কুয়াশার চাদরে ঢাকা সকাল। সূর্যের দেখা নেই। কনকনে শীতের এই সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষার্থী আলো করে তুলেছে চট্টগ্রাম নগরের সেন্ট প্লাসিডস বিদ্যালয়ের মাঠ। সেই আলো সারা দিন ধরে বিচ্ছুরিত হয়েছে গণিত পরীক্ষায়, প্রশ্নোত্তর পর্বে। বুদ্ধির লড়াইয়ে শেষ পর্যন্ত ৬৫ জন আলোকিত শিক্ষার্থী অন্যদের পেছনে ফেলে পেয়ে গেছে ঢাকার টিকিট।ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের আঞ্চলিক পর্বে আরও একটি কীর্তি গড়েছে চট্টগ্রাম কলেজের ছাত্র ধনঞ্জয় বিশ্বাস। সে ১০ নম্বরের মধ্যে পূর্ণ নম্বরই পেয়েছে। এবার সারা দেশে ধনঞ্জয়ই প্রথম পূর্ণ নম্বর পেল। পরীক্ষা, গান, আবৃত্তি, বক্তৃতা, গণিতবিষয়ক প্রশ্নোত্তরের ফাঁকে ফাঁকে অংশগ্রহণকারীরা গণিতকে জয় করে দেশকে এগিয়ে নেওয়ার শপথ নিয়েছে।গতকাল শুক্রবার সকালে নগরের সেন্ট প্লাসিডস উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক ব্রাদার মন্ত্রজয় ত্রিপুরা জাতীয় পতাকা উত্তোলন করে গণিত উৎসব চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন। এ সময় ডাচ্-বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাহমুদ আকতার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের এবং গণিতবিদ খোদাদাদ খান বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন। এ সময় অধ্যাপক মো. কায়কোবাদ এবং প্রথম আলোর আবাসিক সম্পাদক কবি আবুল মোমেন উপস্থিত ছিলেন।এক ঘণ্টার লিখিত পরীক্ষা শেষে শিক্ষার্থীরা মজেছিল প্রশ্নোত্তর পর্বে। তারা বাংলাদেশের ক্ষেত্রফল কীভাবে মাপা হয়েছে, শূন্য কি মৌলিক সংখ্যা, মুক্তবুদ্ধির চর্চা কীভাবে করা যায়, চিন্তা মন থেকে আসে নাকি মস্তিষ্ক থেকে ইত্যাদি গণিত ও মনস্তত্ত্ববিষয়ক নানা প্রশ্ন করে ব্যতিব্যস্ত করে রেখেছিল অতিথিদের। গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানের উপস্থাপনায় প্রশ্নোত্তর পর্ব হয়ে ওঠে প্রাণবন্ত।শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক খোদাদাদ খান তাদের উদ্দেশে বলেন, ‘নিজেকে প্রশ্ন করতে হবে এবং এভাবেই তোমাদের এগিয়ে যেতে হবে।’ স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিন গণিতবিদ মো. লুৎফুজ্জামান বলেন, মাকে ভালোবাসতে হবে। মা হচ্ছে দেশ। গণিতকে ভয় করলে চলবে না। গণিতভীতি দূর করতে শিক্ষার্থীদের মজা করে শিক্ষকদের গণিত শেখানোর পরামর্শ দেন তিনি। মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল বলেন, ‘তোমরা প্রযুক্তির ব্যবহার করবে, কিন্তু অপব্যবহার করবে না। রাত জেগে মোবাইল ফোনে কথা বললে সকালে ক্লাস করতে পারবে না।’অধ্যাপক কায়কোবাদ বলেন, ‘গণিতকে জয় করে তোমাদের অনেক দূর যেতে হবে।’ দেশ গড়ার আহ্বান জানিয়ে আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম বলেন, ‘গণিত যুক্তির জায়গা, কিন্তু আজ তোমাদের অনেক প্রশ্ন এসেছে আবেগ থেকে। এই আবেগের কারণেই আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন দেশ পেয়েছিলাম।’প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের আলোকিত মন দেখে আমাদের মন ভালো হয়ে যায়। কিন্তু এখনো কেউ কেউ মেয়েদের উত্ত্যক্ত করে, এসিড ছুড়ে মারে। এসব আমাদের আশাহত করে বটে।’অন্যান্যের মধ্যে ডাচ্-বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাহমুদ আকতার, চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, গণিত অলিম্পিয়াডের কর্মী মুন, ইশফাক প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানের মাঝখানে বন্ধুসভার সাংস্কৃতিক দলের পরিবেশনায় নাটক ও গান পরিবেশিত হয়। উৎসব আয়োজনে সহযোগিতা করে চট্টগ্রাম বন্ধুসভা। প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে কক্সবাজার ও সুন্দরবনকে প্রতিষ্ঠা করার জন্য ভোটও দিয়েছে উৎসবে অংশগ্রহণকারীরা।পুরস্কারপ্রাপ্ত কয়েকজন: গণিত উৎসবে প্রাথমিক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আটজন। তারা হলো বাংলাদেশ নৌবাহিনী স্কুলের রিফাদ হোসেন; কাফকো স্কুলের অনুরূপা বড়ুয়া; ক্যান্টনমেন্ট স্কুলের আহমেদ জাওয়াদ চৌধুরী, তানভির আহসান; নৌবাহিনী স্কুলের সিদারুল মুনতাহা; কাফকো স্কুলের নাফিসা আনজুম; কলেজিয়েট স্কুলের মেহেদি হাসান ও ক্যান্টনমেন্ট স্কুলের জর্জেস উদ্দিন।জুনিয়র বিভাগের আট চ্যাম্পিয়ন হলো ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের মাহমুদ শাহ, কলেজিয়েট স্কুলের এহতেশামুল আজিম, অনুপম দেব ও কাজী মো. মারতুম আবিদ, নৌবাহিনী স্কুলের মো. সালমান, চট্টগ্রাম সরকারি স্কুলের আহসানুল কবির, সরকারি মুসলিম হাইস্কুলের শেখ ফয়সাল রহমান ও চট্টগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের সৈয়দা জান্নাতুল।মাধ্যমিক বিভাগে চার চ্যাম্পিয়ন হলো চট্টগ্রাম সরকারি স্কুলের সৌরভ দাশ, সেন্ট প্লাসিডস স্কুলের অ্যালেন অ্যালব্রার্ট, চট্টগ্রাম গ্রামার স্কুলের বৃষ্টি সিকদার ও চট্টগ্রাম সরকারি স্কুলের অর্ণব দাশগুপ্ত। উচ্চমাধ্যমিক বিভাগে চট্টগ্রাম কলেজের ধনঞ্জয় বিশ্বাস, সাইডর ইন্টারন্যাশনাল স্কুলের আহমেদ আশফাক, আহমেদ আহবাব ও চট্টগ্রাম কলেজের অরূপ চ্যাম্পিয়ন হয়।