গণিতের সঙ্গে আনন্দ ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএমও ২০১১-তে অন্য সব সময়ের মতো এবারও আকর্ষণীয় ব্যাপার ছিল ভ্রমণ। মূল প্রতিযোগিতার পরের তিন দিন ছিল ভ্রমণের জন্য নির্ধারিত। আমরা সবাই মিলে দ্বিতীয় দিনের পরীক্ষার পরই আমস্টারডামের এরিনায় এক সিনেমা হলে গিয়ে হ্যারি পটারের শেষ মুক্তিপ্রাপ্ত পর্বটি দেখে আসি। থ্রিডিতে প্রথম সিনেমা দেখার জন্য সবাই অনেক আনন্দিত ও উত্তেজিত ছিলাম। ২০ জুলাই ছিল আমাদের নৌভ্রমণের জন্য নির্ধারিত দিন। সকালবেলা নির্ধারিত বাসে করে নিয়ে যাওয়া হয় ছোট বন্দরনগর মনিকেডামে। সেখানে রাখা ছিল চারটি প্রমোদতরী। নৌভ্রমণের সবচেয়ে মজার অংশ ছিল, নৌকার ক্রুরা আমাদের সমুদ্রে নৌকা চালানোর কয়েকটি বিষয়ে জানান, যেমন—নৌকার পাল কীভাবে তুলতে হয়, কীভাবে নৌকার দিক ঠিক করে ইত্যাদি। নৌকা গিয়ে থামে ছোট বন্দর শহর ভলেনডামে। প্রায় এক ঘণ্টা নানা ভ্রমণবিরতির পর আবার ফিরতি নৌকায় উঠি। ফেরার পথে একটি জায়গায় নৌকা থামিয়ে নানা দেশের প্রতিযোগীরা পানিতে নেমে যায় সাঁতার কাটতে। আমাদের দলে কেউ সাঁতার না জানায় আমাদের অবশ্য দর্শক হয়েই থাকতে হয়েছিল। এবারের আইএমওতে প্রতিটি প্রতিযোগী দেশকে চারটি এক্সকারশনের মধ্য থেকে দুটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। আমরা নৌভ্রমণ ও হেগ শহর ভ্রমণ বেছে নিয়েছিলাম, তবে হেগ ভ্রমণে আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় আমরা হেগ শহরে যেতে পারিনি। তাই ২১ জুলাই আমরা সবাই মিলে আমস্টারডাম শহরে ঘুরে বেড়াই। ২২ জুলাই সকালে সব দেশের প্রতিযোগীদের নিয়ে যাওয়া হয় আমস্টারডামের বিখ্যাত ক্লাব আয়াক্সের স্টেডিয়ামে। স্টেডিয়ামে আমরা সেদিন তাদের খেলোয়াড়দের লিভিংরুম, ড্রেসিংরুম, ট্রফিরুম ঘুরে দেখি। সেখানে ফুটবল ম্যাচের ব্যবস্থা করা হয়েছিল। সেদিন বিকেলেই আমস্টারডাম শহরের খালগুলোয় ভ্রমণের ব্যবস্থা করা হয়। ভ্রমণ শেষে সবাইকে ম্যাপ দিয়ে বলা হয়েছিল, সন্ধ্যার দিকে নেমো সায়েন্স মিউজিয়ামে উপস্থিত হতে। মেপের পথ ধরে আমরা মিউজিয়ামে দেখা পাই। মিউজিয়ামে আমাদের বিজ্ঞানের নানা মৌলিক বিষয় হাতে-কলমে দেখানো হয়, যা একই সঙ্গে আনন্দদায়ক ও শিক্ষণীয়।