গণিতভীতি কাটিয়ে বিশ্বজয়ের প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের সকাল গতকাল শনিবার শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে বগুড়া শহরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ। সবার চোখেমুখে গণিত জয়ের স্বপ্ন। অন্য রকম প্রাণ পায় ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো একাদশ গণিত উৎসবের বগুড়া অঞ্চলের উৎসবস্থল। উৎসবে গণিতভীতি কাটিয়ে বিশ্বকে জয় করার অঙ্গীকার করা হয়।‘গণিত শেখো-স্বপ্ন দেখো’ স্লোগান নিয়ে এবারের বগুড়া আঞ্চলিক গণিত উৎসবে যোগ দেয় বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষার্থী। সকাল নয়টায় সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসব শুরু হয়। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান জাতীয় গণিত অলিম্পিয়াডের পতাকা এবং বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহা. মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন। বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ভেন্যু প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এরপর উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে এক ঘণ্টা ১৫ মিনিটের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে শুরু হয় শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব। খুদে গণিতবিদদের এসব প্রশ্নের উত্তর দেন অতিথিরা। পরে সমবেত কণ্ঠে গাওয়া হয় গণিত জয়ের গান ‘আমরা করব জয় একদিন’। এর পরই শিক্ষার্থীদের মাদক, মিথ্যে ও মুখস্থকে ‘না’ বলান মুনির হাসান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মা, মাতৃভূমি আর মাতৃভাষা—এই তিন মাকে ভালোবাসতে হবে।’ শিক্ষার্থীদের উদ্দেশে দীপকেন্দ্র নাথ দাস বলেন, গণিতকে ভয় পাওয়ার দিন আর নেই। এখন সময় বিশ্বকে জয় করার। মুস্তাফিজুর রহমান বলেন, গণিত উৎসবের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের সৃষ্টিশীলতা, চিন্তাশীলতার পথ তৈরি হচ্ছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক হামঞ্চাদ আলী বলেন, ভালো গণিতবিদ হতে হলে প্রশ্ন করার জন্য সব সময় তৈরি থাকতে হবে। আরও বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসেন, জাতীয় গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর তামিম শাহরিয়ার, পল্লী উন্নয়ন একাডেমি ল্যাব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রবিউল করিম এবং প্রথম আলোর বগুড়ার নিজস্ব প্রতিবেদক মিলন রহমান। বিজয়ী হলো যারা: উৎসব শেষে চারভাগে ৫০ শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করে ক্রেস্ট, টি-শার্ট ও সনদ দেওয়া হয়। এর মধ্যে প্রাথমিকে ৬, নিম্নমাধ্যমিকে ১১, মাধ্যমিকে ২০ এবং উচ্চমাধ্যমিকে ১০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রাথমিকে সর্বোচ্চ নম্বর পেয়ে সিরাজগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সৌমিক রঞ্জন পাল চ্যাম্পিয়ন, নিম্নমাধ্যমিকে পাবনা ক্যাডেট কলেজের আল মুজাদ্দেদ, বগুড়ার শাহিন স্কুলের আবু হাসান, বগুড়া জিলা স্কুলের বখতিয়ার রহমান ও এইচ এম সাব্বির এবং বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নুশরাত সুবা বিনতে সাখওয়াত চ্যাম্পিয়ন হয়েছে। মাধ্যমিকে সিরাজগঞ্জ বি এল সরকারি উচ্চবিদ্যালয়ের সাজিদ আক্তার, বগুড়া জিলা স্কুলের তাজমিলুর রহমান, রুহান ইসলাম, সাহাবুদ্দিন আকন্দ, ফারহান তাহমিদ, ইফতেখার হক খান, সৈয়দ মাহমুদুল হুদা এবং বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সাইফুল্লাহ তালুকদার চ্যাম্পিয়ন হয়েছে। উচ্চমাধ্যমিকে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের এম এম আল ফারাবি, তাসমিম জাহান ও বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের রাশিদ আবিদ চ্যাম্পিয়ন হয়েছে।