গণির বিরুদ্ধে চার হত্যা মামলা, ২৩টি জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসমান গণি কোনো রাজনৈতিক নেতা বা কর্মী নন। মিরপুর থানা আওয়ামী লীগের কমিটিতে তাঁর নাম নেই। তাঁর বিরুদ্ধে বরং চারটি হত্যাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। তার পরও রাজনৈতিক বিবেচনায় ব্যবসায়ী আফতাব হত্যা মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার ঘটনা রহস্যজনক। এতে ব্যবসায়ী মহল আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এ মন্তব্য আফতাব হত্যা মামলার বাদী ও মিরপুরের ব্যবসায়ী সমাজের।আলোচিত এই খুনের মামলাটি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ হিসেবে চিহ্নিত করে প্রথমে বাতিল করা হয়। প্রথম আলোতে এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার এক দিন পরই মামলাটি পুনরুজ্জীবিত করা হয়। তবে ১৯ আসামির মধ্যে এক নম্বর আসামি ওসমান গণিকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।এদিকে আফতাব হত্যা মামলার বাদী আফরোজউদ্দিন নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে গতকাল আবারও মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি বলেন, ওসমান গণির প্রভাবে মামলাটি প্রথমে প্রত্যাহার করা হয়। এ নিয়ে ২৯ নভেম্বর প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরদিন সরকার মামলাটি পুনরুজ্জীবিত করে। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। মামলার এক নম্বর আসামি ওসমান গণির নির্দেশে অন্য আসামিরা আফরোজউদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার জন্য বাসার আশপাশে মোটরসাইকেলে ঘোরাঘুরি করছে বলে জিডিতে উল্লেখ করা হয়।জিডিতে আরও বলা হয়, আফতাব খুন হওয়ার পর থেকে এজাহারভুক্ত আসামিরা মামলা তুলে নিতে বাদী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে মিরপুর ও শাহ আলী থানায় ২৩টি জিডি করা হয়।জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, ব্যবসায়ী আফরোজউদ্দিনের বাসার আশপাশে সাদা পোশাকে পুলিশ নজরদারি করছে।আফরোজ গতকাল প্রথম আলোকে বলেন, হত্যার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি মামলা থেকে কোনোভাবেই অব্যাহতি পেতে পারেন না। তিনি এই অন্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন।নিহত আফতাবের স্ত্রী জাহানারা বেগম বলেন, ‘ওসমানের কারণে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। ওসমানের সাজা হলে কিছুটা হলেও মনে শান্তি পেতাম। মূল পরিকল্পনাকারীকে অব্যাহতি দেওয়ায় পুরো মামলাই দুর্বল হয়ে যাবে। আমরা কোনো বিচারই পাব না।’মিরপুর ও পল্লবী থানায় খোঁজ নিয়ে জানা যায়, গণপূর্তের ঠিকাদার সাইফুল ইসলাম চন্দন (৪০), ওয়ার্ড কাউন্সিলর শওকত আলী মিস্টার ও ব্যবসায়ী আবুল বাশার ওরফে মালু হত্যাকাণ্ডে ওসমান গণির বিরুদ্ধে তিনটি মামলা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মিস্টার হত্যা মামলায় ওসমান গণিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিল। চন্দন হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দীও ছিলেন ওসমান গণি।মিস্টারের স্ত্রী মিরপুর ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুনু বেগম প্রথম আলোকে বলেন, এক আসামির স্বীকারোক্তির ভিত্তিতে ওসমান গণিকে অভিযুক্ত করে সিআইডি আদালতে অভিযোগপত্র জমা দেয়। তিনি জানান, ওসমান গণি সম্পর্কে এলাকায় নানা ধরনের অভিযোগ রয়েছে।এ ব্যাপারে মিরপুর থানার ওসি বলেন, তিনি এখানে যোগ দেওয়ার আগে ওসমানের বিরুদ্ধে এসব মামলা ও জিডি হয়েছিল।সাংসদ কামাল মজুমদার ওসমান গণিকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী দাবি করে মামলাটি প্রত্যাহারের সুপারিশ করলেও বাস্তবতা ভিন্ন। থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেনসহ মিরপুরের বেশ কয়েকজন নেতা ও ব্যবসায়ী জানান, ওসমান গণি আওয়ামী লীগের কোনো পর্যায়েরই নেতা বা কর্মী নন। এই বক্তব্যের সমর্থনে তাঁরা থানা আওয়ামী লীগের পুরো কমিটির তালিকা এই প্রতিবেদকের হাতে দেন। তালিকা ঘেঁটে ওসমান গণির নাম পাওয়া যায়নি।এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হয় ওসমান গণির সঙ্গে। কিন্তু তাঁকে পাওয়া যায়নি।