গত অর্থবছরে সরকারের কর্মকাণ্ডে মন্ত্রিসভায় সন্তোষ
গত অর্থবছরে (২০০৯-১০) সরকারের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছে মন্ত্রিসভা। আজ রোববার গত অর্থবছরে সরকারের নেওয়া নানা কর্মকাণ্ডসংক্রান্ত প্রতিবেদন মন্ত্রিসভায় পেশ করা হলে এ সন্তোষ প্রকাশ করা হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। আবুল কালাম আজাদ জানান, গত বছরের ১ জুলাই থেকে এ বছরের ৩০ জুন পর্যন্ত সরকারের কর্মকাণ্ডসংক্রান্ত যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রী তাতে সন্তোষ প্রকাশ করেছেন। মন্ত্রিসভার সদস্যরাও এর সঙ্গে একমত পোষণ করেন। তিনি আরও বলেন, মন্ত্রিসভায় জানানো হয়, এ সময় কৃষি, শিক্ষাসহ বিভিন্ন খাতে অভূতপূর্ব উন্নতি হয়েছে। আগের বছরের তুলনায় এ সাফল্য অনেক বেশি। প্রেস সচিব আরও জানান, ওই অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার কোটি টাকা। আদায় হয়েছে ৬২ হাজার কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।