গত এক বছরে বাংলাদেশ নেতিবাচক পরিচয় থেকে বেরিয়ে এসেছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর গত এক বছরে বাংলাদেশ অতীতের নেতিবাচক পরিচয় থেকে বেরিয়ে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বিকেলে তাঁর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। প্রধানমন্ত্রী প্রথমে লিখিত বক্তব্য দেন। এ সময় তিনি গত এক বছরে সরকারের নানা সাফল্যের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী আবারও বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানান। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।টিপাইমুখ বাঁধ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর এমন কিছু ভারত করবে না বলে তাঁর এবারের সফরে সে দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং, অর্থমন্ত্রী প্রণব মুখার্জিসহ ঊর্ধ্বতন মন্ত্রীরা তাঁকে আশ্বস্ত করেছেন। অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বহুকাল ধরেই এ দেশে ভারতবিরোধী মনোভাব বিদ্যমান। এ মনোভাব চাইলেই দূর করা যাবে না । তবে এমন মনোভাব দূর করতে সরকার কোনো আনুষ্ঠানিক প্রচার চালাবে না বলেও তিনি জানান। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মানুষ দারিদ্র্যমুক্তভাবে ভালো জীবনযাপন করবে সেটাই তিনি চান। কারণ, এ অঞ্চলের প্রধান সমস্যা দারিদ্র্য। ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর ৪০ শতাংশ এবং মংলা বন্দরের মাত্র ১০ শতাংশ ব্যবহূত হয়। ভারতকে এ সুযোগ দিলে এ দুই বন্দরের ব্যবহার বাড়বে এবং এতে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে ।