গণিতের ধ্বনিতে বাজে ওই মুক্তির জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একসঙ্গে স্কুলে যাই, একসঙ্গে খেলা করি। দিনভর আড্ডা, গল্প, গান—সব একসঙ্গে। আর আজকে গণিত অলিম্পিয়াডে দুজনই একসঙ্গেই পুরস্কার পেলাম। অনেক মজা লাগছে, অনেক আনন্দ লাগছে।’ অনুভূতির কথা জানাতে গিয়ে কুমিল্লা আঞ্চলিক উৎসবে জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়া দুই বোন ময়না আক্তার স্বর্ণা ও ফাতেমা আক্তার অর্ণা হাসিতে ভেঙে পড়ে। ‘ওরা তো হাসবেই! পড়াশোনায় ভালো, স্কুলেও ভালো ফল। ফেনীতে বাছাইপর্বে যখন নির্বাচিত হলো, তখন থেকেই আশাবাদী ছিলাম, ফল ঘোষণার পর তা-ই হলো।’ বলছিলেন তাদের বাবা আবদুস সাত্তার। স্বর্ণা আর অর্ণা আবারও প্রমাণ করেছে, যারা ভালো, তারা সব জায়গায় ভালো। ময়মনসিংহে হাজির হয়ে সম্প্রতি চ্যানেল আই সেরাকণ্ঠ নির্বাচিত হওয়া তানজীম শরীফ মুগ্ধ বলেছে, সে ২০১০ সালের গণিত উৎসবের সেরাদের সেরা পরিচয় দিতে গর্ববোধ করে। কুমিল্লা আর ময়মনসিংহে হয়ে যাওয়া এবারের কার্যক্রমের তিন নম্বর জোড়ায় এমনই সব গণিতপ্রেমীর মেলা। ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের আয়োজক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ৩১ ডিসেম্বর কুমিল্লা জিলা স্কুলে কুমিল্লা আঞ্চলিক উৎসবে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৭৬ জন অংশ নিয়েছে। ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে হয়েছে ময়মনসিংহ উৎসব। সেখানে টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহের ১৩১টি প্রতিষ্ঠানের ৯২৩ জন শিক্ষার্থী অংশ নেয়।ভোরের কুয়াশাকে মানেরঙিন আলো এসে শিশিরের বুকে জাগিয়ে তোলে প্রাণের ইশারা। মুক্তার মতো ঝলমলে হাসি ফুটে ওঠে। শীতের মিঠে সকালকে করে আরও বেশি রোমাঞ্চিত। স্কুলের পোশাক পরে সবার আসার কথা সকাল সাড়ে আটটায়। কিন্তু সব জায়গায় ভোরের কুয়াশা কেটে যাওয়ার আগেই স্কুলচত্বর মুখরিত হয়ে ওঠে খুদে গণিতবিদদের পদচারণে। আর তাদের প্রাণচাঞ্চল্য যেন অম্লান থাকে, সে জন্য বন্ধুসভার বন্ধুরা কোথাও আগের রাত চারটা পর্যন্ত কাজ করে আবার ভোর ছয়টার মধ্যে মাঠে হাজির হয়েছেন। সকাল থেকে নতুন বন্ধুকে খোঁজা, নিজের আসনবিন্যাস জানার পাশাপাশি পতাকা মঞ্চের সামনে জড়ো হওয়া। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। কুমিল্লায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, কুমিল্লা উচ্চমাধ্যমিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক সুনীল চন্দ্র দাস ও কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক গোপালচন্দ্র ভৌমিক এবং ময়মনসিংহে ছিলেন জেলা প্রশাসক মো. লোকমান হোসেন, বিদ্যাময়ী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও গণিতের অধ্যাপক মো. আবদুল হাই।পরীক্ষা ও পরীক্ষা শেষে১০ বছর আগের প্রথম মিনি অলিম্পিয়াডে পরীক্ষার সময় ছিল ৩০ মিনিট। আর এখন সোয়া ঘণ্টা। সব ক্যাটাগরিতে ১০টি সমস্যার সমাধান করতে হয় এ সময়ের মধ্যে। কেবল উত্তর লিখলেই হয় না, খসড়ার কাগজটিও জমা দিতে হয়। পরিদর্শকেরাও আগের তুলনায় অনেক সতর্ক। তবে পরীক্ষা চলাকালে সবাই পেয়ে যায় তাদের অংশগ্রহণের সনদ। পরীক্ষা শেষে সবাই জড়ো হয় মাঠে। থাকে গণিত আর বিজ্ঞানের বই, রুবিকের বই আর বিভিন্ন জেলা থেকে আসা নতুন বন্ধু। বন্ধুতা পর্বের পরপরই শুরু হয় দ্বিতীয় পর্ব। দুটি উৎসবেই ছিল জমজমাট সাংস্কৃতিক পর্ব। ময়মনসিংহ উৎসবে প্রথম আলোর জেলা প্রতিনিধি কামরুজ্জামান তুহিনের উপস্থাপনায় ছিল ঘণ্টাব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীরা গান, নাচ, আবৃত্তিতে অংশ নেয়। সঙ্গে ছিল ময়মনসিংহ বন্ধুসভার দুর্নীতিবিরোধী গানের সঙ্গে কোরিওগ্রাফি, যা সবাইকে মুগ্ধ করে। সেখানে এক ফাঁকে চ্যানেল আই সেরাকণ্ঠ মুগ্ধ ও তার যমজ ভাই স্নিগ্ধ গান পরিবেশন করে। কুমিল্লায়ও ছিল অনুরূপ অনুষ্ঠান।প্রশ্নোত্তর ও কুইজ পর্বসারা বছর ধরে অপেক্ষায় থাকে খুদে গণিতবিদেরা, কখন তাদের প্রশ্নের জবাব মিলবে। তাদের ধারালো এবং জটিল সব প্রশ্নের উত্তর দিতে অনেক সময় বিপদে পড়েন সেরা গণিতবিদ ও বিজ্ঞানীরা। প্রশ্নোত্তর পর্বে গণিত ছাড়াও ছিল মনস্তাত্ত্বিক সমস্যা, মহাকাশ, পদার্থ, কম্পিউটার, রসায়নসহ ক্রিকেট খেলা নিয়েও প্রশ্ন। প্রশ্নোত্তর পর্বের একপর্যায়ে দুটি উৎসবে ড. মোহাম্মদ কায়কোবাদ শিক্ষার্থীদের উদ্দেশে একটি করে সমস্যা দেন। সে সময় তিনি ঘোষণা করেন, কেউ তা সমাধান করতে পারবে না! কুমিল্লার শিক্ষার্থীরা তাঁর সমস্যার সমাধান করতে না পারলেও ময়মনসিংহে প্রশ্নটির প্রথম সমাধান করে পুরস্কার জিতে নেয় বিদ্যাময়ীর ছাত্রী তাইয়েবা আক্তার। তাইয়েবা চলতি বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় সারা দেশে দশম হয়েছে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানের পরিচালনায় এই পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট গণিতবিদ খোদাদাদ খান ও মোহাম্মদ কায়কোবাদ। এ ছাড়া কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল, ইব্রাহিম মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের সহকারী অধ্যাপক জেসমিন আক্তার, নাইটিঙ্গেল মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুর রহমান, সময় প্রকাশনীর স্বত্বাধিকারী ফরিদ আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সালেহ জিল্লুর রহমান, তথ্যপ্রযুক্তি সংস্থা স্পেকট্রামের নির্বাহী পরিচালক মুশফিকুর রহমান, গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর তামিম শাহরিয়ার ও আইএমওতে ব্রোঞ্জ বিজয়ী সামিন রিয়াসাত। ময়মনসিংহে ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী মো. আতাউল করিম, রেজাউর রহমান, জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী ও গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান। ময়মনসিংহ উৎসবে বিশাল এই দলকে যাতায়াতে সহযোগিতা করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ পর্বের ফাঁকে ফাঁকে মুনির হাসান শিক্ষার্থীদের মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলতে বললে সবাই তাতে যোগ দেয়। একই সঙ্গে শিক্ষার্থীরা প্রতিদিন একবার মাকে খুশি করারও অঙ্গীকার করে।বাছাইয়ের বাছাই!আঞ্চলিক উৎসবগুলো জাতীয় উৎসবের বাছাই। কিন্তু কুমিল্লা অঞ্চলের উৎসবে অংশ নিতে ফেনী ও নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে বাছাইপর্ব। ২৪ ডিসেম্বর ফেনী গণিত অলিম্পিয়াড পর্ষদের ব্যবস্থাপনায় ও মাস্টার আবদুস সাত্তার ফাউন্ডেশনের সহযোগিতায় প্রায় ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৬০ জন শিক্ষার্থী গণিত প্রতিযোগিতায় অংশ নেয়। সেখান থেকে নির্বাচন করা হয় ৮০ জনকে। নোয়াখালী বন্ধুসভা ও গণিত ক্লাবের আয়োজনে ২৫ ডিসেম্বর ১৬টি স্কুলের ২২০ জন শিক্ষার্থীর মধ্যে ৬০ জনকে বাছাই করা হয়। কয়েকটি বাস নিয়ে এসব শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উৎসবে অংশ নেন। ফলাফলের সময় হতাশ হতে হয়নি তাঁদের। কারণ, তাঁদের শিক্ষার্থীরা জিতে নেয় অনেক পুরস্কার। ‘আমরা অনেক খুশি, আমাদের পরিশ্রম সফল হয়েছে, অনেক শিক্ষার্থী আজ পুরস্কার পেয়েছে।’ জানালেন ফেনী আয়োজক কমিটির পক্ষ থেকে প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের ও নোয়াখালী গণিত কাবের সাধারণ সম্পাদক মোজাহিদ সোহেল। অবশেষে রুবিক কিউবের সম্পূর্ণ সমাধান!!!জাতীয় রুবিক কিউব প্রতিযোগিতার প্রস্তুতি পর্ব চলছে এখন দেশজুড়ে। ইতিপূর্বে অনুষ্ঠিত চারটি উৎসবে কেউ রুবিক কিউবের সম্পূর্ণ সমাধান করতে পারেনি। এ অবস্থার অবসান ঘটে কুমিল্লায়। কুমিল্লা ক্যাডেট কলেজের নূরুল আলম পাভেল সেটির সমাধান করে। ময়মনসিংহ জিলা স্কুলের এইচ এম দিলশাদ আলম ও সৌভিক দাস রুবিক কিউবের সব দিক মিলিয়ে পুরস্কার জিতে নেয়। ১২ ফেব্রুয়ারি জাতীয় গণিত উৎসবের দ্বিতীয় দিনে দেশে প্রথমবারের মতো রুবিক কিউবের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বর্তমানে প্রতিবছর আন্তর্জাতিক পর্যায়ে রুবিক কিউবের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সততা ও দেশপ্রেমই সাফল্যের মূলএ বছরের উৎসবের একটি বিশেষ পর্ব—উদ্যোগ ও উদ্ভাবন। কুমিল্লায় উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছিল স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তা প্রদীপ কুমার রাহাকে। কাকতালীয়ভাবে তিনি গণিতে স্নাতক। খাদিশিল্প বিকাশের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন প্রদীপ রাহা। নিজস্ব ঐতিহ্য আর দেশি শিল্পকে সঙ্গে করে দেশকে এগিয়ে নিতে চান। একইভাবে ময়মনসিংহের সফল উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুল খালেক। তিনি গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। তাঁরা দুজনেই তাঁদের জীবনসংগ্রামের কথা তুলে ধরেন আগামী দিনের প্রজন্মের সামনে। মো. আবদুল খালেকের পর পর পাঁচ দিন অর্ধাহারের পর কচু বিক্রি করে ভাত খাওয়ার গল্প উপস্থিত সবাইকে মনে করিয়ে দেয়—সফল হতে হলে লেগে থাকতে হয়, সৎ থাকতে হয়। পরিশ্রম, সততাকে কাজে লাগিয়ে আজকের অবস্থানে উঠে আসার জন্য কঠিন সংগ্রাম ও পথ পাড়ি দেওয়ার গল্প অনুপ্রাণিত করে সবাইকে। সে সঙ্গে মুনির হাসান শোনান বর্তমানে এমআইটিতে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থী নাজিয়া চৌধুরীর টানা চার দিন একটি সমস্যা সমাধানের চেষ্টা ও সফলতার গল্প। ২০০৪ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লা আঞ্চলের আঞ্চলিক গণিত উৎসব প্রথম অনুষ্ঠিত হয়। সাত বছর পর ঘুরে আবারও সেই ৩১ ডিসেম্বর! কুমিল্লার সমন্বয়কারী গাজীউল হকের এ ঘোষণায় সবাই করতালির মাধ্যমে সেই ক্ষণ উদ্যাপন করে। দুই উৎসবে ১১৪ জনকে জাতীয় উৎসব ও নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের জন্য নির্বাচন করার মাধ্যমে শেষ হয় গেল বছরের শেষ দিন আর এ বছরের প্রথম দিনের বর্ণাঢ্য গণিত উৎসব।