‘গত বছর আমি এই উৎসবে এসেছি। ফিরে যাওয়ার পর থেকে চেষ্টা করি মাকে প্রতিদিন খুশি রাখতে। মা যা করতে বলেন তা করার চেষ্টা করি।’‘আমাদের স্কুলে আমাদের শ্রেণীকক্ষটি সুন্দর ছিল না। দেয়ালে অনেক ময়লা, বেঞ্চগুলো ভাঙা। আমরা চাঁদা তুলে সেই বেঞ্চগুলো মেরামত করিয়েছি। দেয়াল পরিষ্কার করে সেখানে গণিতের নানা বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিসহ অনেক পোস্টার লাগিয়ে আমাদের ক্লাসরুমটি সাজিয়েছি। আমাদের ইচ্ছে, আমরা পুরো স্কুলটাকে এভাবে বদলে দেব।’‘গত বছরের উত্সবের পর আমরা আমাদের স্কুলের বিজ্ঞান শিক্ষকদের কাছে দাবি করি যাতে আমাদের স্কুলের বিজ্ঞান ক্লাবটা চালু হয়। কিন্তু স্যারেরা বলেছেন, তাঁরা সময় দিতে পারবেন না। আমরা তখন ঠিক করেছি আমরা নিজেরাই এই ক্লাব চালাব। স্যাররা আর আপত্তি করেননি। এখন আমাদের স্কুলের বিজ্ঞান ক্লাবটি আবার চালু হয়েছে।’‘আমি দেখেছি, অনেকেই ইচ্ছে থাকার পরও গাছ লাগানোর জন্য চারা পায় না। আমি আমার বাসার সামনে এ রকম চারা তৈরি করছি এবং তা সবাইকে দিচ্ছি, যেন তা সবাই লাগাতে পারে।’‘আমরা আমাদের স্কুলের প্রধান শিক্ষককে রাজি করিয়েছি, এখন তিনি আমাদের সুযোগ দিয়েছেন যেন আমরা সপ্তাহে একদিন স্কুলঘর পরিষ্কার করি। আমরা এখন নিজেরাই আমাদের স্কুলটাকে পরিষ্কার রাখি।’‘আমি একদিন সন্ধ্যাবেলায় চিপস খেয়ে তার মোড়কটা জানালা দিয়ে ফেলার জন্য তৈরি হয়েছি। ঠিক তখনই আমার গণিত উত্সবের অঙ্গীকারের কথা মনে হয়েছে। এরপর আমি ঠোঙাটি বাসার ময়লার ঝুড়িতে ফেলেছি।’‘আমি যখনই কোনো মাদকাসক্তকে দেখি, যদি দেখি আমার কোনো বন্ধু বা পরিচিতজন মাদক নিচ্ছে বা সিগারেট ধরাচ্ছে তখন আমি তাদের নিষেধ করি আর স্যারদের কাছে তাদের নামের তালিকা দিয়ে দিই।’এ তালিকা আরও বড় করা যায়। ১৩ ফেব্রুয়ারি ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উত্সব ২০১০-এর শেষ দিনে এভাবে নিজেদের বদলের কথা শুনিয়েছে উত্সবে অংশ নেওয়া শিক্ষার্থীরা। তাদের কথা শুনতে শুনতে, তাদের হূদয়ের আকুলতা শুনে, আমরা যারা সেদিন উল্টো দিকে বসে ছিলাম, আমরা নতুন করে সাহস পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি। আমাদের শিক্ষার্থীরা কেবল গণিত শেখে না কিংবা কেবল স্বপ্ন দেখে না, তারা সেই স্বপ্নপূরণের কাজটিতেও নেমে পড়েছে।একই দিন, সুন্দরবন পর্বে মঞ্চে এসেছিল চট্টগ্রামের শিক্ষার্থী বিজয়। ২০০৭ সালে প্রথম আলো যখন প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে কক্সবাজার ও সুন্দরবনের জন্য প্রচারণা শুরু করে তখন বিজয় স্কুলে পড়ত। কিন্তু সে জানত দেশের বেশির ভাগ মানুষের ইন্টারনেট নেই, নেই ই-মেইল অ্যাকাউন্ট। তখন সে প্রস্তাব করে এলাকায় এলাকায় গিয়ে ই-মেইল তৈরি করা ও ভোট দেওয়ার ব্যবস্থা করতে। সেই থেকে আমরা দেখেছি, দেশের মানুষের প্রবল ইচ্ছাশক্তি সুন্দরবনকে এই লড়াইয়ে টিকিয়ে রেখেছে।গণিতে দক্ষতা বাড়ছেপ্রতিবছরই আঞ্চলিক ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের প্রশ্নের মান উন্নত করা হচ্ছে। তবে মজার ব্যাপার হচ্ছে প্রতিবছর যে হারে প্রশ্ন-প্রণেতারা এগোচ্ছেন, তার চেয়ে বেশি হারে এগোচ্ছে আমাদের শিক্ষার্থীরা। এ বছর সারা দেশে আঞ্চলিক অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড় বেড়েছে। বেড়েছে তাদের সমস্যা সমাধানের দক্ষতাও। গণিত অলিম্পিয়াডের প্রশ্ন কখনো কমন পড়ে না। সব জায়গায় ‘উদ্বিগ্ন’ অভিভাবকেরা আমাদের কাছে জানতে চান, ‘সিলেবাস কী, সাজেশন কোথায় পাব?’ আমরা হাসি। বলি, পুরোনো প্রশ্নগুলো দেখুন, সেখান থেকে একটা ধারণা পাওয়া যাবে। সে রকম একজন অভিভাবক জাতীয় উত্সবের পর আমাকে বললেন, ‘আমার ছেলেকে আমি পুরোনো সব সমস্যা করিয়েছিলাম। কিন্তু কোনো কমন তো পড়ল না!’ আমি তাঁকে বলেছি, গণিত অলিম্পিয়াডে কমন পড়ার ব্যাপার নেই। সন্তানের গাণিতিক যুক্তি ও গণিতজ্ঞানের পরিসর বাড়ানোর সুযোগ দিন, তাহলে ও সবই পারবে। গণিত অলিম্পিয়াডে প্রতিবছরই নতুন নতুন সমস্যা দেওয়া হয় সমাধানের জন্য। মূল্যায়নকারীদের সামনে কিছু মডেল সমাধানও থাকে। তবে প্রতিবছরই আমাদের চমকে দিয়ে অনেকেই অনেক নতুন সমাধান হাজির করে। ঢাকার এক শিক্ষার্থী বীজগণিতের একটি সমস্যার সমাধান করতে গিয়ে নতুন করে বাইনারি সার্চের অ্যালগরিদম (কম্পিউটার বিজ্ঞানের একটি বিষয়) আবিষ্কার (!) করেছে। জাতীয় উত্সবে জ্যামিতির সমাধানের নানা কৌশল দেখা গেছে। এবং প্রথমবারের মতো আমরা দেখেছি, আমাদের শিক্ষার্থীদের গণনার (কাউন্টিং) ক্ষমতাও বাড়ছে। আমাদের গণিত শিক্ষাক্রমের একটি বড় দিক হলো, যতটা জ্যামিতির জোর ততটা জোর নেই নম্বরতত্ত্ব বা কম্পিনেটরিক্সের। ফলে তাদের একটি সহজাত দুর্বলতা থাকে এই দুটি ক্ষেত্রে। সংখ্যা নিয়ে তাদের খেলা করার সুযোগ হয় কম। শেষ বেলায় শ্রদ্ধাভাজন জামিলুর রেজা চৌধুরী নিজের কথা বলতে গিয়ে তাদের পরামর্শ দিয়েছেন যেকোনো সংখ্যাকে উত্পাদকে বিশ্লেষণ করতে অথবা সেটিকে দুটি বর্গের বিয়োগফল হিসেবে প্রকাশ করতে। রামানুজনের গল্প বলে তিনি আমাদের খুদে গণিতবিদদের বলেছেন সংখ্যাকে ভালোবাসতে, যাতে তাদের গণিতে দক্ষতা বাড়ে।এসএসসি পরীক্ষা১১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থীরা এবারের জাতীয় উত্সবে যোগ দেয়নি। গত বছরও পারেনি। সামনের বছরগুলোতে পারবে বলেও মনে হয় না! অনেকে আমাদের বলেছেন উত্সবের তারিখ পরিবর্তনের জন্য। কিন্তু সেটা সম্ভব নয়। কারণ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের (বিডিএমও) ধারাবাহিকতায় আমাদের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য দল নির্বাচন করতে হয়। বিডিএমওর পর আরও তিনটি ধাপ রয়েছে আইএমওর দল নির্বাচনের—জাতীয় গণিত ক্যাম্প, এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াড এবং বর্ধিত গণিত ক্যাম্প। সবশেষে আবার নির্বাচিত সদস্যদের জন্য আইএমওর প্রস্তুতি ক্যাম্প। এর মধ্যে দল নির্বাচনের কাজ শেষ করতে হয় মধ্য এপ্রিলের মধ্যে। কারণ আইএমওর রেজিস্ট্রেশন। ফলে, মধ্য ফেব্রুয়ারির মধ্যে জাতীয় উত্সব আয়োজনের কোনো বিকল্প নেই। তবে, এটি খুবই গুরুত্বপূর্ণ যে এসএসসি পরীক্ষার্থীদের আইএমও দল নির্বাচন-প্রক্রিয়ার বাইরে রাখা হয় না। বিগত বছরের ফলাফল ও আঞ্চলিক অলিম্পিয়াডের ফলাফলের ভিত্তিতে যোগ্যদের ডাকা হয় বর্ধিত ক্যাম্পে। আরও নতুন আয়োজন গণিত অলিম্পিয়াডের পথ ধরে দেশে এখন আরও কয়েকটি অলিম্পিয়াড শুরু হয়েছে। ভবিষ্যতে আরও অলিম্পিয়াড ও প্রতিযোগ চালু হবে বলে আশা করা যায়। এবারের উত্সবে অভিভাবক ও শিক্ষার্থীরা তাদের জন্য কর্মশালা এবং প্রশিক্ষণ আয়োজনের জন্য আমাদের অনুরোধ করেছেন। আমরা এরই মধ্যে কিছু কাজ শুরু করেছি। এই পরিসর আমরা আরও বাড়াব। তবে, এ কাজে এগিয়ে আসতে হবে সবাইকে। সবার মিলিত চেষ্টায় কেবল একটি দেশকে বদলে দেওয়া যায়। আমরা এরই মধ্যে দেখেছি, অনেক প্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবকেরা নিজেদের শিক্ষার্থী ও সন্তানদের জন্য প্যারালাল ম্যাথ স্কুল, গণিত ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। খুলনায় অধ্যক্ষ হারুণ-অর-রশিদ স্যারের নেতৃত্বে গণিত ফোরাম খুলনা অঞ্চলের শিক্ষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করছে। সহযোগিতা পেলে দক্ষিণবঙ্গের ১৬টি জেলায় তারা তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে পারবে। শিক্ষার্থীদের জন্য আমাদের আনুষ্ঠানিক আয়োজন ‘সংখ্যা ভ্রমণ’-এর ব্যাপ্তি আমরা বাড়াব। এ ছাড়া দেশের যেকোনো স্থানে আরও যারা উদ্যোগ নিতে চান, তাঁদের জন্য আমাদের সহযোগিতার হাত প্রসারিত থাকবে সব সময়। বাংলাদেশ বদলে যাবেইআমরা আমাদের দেশে এক নষ্ট প্রজন্মকে দেখেছি, যারা দেশের অনেক ক্ষতি করেছে, দুর্নীতিতে দেশকে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন করেছে। কিন্তু এখন আমরা আমাদের একুশ শতকের প্রজন্মকে দেখছি, তারা গণিত করে, স্বপ্ন দেখে, সবার ওপরে দেশকে স্থান দেয়, বাংলা তাদের হূদয়ের মণিকোঠায়। তারা প্রতিদিন মাকে খুশি করে, নিজের স্কুল আর ঘর পরিষ্কার রাখে। মিথ্যা, মাদক ও মুখস্থ থেকে নিজেকে দূরে রাখে, নিজেকে দেশের সৈনিক হিসেবে গড়ে তোলে। গণিত আর বিজ্ঞানের শক্তিতে তারা নিজেদের বদলের সৈনিক হিসেবে গড়ে তুলছে।আগামী দিনে তারা আমাদের এই দেশটাকে পাল্টে দিয়ে একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলবেই।সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ।