গণিতের ভয় আজি হলো জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধন ঘোষণা করা হলো বেলুন উড়িয়ে। কিন্তু বেলুন তো ততক্ষণে গণিতের প্রেমে বাঁধা পড়ে গেছে। আর তাই খুদে গণিতবিদদের ছেড়ে যেতে নারাজ। গাছের মগডালে আটকা পড়ে বেলুন নিজেই জানান দিল তার সারা দিনের উপস্থিতির। উৎসবে আসা সবাই মজা করছিল তাই বিষয়টি নিয়ে। সিলেট উৎসবের চিত্র ছিল এমন। ঢাকার বাইরে এটিই ছিল আঞ্চলিক গণিত উৎসবের ২০১১ সালের সর্বশেষ আয়োজন।শুভকামনায় শুভ উদ্বোধনএবার আঞ্চলিক গণিত উৎসবের আসর বসেছে মোট ১৩টি অঞ্চলে। এর মধ্যে জমজমাট ও সবচেয়ে বড় আসরটি বসেছিল শিক্ষানগর রাজশাহীতে। এ যেন রাজশাহী, নওগাঁ, নাটোর আর চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩৮টি স্কুল-কলেজের এক হাজার ৫২ জন খুদে গণিতবিদের মিলনমেলা। একসঙ্গে এত বেশি শিক্ষার্থীর সমাগম ঢাকার বাইরে এর আগে গণিতের কোনো আঞ্চলিক আসরেই ঘটেনি। ২১ জানুয়ারি এই মিলনমেলা বসেছিল রাজশাহী কলেজিয়েট স্কুলের মাঠে। অন্যদিকে আঞ্চলিক গণিত উৎসবের ঢাকার বাইরের শেষ আসরটি বসেছিল সিলেটের কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ে, ২৫ জানুয়ারি মঙ্গলবারে। এই আসরে ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০ খুদে গণিতবিদ অংশ নিয়েছিল।রাজশাহীর আসরটি ছিল শুক্রবারে। ঘড়িতে তখন সকাল নয়টা ৩০ মিনিট। চার ক্যাটাগরির চার দলে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে আছে। সামনে গৌরবোজ্জ্বল জাতীয় পতাকা। পেছনে মূল মঞ্চে রাজশাহী বন্ধুসভার বন্ধুরা জাতীয় সংগীত গাইছেন, কণ্ঠ মেলাচ্ছেন সবাই। জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। আর সিলেটে জাতীয় পতাকা উত্তোলন করেন সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মো. হাশিম। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক এ বি এম মামুনুল কবির (রাজশাহীতে) এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু আহমদ সিদ্দিকী (সিলেটে)। জাতীয় গণিত অলিম্পিয়াডের পতাকা রাজশাহীতে উত্তোলন করেন রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা ড. নূর জাহান বেগম এবং সিলেটে কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম রব্বানী। এরপর নানা রঙের বেলুন উড়িয়ে উৎসবের শুভ উদ্বোধন করা হয়।ঢং ঢং ঢং ঘণ্টা বাজেমাঠের মধ্যে রাজশাহী বন্ধুসভার বন্ধু শুভ দৌড়াচ্ছেন। একজন ডাক দিলেন, ‘এই শুভ, এই! শোনো, শোনো।’ দৌড়াতে দৌড়াতে শুভ বললেন, ‘একটু, প্লিজ। আমি ঘণ্টা বাজিয়ে নিই। ঘণ্টায় ধ্বনি দিতে দারুণ মজা।’ শুভ মজা পেলেও খুদে গণিতবিদেরা তখন সমস্যায় পড়ে গেছে। সমস্যা কিছু নয়। সেরা হওয়ার লড়াইয়ে গণিতের কিছু সমস্যার সমাধান করতে বসেছে রাজশাহী ও সিলেটের খুদে গণিতবিদেরা। সোয়া ঘণ্টার লিখিত পরীক্ষা। দেখা যাক, কে কেমন গণিত পারে; কে পরবে কমলা রঙের টি-শার্ট। এই টি-শার্ট পাওয়া মানেই যে ঢাকায় জাতীয় উৎসবের টিকিট!শীত, নাকি নৃত্য আর সংগীত? পরীক্ষা শেষ। ফল বেরোতে কয়েক ঘণ্টা তো লাগবেই। তাই রাজশাহী ও সিলেট বন্ধুসভা নিয়ে এল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। কী বলব, হিমেল হাওয়া বইছে, নাকি গরম হাওয়া? নাচ, নাটিকা, আবৃত্তি আর গানের যে রসাল, প্রাণবন্ত আসর জমিয়েছে বন্ধুরা, শীতকে কে আর কেয়ার করে! গণিত উৎসব আয়োজনের উদ্দেশ্যও সেই রকম। প্রতিবছর উৎসবের আয়োজন করে শিক্ষার্থীদের গণিতভীতি জয় করা। ‘গণিত শো’!একে শো ছাড়া আর কী বলা যায়? হাতে মাইক্রোফোন নিয়ে মঞ্চে পায়চারী করছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। আর একের পর এক প্রশ্ন করে তাঁকে জর্জরিত করছে প্রশ্নের ডালা নিয়ে মঞ্চের সামনে বসা হাজারেরও বেশি খুদে গণিতবিদ। শূন্য কেন গোল? রোমান সংখ্যায় কেন শূন্য বলে কোনো অঙ্ক নেই? কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য মেলে, আবার শূন্য দিয়ে ভাগ করলে ফল মেলে না কেন? শূন্য থেকে মহাশূন্য—নানা ধরনের জিজ্ঞাসা জেগে ওঠে শিক্ষার্থীদের মনে। সেসব প্রশ্নের জবাব দেওয়ার জন্য মুনির হাসান রাজশাহীর মঞ্চে হাজির করেছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিন গণিতবিদ অধ্যাপক লুৎফুজ্জামান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধ্যাপক ইকবাল মতিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক আসাবুল হক এবং ফলিত গণিত বিভাগের সভাপতি শামসুল আলম সরকারকে। আর সিলেটের মঞ্চে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ইয়াসমিন হক, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সহযোগী অধ্যাপক শামসুন্নাহার বেগম, সহকারী অধ্যাপক চন্দ্রানী নাগ, কোষাধ্যক্ষ মো. ইলিয়াসউদ্দিন বিশ্বাস, গণিতবিদ খোদাদাদ খান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ। তা ছাড়া মুনির হাসান মঞ্চে লাফিয়ে লাফিয়ে যেভাবে ‘মাইনাসে মাইনাসে প্লাস’ শেখাচ্ছিলেন, যেন রীতিমতো এক লাইভ গণিত শো হচ্ছে! রাজশাহীর আসরে আকিমুদ্দিন গ্রন্থাগার থেকে অংশ নেওয়া ছয় শিক্ষার্থী পরেছিল বিশ্বকাপ-২০১১ লেখা সাদা টি-শার্ট। ‘আমরা বিশ্বকাপের আয়োজন করতে পেরেছি। কবে গণিতের বিশ্ব আসর এই দেশে বসবে?’ তাদের এই প্রশ্নের জবাবে মুনির হাসান বলেন, ‘আশা করি, আমরা ২০২০ সালের মধ্যে এ রকম একটি আয়োজন করতে পারব।’ ভালো প্রশ্ন করার জন্য শিক্ষার্থীদের উপহার হিসেবে দেওয়া হয় বই। প্রশ্নোত্তর পর্বের মাঝখানে উপস্থাপক শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলিয়ে নেন। সঙ্গে থাকে প্রতিদিন মাকে একবার খুশী করার অঙ্গীকার।শুধু চাকরি নয়, উদ্যোক্তা হইলেখাপড়া শেষ করে সোনার হরিণ চাকরির পেছনে ছুটে চলা নয়, নিজ উদ্যোগে বদলে যাও—সবাইকে এই আহ্বান জানালেন মুনির হাসান। উদ্যোক্তা হয়ে শুধু নিজের নয়, আরও অনেকের জীবনও বদলে দেওয়া যায়, সেটা স্পষ্ট করার জন্য মঞ্চে আমন্ত্রণ করা হয় রাজশাহীতে আরাফাত রুবেল নামের এক তরুণ উদ্যোক্তাকে। আর সিলেটের মঞ্চে উঠেছিলেন আবদুল মান্নান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে স্নাতক সম্পন্ন করা ২৮ বছরের এই তরুণ বললেন, ‘আমি এক দিনও চাকরি করিনি। চাকরির খোঁজও করিনি। নিজেই গড়ে তুলেছি আলমিরা আর্টস অ্যান্ড ফার্নিচার। আমার প্রতিষ্ঠানে আমি ১৩০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি।’ আর নিজ উদ্যোগে গড়া হামিদ অ্যান্ড সন্সের কর্ণধার আবদুল মান্নান বললেন, ‘আমার প্রতিষ্ঠানে আমি প্রায় ২০০ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি।’যদি লক্ষ্য থাকে অটুট‘আমরা করব জয় একদিন’—বন্ধুসভার বন্ধুদের সঙ্গে শিক্ষার্থীরা গেয়েছে ‘ম্যাথ উইল ওভারকাম টুডে’। এরপর ফল ঘোষণা করা হলো। প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলে রাজশাহী ও সিলেট থেকে মোট ১১৮ জনকে নির্বাচন করা হয় জাতীয় উৎসবের জন্য। সিলেটের চমক ছিল, এক বাড়ির তিন তালুকদারের বিজয়ী হওয়া। এরা হলো ঋতেশ্বর তালুকদার (ভাই), ঊর্মি তালুকদার (বোন) ও স্বাক্ষর তালুকদার (মামা)। তবে বাদ পড়াদের মন খারাপের কিছু নেই। বিনোদপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ইনজামামুল হক বলল, ‘এবার তো প্রথম। পরের বার দেখিয়ে দেব।’ হ্যাঁ, গণিতের ভয় জয় করার লক্ষ্য যদি অটুট থাকে, দেখিয়ে দেওয়া যাবে আগামী আসরে। দেখা হবে আবারও।