গণিতে প্রাণের স্পন্দন
গণিত উৎসবে এবার যে প্রাণচাঞ্চল্য লক্ষ করেছি, অভিভূত না হয়ে পারা যায় না। ময়মনসিংহ আনন্দমোহন সরকারি মহিলা বিদ্যালয়ে অনুষ্ঠিত আঞ্চলিক গণিত উৎসবে আমি গিয়েছিলাম। নির্ধারিত সময় সকাল নয়টার আগেই বিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত। সবাই সারি বেঁধে লাইনে দাঁড়িয়ে। কোনো বিশৃঙ্খলা নেই। দেখে গর্বে বুক ভরে গেল। এ যে আরেক বাংলাদেশ! শিক্ষার্থীদের মধ্যে নেই সংঘাত। সবাই একে অপরের বন্ধু। সবাই গণিতের প্রতিযোগিতায় মেধার পরিচয় দিতে ব্যগ্র। ঢাকার ল্যাবরেটরি গভর্নমেন্ট স্কুলেও একই ধরনের প্রাণের সমারোহ দেখেছি। বাংলাদেশের মধ্যে যে এক বিরাট সম্ভাবনা লুকিয়ে আছে, এই তরুণ শিক্ষার্থীদের দেখলে সে কথাই মনে পড়ে। প্রশ্নোত্তর-পর্বে এমনকি শিশু শিক্ষার্থীরাও যেসব বিষয় জানতে চাইল, তা হয়তো অনেক উঁচু ক্লাসের শিক্ষার্থীরাও সাধারণত চিন্তা করেন না। অর্থাৎ গণিত উৎসব ও প্রতিযোগিতা একটি নতুন বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলছে। সেদিন খুব বেশি দূরে নয়, যখন এই নতুন প্রজন্ম দেশকে জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে নেওয়ার কঠিন দায়িত্ব হাতে নেবে।গণিতের মধ্যে একটা আনন্দ আছে। যখন সেই আনন্দের স্বাদ পাই, তখন আমাদের মনের ভেতর থেকে জন্ম নেয় আরও এগিয়ে যাওয়ার প্রেরণা। এখানেই গণিত উৎসবের সার্থকতা। অনেক সময় গণিতের বড় বড় সমস্যাকে মনে হয় খুব কঠিন। সহজে তার সমাধান পাওয়া যাবে না। কিন্তু একটু বুদ্ধি খাটালে সব সহজ হয়ে যায়। এ রকম সহজ উপায় অনেক আছে। যেমন, কোনো সংখ্যা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য কি না তা বের করার একটি সহজ নিয়ম হলো সংখ্যাটির অঙ্কগুলো পরপর যোগ করে দেখা। যোগফল একাধিক অঙ্কের হলে আবার একইভাবে যোগ করতে হবে। শেষ পর্যন্ত প্রাপ্ত যোগফল যদি ৩, ৬ বা ৯ হয় তাহলে পুরো সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে। আমরা এটা পরীক্ষা করে দেখতে পারি। ৩৭৮৫ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কি না দেখা যাক। ৩+৭+৮+৫ = ২৩, ২+৩ = ৫; সুতরাং ৩৭৮৫ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য নয়। এভাবে ৮৩৯৪৫৮৭২৩; (৮+৩+৯+৪+৫+৮+৭+২+৩) = ৪৯; (৪+৯) = ১৩; (১+৩) = ৪; সুতরাং এ সংখ্যাটিও ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। দেখা যাক ৬৩৫৯৪৭৬২২৪ সংখ্যাটির বেলায় কী হয়। এখানে (৬+৩+৫+৯+৪+৭+৬+২+২+৪) = ৪৮; (৪+৮) = ১২, (১+২) = ৩; সুতরাং বড় সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য।