মঞ্চে উঠেই মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশে বললেন, ‘গণিত উৎসবে তোমাদের সাথে দেখা হলে আমার ব্যাটারি চার্জ হয়। আগামী এক বছর এই চার্জ দিয়েই আমি চলব। আবার যখন আগামী উৎসবে দেখা হবে, তখন আবার ব্যাটারি চার্জ করে নেব।’ প্রিয় লেখকের এমন মন্তব্যে শিক্ষার্থীরা হলো বেশ আনন্দিত।জাতীয় গণিত উৎসব ও দশম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের শেষ দিনে গতকাল ফলাফল নিয়ে শিক্ষার্থীরা ছিল উৎকণ্ঠায়। তবে গুণীজনদের মজার মজার গল্প আর অভিজ্ঞতার কথা এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের উদ্বেগ-উৎকণ্ঠা কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে রাখে। চিৎকার আর হাততালি দিয়ে তারা এই উৎসব প্রাণবন্ত করে তোলে। রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শনিবার এ উৎসব শুরু হয়ে শেষ হয় গতকাল।সকালে শুরুতে ঢাকা বন্ধুসভার গানের দল গেয়ে শোনায় দেশ ও ভাষার গান। এ সময় তারা গাইল, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’, ‘জন্ম আমার ধন্য হলো’, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’সহ বেশ কিছু গান।মঞ্চে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানের উপস্থিতি মানেই মজার মজার কথা শোনা। তিনি সবার উদ্দেশে বললেন, পরীক্ষায় প্রশ্ন কি খুব কঠিন হয়েছে? সবাই হ্যাঁ বলে চিৎকার করতেই তিনি বললেন, গত পাঁচ বছরে এবারের মতো বেশি নম্বর কেউ পায়নি। শিক্ষার্থীরা মুনির হাসানের সঙ্গে মাদক, মুখস্থ ও মিথ্যাকে না বলার শপথ নিল। গণিতের গান নিয়ে খুলনার সাংস্কৃতিক সংগঠন গণিতের পটগান ‘অংক শেখো স্বপ্ন দেখো’ পরিবেশন করে।মঞ্চে হঠাৎ দেখা গেল একজন সাদা মনের মানুষকে। এই মানুষটি আলতাফ হোসেন। গণিত উৎসবের শুরু থেকেই ঝিনাইদহ থেকে দেশের বিভিন্ন স্থানে গিয়ে শিক্ষার্থীদের গণিত শেখার উৎসাহ দিয়ে আসছেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে পাঠ করলেন গণিতের ছড়া ‘গণিত শিখি স্বপ্ন দেখি, ঘুমিয়ে নয় জেগেই দেখি!’রুবিক্স কিউবের নতুন রেকর্ড: মঞ্চ থেকে ঘোষণা এল রুবিক্স কিউব প্রতিযোগীদের তৈরি হতে। যাদের হাতে রুবিক্স কিউব আছে এমন ৭২ জন শিক্ষার্থী সামনে চলে এল। প্রথম রাউন্ডে এলোমেলো রুবিক্স কিউব মেলানোর জন্য এক মিনিট সময় দেওয়া হলো। শুরু হয়ে গেল খেলা। সবার হাত ঘুরছে আর ঘুরছে। এখান থেকে কম সময়ে মেলাতে পারা ১২ জন নির্বাচিত করা হলো চূড়ান্ত পর্বের জন্য। এই পর্বে মাত্র ২৯ সেকেন্ডে এই কিউব মিলিয়ে ফেলল রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী ফাহাদ আহমেদ আকাশ। গত বছর কিউব মেলানোর ৫৭ সেকেন্ডের রেকর্ড ভেঙে এটি এখন নতুন বাংলাদেশ রেকর্ড!পুরস্কার আর পুরস্কার: সারাক্ষণই শিক্ষার্থীরা মুখিয়ে ছিল কখন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে আর কখন মিলবে পুরস্কার! সন্তানদের নিয়ে মা-বাবাদেরও সমান উৎকণ্ঠা।অবশ্য মুহম্মদ জাফর ইকবালের একটি কথায় তারা খানিকটা সান্ত্বনা খুঁজে পেল। তিনি বললেন, ‘এখানে পুরস্কার পাবে ৭৯ জন। কিন্তু প্রতিযোগী আট শতাধিক। সুতরাং যারা পুরস্কার পাবে না, তাদের সংখ্যাই বেশি। তাই পুরস্কার না পাবার জন্য মন খারাপ করো না, আমি নিজেও কখনো পুরস্কার পাইনি।’পুরস্কার ঘোষণা পর্ব শুরু হলে অনেকের মুখ শুকিয়ে যেন কাঠ। চার ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। উৎসবে ‘সেরাদের সেরা’ হয়েছে প্রাইমারি ক্যাটাগরিতে খুলনার হোম অব জয়তিলক রূপসা স্কুলের গোধূলি রায়, জুনিয়র ক্যাটাগরিতে সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চবিদ্যালয়ের সাজিদ আকতার তূর্য, সেকেন্ডারি ক্যাটাগরিতে ঢাকার মনিপুর উচ্চবিদ্যালয়ের নূর মোহাম্মদ সফিউল্লাহ ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে চট্টগ্রাম কলেজের ধনঞ্জয় বিশ্বাস। শিক্ষাবিদ, বিজ্ঞানী ও গণিতবিদেরা প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণিত অলিম্পিয়াডের সভাপতি জামিলুর রেজা চৌধুরী, জাফর ইকবাল, বিজ্ঞান লেখক রেজাউর রহমান, অধ্যাপক ইয়াসমিন হক, জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী, সহকারী অধ্যাপক খায়রুল হাসান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আরশাদ চৌধুরী, নোভা আহমেদ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার, গণিতবিদ খোদাদাদ খান প্রমুখ। এবার নির্বাচিত ব্যক্তিরা যাবে আর্জেন্টিনায় অনুষ্ঠেয় ৫৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে। এ জন্য বাংলাদেশ দল নির্বাচনে বিভিন্ন ক্যাম্প ও কর্মশালার আয়োজন করা হবে। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উৎসবের আয়োজন করেছে।