গত কয়েক দিনের ভারী কুয়াশা ও শৈত্যপ্রবাহের পর সূর্যের দেখা মেলে কাল। সকালের মিষ্টি রোদের ওম লাগিয়ে একের পর এক খুদে গণিতবিদেরা জড়ো হয় কুমিল্লা জিলা স্কুলে। তাদের পদচারণে গতকাল শুক্রবার মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উত্সব ২০১০-এর কুমিল্লা অঞ্চলের উত্সবে দিনব্যাপী অনুষ্ঠানে খুদে গণিতবিদদের সঙ্গে হেসেছে প্রকৃতিও। সেই হাসির আলোকচ্ছটা ছড়িয়ে পড়ে পুরো অনুষ্ঠানে।উত্সবে অংশ নিতে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার ১০৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর ৯৪৮ জন শিক্ষার্থী গণিত অলিম্পিয়াডে অংশ নেয়।শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিজ্ঞানী ও গণিতবিদদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে উত্সব। এতে শিক্ষার্থীরা দুই হাত উঁচিয়ে বদলে যাওয়ার অঙ্গীকার করে। ‘না’ বলে মাদক, মুখস্থ ও মিথ্যাকে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ভালোবাসার প্রত্যয়ও ব্যক্ত করে।জমজমাট এই উত্সবে বিভিন্ন বিভাগে ৬০ জন পুরস্কার জিতে নেয়। এদের ১৬ জনই কুমিল্লা জিলা স্কুলের। বিজয়ীরা ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় গণিত উত্সবে অংশ নেবে।সকাল সাড়ে নয়টায় উদ্বোধনী পর্বে জাতীয় পতাকা উত্তোলন করেন কুমিল্লার জেলা প্রশাসক আবদুল মালেক। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন যথাক্রমে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ আবু তাহের কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম ও কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র ভৌমিক। এ সময় কুমিল্লা মডার্ন হাইস্কুলের একদল শিক্ষার্থী জাতীয় সংগীত পরিবেশন করে। এরপর অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপল চন্দ্র ভৌমিক।উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আবদুল মালেক বলেন, ‘বিজ্ঞানমনস্ক আধুনিক সমাজ গড়তে হলে গণিত শিক্ষার বিকল্প নেই। তাই গণিতকে ভয় না করে জয় করতে হবে।’সকাল ১০টায় শুরু হয় সোয়া এক ঘণ্টার মূল আয়োজন গণিত অলিম্পিয়াড (প্রতিযোগিতা)। এরপর শুরু হয় প্রশ্নোত্তর ও কুইজ-পর্ব। এতে মজার মজার প্রশ্ন করে শিক্ষার্থীরা পুরস্কার হিসেবে জিতে নেয় বই।দুপুর সোয়া দুইটায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন খান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, একই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান অধ্যাপক আবদুল হাকিম খান, অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটির অধ্যাপক লুত্ফর রহমান খান, বুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিকস বিভাগের সহকারী অধ্যাপক ফারসিম মান্নান মোহাম্মদী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক কুমিল্লা শাখার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম।অধ্যাপক মো. আমির হোসেন বলেন, ‘ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের গণিতপ্রেমী হতে হবে।’অধ্যাপক মো. কায়কোবাদ বলেন, ‘আশা করি, কুমিল্লার চৌকস ও মেধাবী শিক্ষার্থীরা ঢাকায় গিয়ে গণিতকে জয় করতে পারবে। তারা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।’পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান ও কুমিল্লায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক গাজীউল হক। সব শেষে একদল শিক্ষার্থীর গণিত জয়ের গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ময়মনসিংহে গণিত উত্সব আজময়মনসিংহ অঞ্চলের গণিত উত্সব আজ শনিবার সকাল নয়টায় বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।এতে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী অংশ নেবে।উত্সবের আয়োজক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি জানায়, শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে নয়টার আগেই পরীক্ষাকেন্দ্রে এসে প্রবেশপত্র দেখিয়ে ভেতরে ঢুকতে হবে। যেসব শিক্ষার্থী নিবন্ধন করলেও প্রবেশপত্র সংগ্রহ করেনি, তারা পরীক্ষাকেন্দ্রের তথ্যকেন্দ্র থেকে বন্ধুসভার সদস্যদের সহযোগিতায় প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। শিক্ষার্থীরা ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর ও কম্পাস সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে না।