গত অর্থবছরে কর ফাঁকি ২১ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশে কর ফাঁকি বা আত্মসাতের পরিমাণ ২১ হাজার কোটি টাকা, যা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংগৃহীত আয়ের প্রায় এক-তৃতীয়াংশ এবং জাতীয় আয়ের প্রায় ২ দশমিক ৮ শতাংশ। এই ফাঁকি দেওয়া অর্থ সংগৃহীত হলে এনবিআরের অভ্যন্তরীণ রাজস্ব আয় বর্তমানের চেয়ে ৩৪ শতাংশ বৃদ্ধি করা সম্ভব হতো।গতকাল বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।কর ফাঁকি ও আত্মসাতের ছয়টি উপায় চিহ্নিত করেছে টিআইবি। এগুলো হলো—প্রকৃত আয় ও বেতন গোপন করা, আত্মীয়স্বজনের নামে প্লট, ফ্ল্যাট, ডিপিএস ও অন্যান্য বন্ড কেনা, করযোগ্য আয় গোপন করে ধার করে সম্পদ ক্রয় ও গঠন, বেতনের অংশবিশেষ করমুক্ত আয় হিসেবে দেখানো, বিদেশে অর্থ পাচার এবং কমসংখ্যক ‘ক্লায়েন্ট’ ও কম ফি প্রদর্শন। কালো টাকা সাদা করার বিধান পুরোপুরি বিলোপ করার সুপারিশ করেছে টিআইবি। টিআইবির প্রতিবেদনে আরও বলা হয়েছে, আমদানি করা পণ্যের চালানের মধ্যে ৭২ শতাংশ পণ্যছাড়ে ঘুষ দিতে হয়। আর কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিবন্ধন, কর অ্যাসেসমেন্ট ও সনদের জন্য গড়ে তিন হাজার ৪৭৭ টাকা ঘুষ দিতে হয়। গবেষণা প্রতিবেদনটি তৈরি করেন টিআইবির গবেষক এম জাকির হোসেন খান ও নীনা শামসুন নাহার। ২০০৭ সালের এপ্রিল থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত এ গবেষণায় প্রত্যক্ষ ও পরোক্ষ সূত্র থেকে সংগৃহীত আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) ও শুল্কসংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি ৭১৩ জনের ওপর জরিপ এবং ৫০ জন ব্যবসায়ীর সঙ্গে গোষ্ঠীবদ্ধ আলোচনা করা হয়।প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, আকবর আলি খান, এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, বর্তমান সদস্য ফরিদউদ্দিন, আমিনুর রহমান, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রমুখ। তবে আলোচকদের কেউ কেউ টিআইবির গবেষণার পদ্ধতি নিয়ে দ্বিমত পোষণ করেন। গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, ২৭ লাখ টিআইএনধারীর মধ্যে মাত্র নয় লাখ নিয়মিত বার্ষিক আয়কর বিবরণী দাখিল করেন। ৬২ শতাংশ টিআইএনধারী নিবন্ধন এবং কর মূল্যায়নের ক্ষেত্রে দুর্নীতি ও হয়রানির শিকার হয়েছেন। আইনজীবী ছাড়া কর অফিসের কর্মকর্তারা করদাতাদের সমস্যা সমাধানে আগ্রহী নন। এ ক্ষেত্রে ৭৮ শতাংশ করদাতা আইনজীবী নিয়োগ করেন। করদাতার অভিজ্ঞতার উদাহরণ দিয়ে টিআইবির গবেষণায় বলা হয়েছে, সাড়ে তিন হাজার টাকা কর দিলেও আইনজীবীকে প্রায় সাত হাজার টাকা ফি দিতে হয়েছিল। কর প্রণোদনা বা কর অবকাশ সুবিধার অপব্যবহারের উদাহরণ হিসেবে টিআইবি বলছে, একটি রিয়েল এস্টেট কোম্পানি ২০০৭-০৮ অর্থবছরে পাঁচ কোটি টাকা লাভ করে। কিন্তু মাত্র এক লাখ টাকা লাভ দেখায়। এনবিআরের কর্মকর্তাদের সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের একটি টাস্কফোর্স এনবিআরের একজন বোর্ড সদস্যের ব্যাংক হিসাবে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় সাড়ে তিন কোটি টাকা পায়। কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তায় ওই ব্যক্তিকে কোনো শাস্তির সম্মুখীন হতে হয়নি। এ ছাড়া একজন কমিশনার তাঁর প্রায় ২০ কোটি টাকার অবৈধ উপার্জনের বিপরীতে একজন সাবেক চেয়ারম্যানের সম্মতিতে ৫৩ লাখ টাকা কর দিয়ে কালো টাকা সাদা করেন। কিন্তু ওই কর্মকর্তাকে কোনো শাস্তির সম্মুখীন হতে হয়নি। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের নামে এনবিআরের কর্মকর্তাদের বিরুদ্ধে পুরস্কার-বাণিজ্য চলে বলেও অভিযোগ রয়েছে টিআইবির প্রতিবেদনে।প্রতিবেদন অনুযায়ী, একটি নামকরা বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিএসআই কোম্পানি, সিঅ্যান্ডএফ এজেন্ট ও কর সংগ্রহকারীর যোগসাজশে ২০০২-০৩ থেকে ২০০৬-০৭ অর্থবছরে প্রায় ১৮০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে। ওই কোম্পানি প্রতি মাসে ৩৫-৪০টি কনটেইনার পণ্য আমদানি করে। প্রতিটি পণ্যের প্রকৃত মূল্য ৩০-৪০ হাজার মার্কিন ডলার হলেও বাস্তবে ২২-২৫ হাজার ডলার দেখানো হয়। টিআইবির প্রতিবেদনের সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, কর-জিডিপি অনুপাত বৃদ্ধিতে নীতিনির্ধারকদের জবাবদিহির ঘাটতি রয়েছে। কালো টাকা সাদা করার ক্রমাগত সুযোগ থাকায় সৎ করদাতারা কর দিতে উৎসাহ পান না। করদাতাদের নানা উপায়ে হয়রানি করা হচ্ছে। এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি ও স্বচ্ছতায় এখনো উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। এ ছাড়া অটোমেশনের (স্বয়ংক্রিয় শুল্কায়ন পদ্ধতি) বাস্তব ফল দৃশ্যমান হয়নি।সাবেক দুই অর্থ উপদেষ্টার মত: এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, টিআইবির গবেষণা পদ্ধতিতে দুর্বলতা রয়েছে। মাত্র ৭১৩ জনের ওপর নমুনা জরিপ করা হয়েছে। অথচ দেশে লাখ লাখ করদাতা রয়েছে। কর ফাঁকির পরিমাণ নির্ণয়ের ফর্মুলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, এখানে মূল ভিত্তি হলো কালো টাকা। কিন্তু একটি দেশের কালো টাকার পরিমাণ নির্ধারণে নানা জটিলতা রয়েছে। তিনি বলেন, শুধু এনবিআর কর্মকর্তাদের কারণে কর ফাঁকি দেওয়া হচ্ছে, এটা ঠিক নয়। সাধারণ করদাতাদের মধ্যেও কর ফাঁকি দেওয়ার সহজাত প্রবণতা আছে। আবার এনবিআর কর্মকর্তারাও যেন মনে না করেন, করদাতাদের কারণে পুরো কর আদায় হয় না। পুরো করব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি। আকবর আলি খান বলেন, এনবিআর কর্মকর্তারা একধরনের বাঘের মতো। করদাতারা তাঁদের কাছে গেলে যেন ‘হালুুম’ করে ধরবে। এটা ভাবা ঠিক হবে না যে, কোনো কর কর্মকর্তা সরকারের রাজস্ব আদায় করবে অথচ কিছু অর্থ আত্মসাৎ করবে না। গবেষণা প্রতিবেদনটি সাক্ষাৎকারভিত্তিক বলে গবেষক বা শিক্ষাবিদদের কাছে গ্রহণযোগ্য হবে না বলে তিনি মত প্রকাশ করেন। তিনি গবেষণার ৩০-৪০ শতাংশ বিশ্লেষণের সঙ্গে একমত পোষণ করেন না বলেও জানান।এনবিআরের দুই সদস্যের বক্তব্য: এনবিআরের সদস্য ফরিদউদ্দিন বলেন, ‘টিআইবির গবেষণা প্রতিবেদন অনুযায়ী কীভাবে ২১ হাজার কোটি টাকা কর ফাঁকি কিংবা আত্মসাৎ করা হলো, তা পরিষ্কার নয়। আর এটা কতটা সঠিক, তা নিয়েও আমি সন্দিহান। এটা কর ফাঁকি নাকি অনুদ্ঘাটিত কর, সেটাও পরিষ্কার নয়। প্রতিবেদন তৈরির আগে এনবিআরের সঙ্গে আলোচনা করলে ভালো হতো।’এনবিআরের আরেক সদস্য আমিনুর রহমান বলেন, ‘প্রায় ১০-১১ লাখ টিআইএনধারী বার্ষিক আয়কর বিবরণী জমা দিচ্ছেন। এর মধ্যে মাত্র ২ শতাংশের নিরীক্ষা হচ্ছে। বাকি ৯৮ শতাংশের বার্ষিক বিবরণী বিনা বাক্যে মেনে নেওয়া হচ্ছে। এমন অবস্থায় ৭১৩ জনের ওপর জরিপ করে গবেষণায় পাওয়া ফলাফলের সঙ্গে আমি একমত নই।’এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান বলেন, এনবিআরসহ যেকোনো প্রতিষ্ঠানে সংস্কার করতে হলে সরকারের সদিচ্ছার প্রয়োজন। ভালো কিছু করতে হলে এনবিআর চেয়ারম্যানকে চাকরি ছেড়ে দিতে হবে নতুবা সমঝোতা করতে হবে। কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় রাজনৈতিক সমঝোতার কারণে সরকার অনৈতিক সুবিধা দিয়ে থাকে। তবে আইনে এ ধরনের কর ছাড় দেওয়ার সুযোগ নেই। টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান বলেন, ‘আমরা এনবিআরের সমালোচনা করছি না। দুর্নীতির প্রসঙ্গগুলো অবতারণা করছি। আমরা চাই, এনবিআরের মতো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী হোক। দেশের কোথাও সুশাসন নেই। এখন কীভাবে এনবিআরে সুশাসন আনা যায়, সেটাই বিবেচনায় আনতে হবে।’