প্রতিযোগিতায় পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে কেঁদে ফেলে লামইয়া। প্রশ্নের উত্তর নিয়ে তার যত চিন্তা। পরীক্ষার কক্ষে পরিদর্শনে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক সুব্রত মজুমদার। সান্ত্বনা দিয়ে বললেন, গণিতকে ভয় নয়, জয় করতে হবে। আশ্বস্ত হয় লামইয়া। শুরু হয় প্রশ্নের সমাধান।লামইয়া কান্না দিয়ে শুরু করলেও প্রশ্নোত্তর পর্বে কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থী মনোয়ার হোসেন ছিল সরব। তার প্রশ্ন, শূন্য জোড় না বিজোড় সংখ্যা। গণিতের প্রায়োগিক দিক নিয়ে প্রশ্ন তোলে কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান। তার প্রশ্ন, বীজগণিত কী কাজে লাগে? আর ভালো প্রশ্ন করে বই পুরস্কার জেতার আনন্দ তো আছেই। শুধু কি তাই! এর মধ্যে ছিল স্বপ্ন দেখার আহ্বান। প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর পেয়ে নাজমুস সাকিব বলল, ভবিষ্যতে সে আরও ভালো করবে। বয়ে আনবে দেশের সুনাম। গতকাল শনিবার ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো কুষ্টিয়া অঞ্চলের গণিত উত্সবের আয়োজন ছিল এমনই। কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ চত্বরে দিনব্যাপী এ উত্সবে গণিতের টানে শিক্ষার্থীদের পাশাপাশি ছুটে আসেন শিক্ষকেরা। সঙ্গে ছিল অভিভাবকদেরও আগ্রহ। সব মিলিয়ে গণিতের প্রতি ভালোবাসায় কাটে দিনটি। সকাল সাড়ে নয়টায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জাতীয় পতাকা উত্তোলন ও উত্সবের উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক সুব্রত মজুমদার ও অধ্যক্ষ আবদুল বারী। এ সময় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্যে অতিরিক্তি পুলিশ সুপার সুভাষচন্দ্র সাহা বলেন, প্রথম আলোর এ উদ্যোগ প্রশংসীয়। তিনি বিভিন্ন জেলার শিক্ষার্থীদের গণিতবিদ বলে আখ্যায়িত করেন।সকাল ১০টায় শুরু হয় সোয়া ঘণ্টার মূল্যায়ন পরীক্ষা। পরীক্ষার খাতা মূল্যায়নের পাশাপাশি পুলিশ লাইন স্কুলের বিশাল মাঠে চলতে থাকে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব। শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন মঞ্চে থাকা শিক্ষকেরা। তাঁদের মধ্যে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মিজানুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মোহাম্মদ আলমগীর হোসেন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান। মঞ্চে উপস্থিত ডাচ্-বাংলা ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক শফিকুজ্জামান খান বলেন, প্রথম আলো সব সময় ভালো কাজের সঙ্গে থাকে। আর ভালো কাজের পৃষ্ঠপোষকতায় বরাবরই এগিয়ে আসে ডাচ্-বাংলা ব্যাংক।পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান। তিনি শিক্ষার্থীদের মাদক, মুখস্থ ও মিথ্যাকে না বলার শপথ করান। শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের আগে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক এনামুল হকের হাতে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নীতিশচন্দ্র সরকার ও সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) আলমগীর হোসেন। উত্সবে মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পাবনা ও কুষ্টিয়ার ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৪১ জন শিক্ষার্থী অংশ নেয়। চারটি বিভাগে ৬০ জনকে পুরস্কৃত করা হয়। এদের মধ্যে প্রাইমারি বিভাগে কুষ্টিয়ার তিন নম্বর প্রাইমারি স্কুলের তানজিম ফাতিন, জুনিয়র বিভাগে নাজমুস সাকিব, সেকেন্ডারি বিভাগে ঝিনাইদহ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আবদুল্লাহ আর মুনিম ও হায়ার সেকেন্ডারি বিভাগে হাসান আল মাহমুদ সর্বোচ্চ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে।বাংলাদেশ গণিত অলিম্পিডিয়াডের আয়োজনে এ উত্সবে সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো বন্ধু সভার কুষ্টিয়ার সদস্যরা।