পৃথিবীর আকাশের রং বদলাতে হলে কী করতে হবে? হঠাৎ এমন প্রশ্ন ছুড়ে দিলেন মঞ্চে বসা দেশের বিশিষ্ট গণিতবিদ ও পদার্থবিদেরা। যাদের উদ্দেশে এই প্রশ্ন, তাদের অনেকেই এক মুহূর্ত সময় নষ্ট না করে একসঙ্গে গর্জে উঠল—বায়ুুমণ্ডলের গ্যাসের উপাদান পরিবর্তন করতে হবে। যারা উত্তর দিল, তারা ঢাকা ও এর আশপাশের কয়েকটি জেলার তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। তবে এর ব্যাখ্যাটা দিলেন মঞ্চের বিশিষ্টজনেরা। তাঁরা বললেন, আকাশের কোনো রং নেই। গ্যাসের স্তরের ওপর সূর্যের আলো বিচ্ছুরণের কারণে নীল রংটা ছড়িয়ে পড়ে। এ জন্য বায়ুমণ্ডলের গ্যাসের উপাদান ভিন্নতার কারণে পৃথিবীর আকাশ নীল আর মঙ্গল গ্রহের আকাশ লাল।‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার রাজধানীর বিসিএসআইআর উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের ঢাকা-১-এর আঞ্চলিক পর্ব। এই উৎসবের আয়োজন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল সাড়ে নয়টায় উৎসব শুরু হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তা শেষ হয় বেলা সাড়ে তিনটায়।আকাশের রং নিয়ে প্রশ্নই শেষ নয়। ততক্ষণে খুদে গণিতবিদেরা প্রশ্নবাণে জর্জরিত করে ফেলেছে বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের। বিগ ব্যাং আবার হবে কি না, কোয়ান্টাম থিওরি কিংবা গণিতের মাধ্যমে কি দুর্নীতি দূর করা সম্ভব—এমন অসংখ্য প্রশ্ন। উত্তরদাতারাও খুদে গণিতবিদদের প্রশ্নের উত্তর দিচ্ছেলেন আনন্দ নিয়ে।বাংলাদেশের বিশিষ্ট গণিতবিদ খোদাদাদ খান শিক্ষার্থীদের উদ্দেশে বললেন, ‘তোমরা গণিতকে ভালোবাসো, গণিতের যে যুক্তি ও নিয়ম আছে, তা মেনে চলো। তাহলে শুধু গণিত নয়, জীবনের সব ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে।’উৎসবের উদ্বোধন করে বিসিএসআইআরের চেয়ারম্যান এ আই মোস্তফা বললেন, ‘বাজার থেকে দপ্তর, শিক্ষা থেকে গবেষণা, জীবনের সব জায়গায়ই আছে গণিত।’বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি জামিলুর রেজা চৌধুরী বললেন, গণিত শেখার মধ্যে যে আনন্দ আছে, সেটা শিক্ষার্থীদের উপভোগ করতে হবে। উৎসবের পৃষ্ঠপোষক ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান বললেন, এখনকার শিক্ষার্থীদের আর গণিতভীতি থাকার কারণ দেখছি না। উদ্বোধনী পর্বের পর শুরু হয় পরীক্ষা। চার বিভাগে (প্রাথমিক, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি) বিভক্ত হয়ে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এতে অংশ নেয়। প্রত্যেক বিভাগে পরীক্ষায় মোট নম্বর ছিল ১০। ছাত্রছাত্রীরা সোয়া এক ঘণ্টায় ১০টি অঙ্কের সমাধান করার চেষ্টা করে। এরপর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, গাওয়া হয় গণিত উৎসবের গান। আর চলে শিক্ষার্থীদের করা নানা প্রশ্নের উত্তর দেওয়া। প্রশ্নোত্তর পর্ব শেষে শিক্ষার্থীরা অংশ নেয় রুবিক্স কিউব প্রতিযোগিতায়। মাত্র ৩০ সেকেন্ড সময়ে শিক্ষার্থীরা মিলিয়ে ফেলে এলোমেলো রুবিক্স কিউব।সমাপনী পর্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল বললেন, অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে ২০৫০ সালে বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম ক্ষমতাবান একটি রাষ্ট্র। তখন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এ দেশের মানুষের সাহায্য চাইবে। তিনি বলেন, ‘তোমরা তখন দেশের হাল ধরবে। ওদের সাহায্য করবে। কোনো অহংকার দেখাবে না।’বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ শিক্ষার্থীদের বলেন, চিন্তা করতে হবে। আগে চিন্তা না করে কাজ করলে তা ভালো হয় না। এ দেশের রাজনীতিবিদেরা আগে কাজ করেন, পরে চিন্তা করেন। প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দুর্নীতি দেশ থেকে একেবারে নির্মূল হবে না। তবে একে সহনীয় রাখতে আজকের প্রজন্মকে, শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। দিনব্যাপী উৎসবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর স্কুলের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী, গণিতবিদ লুৎফুজ্জামান, বুয়েটের অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী, বিজ্ঞানী এ আর খান, বিজ্ঞান লেখক রেজাউর রহমান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাম্মাদ আলী, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাবেদ মোর্শেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গোলাম মোস্তফা, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম প্রমুখ। উৎসবের সঞ্চালনা করেন গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান ও তামিম শাহরিয়ার। গণিত উৎসবে ঢাকা অঞ্চলের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা মহানগরের ১৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে চার বিভাগের ৮১ জনকে জাতীয় উৎসবের জন্য নির্বাচিত করা হয়। এদের প্রত্যেককে দেওয়া হয় মেডেল ও সনদ। উৎসবের চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হয়েছে ধানমন্ডির নালন্দা হাইস্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সৌম্যদীপ সান্যাল। প্রাথমিক শাখার এই শিক্ষার্থী মোট ১০ নম্বরের মধ্যে পেয়েছে সাড়ে নয়। সৌরভ জানাল, সে অঙ্ক করতে খুব ভালোবাসে। অঙ্কে তার কোনো ভয় নেই। রাজশাহী অঞ্চলের উৎসব পেছাল: ২৬ জানুয়ারি অনুষ্ঠেয় ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব’ রাজশাহী অঞ্চলের উৎসবের তারিখ অনিবার্য কারণে পরিবর্তন করা হয়েছে। ২৭ জানুয়ারি রোববার পূর্বনির্ধারিত শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে ও নির্ধারিত সময়ে এ উৎসব হবে।