গণিতের বাংলাদেশ
কিছুকাল আগের কথা, যখন আমরা গণিত শুনলে ভীতসন্ত্রস্ত হতাম। পরীক্ষায় ভালো করতে অনেকে অঙ্ক মুখস্থের মতো ভয়াবহ সাহসের কাজও করতাম। কিন্তু এখন দিন বদলেছে। আমরাও বদলেছি, বদলাচ্ছি। এ বদলে যাওয়া গণিতকেন্দ্রিক, আমাদের মেধার বিকাশ, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় যোগ হওয়া নতুন মাত্রা। আমরা গণিতের আনন্দময় রাজ্যের সন্ধান পেয়ে গেছি। গণিত উত্সব আমাদের শিখিয়ে দিয়েছে, কীভাবে গণিত থেকে আনন্দ আহরণ করতে হয়। দেশজুড়ে গণিত উত্সবের যে ব্যাপক বিস্তৃতি এবং একে ঘিরে শিক্ষার্থীদের যে উত্সাহ-উদ্দীপনা, এর রহস্য এখানেই। গণিত উত্সবই পেরেছে কিছুকাল আগের সেই ভয়বহ গণিতকে আমাদের কাছে মজার বিষয় করে তুলতে। গণিত উত্সবের সবচেয়ে বড় প্রাপ্তি বাংলাদেশের মতো জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে অনেকাংশে অনগ্রসর একটি দেশের মানুষকে ‘গণিতমনস্ক’ করে তোলা। গুটিকয় অঙ্কের গাণিতিক সমাধানের গণ্ডি পেরিয়ে সিলেবাসের বাইরে গণিত যে কত রহস্যময়, কত বৈচিত্র্যময়, তা একটু একটু করে বুঝতে শিখছি প্রতিবছর গণিত উত্সবে অংশগ্রহণের সুবাদে। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এ রকম একটি বড় প্রতিযোগিতায় অংশ নিতে পেরে। দেশের খ্যাতিমান গণিতবিদদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করে। তাই তো আমরা গণিত উত্সবের আঙিনায় একত্র হই, যার ছায়াতলে থেকে আমরা মিথ্যা, মুখস্থ ও মাদককে ‘না’ বলি। আমরা গণিত শিখি ও স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি সেদিনের, যেদিন বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন না হয়ে চ্যাম্পিয়ন হবে গণিতে। আদিবা তাবাসসুমসরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী।