়েই সবচেয়ে বেশি ফেল করে শিক্ষার্থীরা। এ অবস্থার পরিবর্তনে পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিক্ষাকে আনন্দময় করে তুলতে ইংরেজি ও গণিতের প্রতি ভয় কাটিয়ে তুলতে হবে। শুধু পাস করার জন্য নয়, প্রকৃত শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে।শিক্ষামন্ত্রী বলেন, গণিত ও বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীরা এগিয়ে আসছে না। এটি বড় উদ্বেগের বিষয়। এ সমস্যা কাটিয়ে ওঠার জন্য যা যা করার দরকার, সবই করা হবে। যে করেই হোক, বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করতেই হবে। নুরুল ইসলাম নাহিদ বলেন, পরীক্ষায় পাস করার মধ্যে এখন লেখাপড়া সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। ক্লাসে শেখানোর প্রতি গুরুত্ব দেওয়া হয় না। তিনি বলেন, দেশে অনেক ভালো শিক্ষক আছেন। কিন্তু তাঁরা ক্লাসে শেখান না। বাসায় প্রাইভেট পড়ান। সময় নষ্ট হবে বলে এই শিক্ষকেরা বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্রও তৈরি করে দেন না, তাঁরা খাতা পর্যন্ত দেখেন না। তাঁরা প্রাইভেট পড়াতে ব্যস্ত থাকেন।শিক্ষামন্ত্রী বলেন, দেশে মানসম্মত শিক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। সিলেবাসকে আধুনিক ও যুগোপযোগী করে দেশপ্রেম এবং নৈতিকতা শিক্ষায় উদ্বুদ্ধ করে দক্ষ ও পরিপূর্ণ মানুষ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেন, গণিত শেখানোর মতো ভালো শিক্ষক পাওয়া যায় না; এটি একটি বড় সমস্যা। এ ছাড়া ভালো পাঠ্যবই নেই। তিনি বলেন, প্রাইভেট ও কোচিং সেন্টারগুলো বাংলাদেশের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস নষ্ট করে দিচ্ছে। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে হবে। বৈঠকে আরও বক্তব্য দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য মোহাম্মদ কায়কোবাদ, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন আলী, বুয়েটের গণিত বিভাগের অধ্যাপক আবদুল হাকিম, গণিত সমিতির সভাপতি আবদুস সাত্তার, সম্পাদক শফিকুল ইসলাম, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের গণিতের শিক্ষক রাজিয়া বেগম, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার ও আমেরিকার ক্যালটেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর আহমেদ ভূঁইয়া। প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বৈঠকের সঞ্চালক ছিলেন।ভীতি দূর করতে হবে: আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, শিক্ষার্থীরা না বুঝে পরীক্ষায় পাসের জন্য গণিত শেখে। কেউ কেউ মুখস্থও করে। এই প্রবণতা বন্ধ করতে হবে।তানভীর আহমেদ ভূঁইয়া বলেন, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো রকম যুক্তি ও বিজ্ঞান ছাড়াই গণিত শেখানো হয়। এ কারণে বেশির ভাগ শিক্ষার্থী এখনো গণিতকে ভয় পায়। মাইনাসে মাইনাসে প্লাস হবে—এটা শেখানো হলেও কেন সেটি হবে, তা শেখানো হয় না। শিক্ষাব্যবস্থাই সবচেয়ে বড় সমস্যা।আবদুল হাকিম বলেন, অনেকেই প্রশ্ন করেন তাঁরা কেন গণিত শিখবেন? এর উত্তর হলো—চিকিৎসা বা প্রকৌশল কোনো শিক্ষাই গণিত ছাড়া সম্ভব নয়। তিনি বলেন, ‘আমাদের ছাত্ররা এখন প্রকৌশলী না হয়ে অপারেটর হয়ে যাচ্ছে। গণিত না বোঝার কারণেই এ সমস্যা।’ যুক্তি ও আনন্দময় হতে হবে গণিত শিক্ষা: ভাবনা ও যুক্তি দিয়ে শিক্ষার্থীদের গণিত শেখানোর কথা বলেন তানভীর আহমেদ ভূঁইয়া। একই রকম মন্তব্য করে রাজিয়া বেগম বলেন, শিক্ষার্থীদের ভাবনা দিয়ে গণিত শেখানো হচ্ছে না। পাঠ্যবইগুলোতেও বিষয়টি নেই। পরীক্ষায় পাস করার জন্য গণিত শেখানো হয়। ব্রাদার লিও পেরেরা বলেন, গণিতের সমাধানের মধ্যে যে আনন্দ আছে শিক্ষার্থীদের তার অনুসন্ধান দিতে হবে। শফিকুল ইসলাম বলেন, উচ্চতর গণিত ছাড়া যেন কেউ বিজ্ঞান না পড়তে পারে সে ব্যবস্থা করতে হবে।মোহাম্মদ কায়কোবাদ বলেন, যারা গণিতে ভালো করবে তাদের উৎসাহ দিতে হবে। ক্রিকেট বা ফুটবল দল জিতলে তাদের পুরস্কৃত করা হয়। একইভাবে গণিত অলিম্পিয়াড বা আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় যারা ভালো করবে, তাদের পুরস্কৃত করা উচিত। আত্মোৎসর্গ করতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী, জাফর ইকবাল, মোহাম্মদ কায়কোবাদসহ সব বক্তাই শ্রেণীকক্ষে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। আবদুস সাত্তার বলেন, একজন শিক্ষক যদি আন্তরিক ও আত্মোৎসর্গ করে শ্রেণীকক্ষে না পড়ান, তাহলে শিক্ষার মানোন্নয়ন কখনোই সম্ভব নয়। শফিকুল ইসলাম বলেন, গণিত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাঁর গণিতের দক্ষতা ভালোভাবে যাচাই করতে হবে। জাফর ইকবাল ও আবদুল হাকিমসহ অনেকেই শিক্ষকদের প্রাইভেট পড়ানো ও কোচিং ক্লাস নেওয়া বন্ধের দাবি জানান। আবদুল হাকিম বলেন, বাংলাদেশে শিক্ষকদের মূল্যায়নের কোনো ব্যবস্থা নেই। স্কুল-কলেজগুলোয় ছাত্রদের দিয়ে শিক্ষকদের মূল্যায়ন করানো উচিত। ছাত্রদের মূল্যায়নে জেলা বা দেশের সেরা গণিত শিক্ষক নির্বাচিত করা উচিত। এ ছাড়া শিক্ষার্থীরা যেন গণিত বুঝে সে কারণে উঁচু ক্লাসের শিক্ষার্থীরা তাদের নিচের ক্লাসগুলোতে গণিত শেখাতে পারে। সমস্যা পাঠ্যবইতে: লিও পেরেরা বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণিত বইয়ের মধ্যে কোনো সম্পর্কের সেতু নেই। এই তিন পর্যায়ের বইয়ের মূল্যায়ন করে সমস্যাগুলোর সমাধান জরুরি। একটি অঙ্ক যে নানাভাবে করা যায়, পাঠ্যবইতে সেই জিনিসটি আনতে হবে। মাহবুব মজুমদার পাঠ্যবইয়ে সৃজনশীলতা অন্তর্ভুক্তির কথা বলেন।মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘আমাদের যে মানের পাঠ্যপুস্তক দরকার, তার অভাব আছে। পাঠ্যপুস্তক ঠিক করতে হবে। মুনির হাসান বলেন, পাঠ্যবই নিয়মিত হালনাগাদ করতে হবে। যুগোপযোগী পাঠ্যবই করার কথা বলেন জাফর ইকবালও।তিনটি প্রস্তাব: গণিতকে জনপ্রিয় করে তুলতে আবদুস সাত্তার যুগোপযোগী ও দেশীয় অবকাঠামো বিবেচনা করে গণিতের পাঠ্যক্রম তৈরি, এই পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে পাঠ্যপুস্তক তৈরি এবং শিক্ষক নিয়োগ ও শিক্ষক প্রশিক্ষণের কথা বলেন। তাঁর মতে, এই তিনটি বিষয় সমন্বয় করার জন্য একটি গবেষণা সেল থাকা উচিত।গণিত দলকে সংবর্ধনা: গোলটেবিল শেষে ৫০ ও ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বিজয়ী বাংলাদেশ গণিত দলের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। সদস্যরা হলেন সামিন রিয়াসাত, নাজিয়া চৌধুরী, তারিক আদনান, হক মুহাম্মদ ইশফাক, নাফিজা আনজুম ও প্রাণন রহমান খান। এ ছাড়া বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদারকেও সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষামন্ত্রী তাঁদের সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বিজয়ীরা যেন বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন, এমন প্রস্তাব নিয়ে তিনি উপাচার্যদের সঙ্গে আলোচনা করবেন।