বিচারকের আসনে ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত। প্রতিযোগীর তালিকায় পাটিগণিত, বীজগণিতসহ বিভিন্ন গণিতবিদ। বিচারকদের কড়া নির্দেশ, প্রতিযোগিতায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কিন্তু শহরের মাস্তান কলিজাকাটা নগনের ভাগ্নে বিচারকদের সেই নির্দেশ অমান্য করে বসে। তাদের প্রশ্ন, তাহলে ক্যালকুলেটর আবিষ্কার করা হলো কেন? এ নিয়ে হইচই।এমন হইচইয়ের দৃশ্যটি বাস্তব নয়। দৃশ্যটিগণিতবিদ ২০১০ নাটকের। নাটকটি লিখেছেন প্রথম আলোর রাজশাহী বন্ধুসভার সদস্য কে এম সানাউল হক।এমনই নানা আয়োজনে ডাচ্-বাংলা ব্যাংক—প্রথম আলো গণিত উত্সবের রাজশাহী আঞ্চলের উত্সব জমে ওঠে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী কলেজিয়েট স্কুলমাঠে রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৪১ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন প্রথম আলো বন্ধুসভার রাজশাহীর সদস্যরা। উত্সবের আয়োজক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।সকাল সাড়ে নয়টায় কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নূর জাহান বেগম উত্সবের উদ্বোধন ঘোষণা করেন। জাতীয় সংগীত পরিবেশনার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজশাহীর জেলা প্রশাসক শেফাউল করিম, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম।উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্যে জেলা প্রশাসক শেফাউল করিম বলেন, এ উত্সব গণিতের প্রতি শিক্ষার্থীদের ভয় দূর করবে। গণিতের অনুশীলন যত বাড়বে, শিক্ষার্থীরা তত অগ্রসর হবে।উদ্বোধনের পরপরই শিক্ষার্থীরা বিদ্যালয়ের নির্ধারিত ভবনের নির্ধারিত কক্ষে গিয়ে বসে। ভবনগুলোর নাম ছিল বিশ্বখ্যাত গণিতবিদ পিথাগোরাস, ইউক্লিড ও রামানুজনের নামে।সকাল সোয়া ১০টায় শুরু হয় পরীক্ষা। এক ঘণ্টার লিখিত পরীক্ষা শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এ পর্বে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করে ঐশী, যূথী ও তূর্ণা। লালনসংগীত পরিবেশন করে দৃষ্টি। গানের পরপরই ছিল নাটক গণিতবিদ ২০১০। ২০ মিনিটের এ নাটকের পুরোটা দর্শকদের হাসির খোরাক জোগায়।সাংস্কৃতিক পর্বের পরই শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে অংশ নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও প্রভাষক মোহাম্মদ আলমগীর হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান শামসুল আলম সরকার ও গণিত বিভাগের সাবেক অধ্যাপক সুব্রত মজুমদার, একই বিভাগের শিক্ষক নাজমা আক্তার, কাজী সেলিনা সুলতানা, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক নজরুল ইসলাম ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশ গণিত দলের সদস্য মাহাবুবুল হাসান।মজার মজার প্রশ্নোত্তরে এই পর্বে শিক্ষার্থীরা গণিতের প্রতি তাদের ভালোবাসার কথা জানায় এবং ভবিষ্যতে গণিতবিদ হওয়ার আগ্রহ প্রকাশ করে। এ পর্বে কলেজিয়েট স্কুলের জাহিদুর রহমান, রাজশাহী ল্যাবরেটরি স্কুলের অমি, নাটোরের সিংড়ার আবদুল্লাহ হিল কাফি, পিএন স্কুলের খুদে শিক্ষার্থী গুনগুন প্রমুখ।এ পর্বে মাঝেমধ্যে শিক্ষার্থীদের চাঙা করার জন্য গাণিতিক ধাঁধা ছুড়ে দেওয়া হয়।এরই মধ্যে অনুষ্ঠানের উপস্থাপক ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান শিক্ষার্থীদের মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলার অঙ্গীকার করান। একই সঙ্গে তারা মাকে খুশি করা ও দেশকে ভালোবাসার অঙ্গীকার করে।সমাপনী পর্বে অতিথি হিসেবে মঞ্চে আসেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দীপকেন্দ্র নাথ দাস। তিনি বলেন, ‘গণিতের ভয়ে আমি বিজ্ঞান ছেড়ে দিয়েছিলাম, কিন্তু গণিত আমাকে ছাড়েনি।’শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের শুরুতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক নন্দা ভট্টাচার্যের হাতে। চারটি বিভাগে ৬০ জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়। এদের মধ্যে শতভাগ নম্বর পেয়ে জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুলের এ এম তানভীর সাদাত, মোতাসিম, রাজশাহী ল্যাবরেটরি স্কুলের মো. সোয়েব শাহরিয়ার ও রাজশাহী ক্যাডেট কলেজের ক্যাডেট মাহফুজ।